বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২২
৮০ দিনে ভূ-প্রদক্ষিণ

 নির্দ্দিষ্ট দিন প্রভাতে কর্ণাটিক আসিয়া বন্দরে লাগিল। জিয়েনকে আজ জাহাজ হইতে অবতরণ করিতে হইবে। সে প্রস্তুত হইল। সে দিন আর আহার মিলিবে কি না কে জানে। জিয়েন তাই জাহাজেই যথাশক্তি আহার করিয়া তীরে নামিল। নামিয়াই দেখিল সম্মুখে সুবিস্তৃত রাজপথ। রাজপথে কত দেশের নরনারী ভ্রমণ করিতেছে। লক্ষ্যহীন জিয়েন একটী রাজপথ বহিয়া সম্মুখে অগ্রসর হইল।

 সে স্থির করিল অন্য কোন উপায় নিতান্তই করিতে না পারিলে, ইংরাজ কিংবা ফরাসী কন্‌সালের নিকট তাহার অবস্থা জানাইবে। তাঁহারা হয়ত কিছু একটা উপায় করিয়াই দিবেন। কিন্তু স্বাবলম্বন সর্ব্বাপেক্ষা উৎকৃষ্ট ও বরেণ্য বলিয়া জিয়েন বিপদের মধ্যেও স্বাবলম্বন-ব্রত গ্রহণ করিল।

 ইয়োকোহামার সাহেব-পল্লী ভ্রমণ করিয়া সে জাপানীপল্লীতে প্রবেশ করিয়া দেখিল, দেবদারু ও ফার্ বৃক্ষের কি মনোরম কুঞ্জবন, অতি দীর্ঘ সিডার বৃক্ষবেষ্টিত কি বিরাট বৌদ্ধমন্দির। সুদীর্ঘ ও পরিচ্ছন্ন রাজপথে সুন্দর সুন্দর বালক বালিকারা যেন জাপানী শিল্পীর এক একটা মনোহর চিত্র। কেহ বা পুত্তলিকা লইয়া, কেহ বা লাঙ্গুলহীন পীতবর্ণ মার্জ্জারশিশুর সহিত ক্রীড়ায় মত্ত। কোথাও কোন পুরোহিত, কোথাও কোন পুলিশ, কোথাও কোন রাজকর্ম্মচারী আপন আপন পদোচিত পরিচ্ছদে বিভূষিত হইয়া ক্ষিপ্রচরণে গন্তব্য স্থানে গমন করিয়াছে। তাহাদিগের নয়নে ও বদনে সুখ ও স্বাচ্ছন্দ্য ফুটিয়া বাহির হইয়াছে। কোন স্থানে বীর যোদ্ধৃপুরুষগণ অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া ঐক্যতান-বাদ্যের তালে তালে পদবিন্যাসপূর্ব্বক অগ্রসর হইয়াছে। দেখিতে কি সুন্দর! তপনকিরণে তাহাদিগের কিরীট ও কৃপাণ, বর্ম্ম ও চর্ম্ম ঝক্ ঝক্ করিতেছে। কোথাও শিবিকা, কোথাও দোলা, কোন স্থানে বা কতকগুলি শকট