দ্বিতীয় খণ্ড
প্রথম পরিচ্ছেদ
বিনা সম্বলে পথ চলিও না
র্ণাটিক পোত ৭ই নভেম্বর হংকং ছাড়িয়াছিল। মিঃ ফগ যে দুইটা কামরা ভাড়া লইয়াছিলেন তাহা শূন্যই গেল। প্রভাতে কর্ণাটিকের নাবিকগণ দেখিল, ডেকের উপর একজন আরোহী হতবুদ্ধি হইয়া বসিয়া আছে। তাহার পরিচ্ছদ অসংযত বিন্যস্ত। আরোহী আর কেহই নহে, আমাদের পূর্ব্বপরিচিত ফরাসীভৃত্য জিয়েন।
জিয়েন! সে কিরূপে কর্ণাটিক জাহাজে আসিল! জাহাজ যে দিন হংকং হইতে যাত্রা করে, সে ত সে দিন হংকংএর এক গুলির আড্ডার অচেতন অবস্থায় পড়িয়াছিল। সে কিরূপে নির্দ্দিষ্ট সময়ে জাহাজে আসিল।
কিরূপে আসিল বলিতেছি। ফিক্স গোয়েন্দা জিয়েনকে হতচেতন করিয়া রাখিয়া প্রস্থান করিবার পরই আড্ডার দুই জন ভৃত্য আসিয়া তাহাকে কক্ষতল হইতে তুলিয়া শয্যার উপর স্থাপিত করিল। তিন ঘণ্টা পর তাহার ঈষৎ জ্ঞান-সঞ্চার হইল। তাহার তখন আর কিছুই মনে পড়িল না—কেবল মনে পড়িল “কর্ণাটিক”। তখন প্রায় সন্ধ্যা হইয়াছে। সে টলিতে টলিতে গৃহ প্রাচীর ধরিয়া রাজপথে বাহির হইল এবং যেন