চতুর্থ পরিচ্ছেদ
আমেরিকার সভা
কাদশ দিবস পরে ‘জেনেরাল গ্রাণ্ট’ সান্ফ্রান্সিস্কোর সুবর্ণদ্বারে আসিয়া লাগিল। প্রভাতে মিঃ ফগ আমেরিকার তীরে পদার্পণ করিলেন, নামিয়াই শুনিলেন নিউইয়র্কের ট্রেণ সন্ধ্যার সময় ছাড়িবে। তাঁহারা একটা পান্থনিবাসে গমন করিলেন।
সান্ফ্রান্সিস্কোর সুপ্রশস্ত রাজপথ, সুবিস্তৃত উদ্যান, উচ্চ সৌধমালা, অগণিত ধর্ম্মমন্দির সকল, রাজপ্রাসাদতুল্য গুদাম ঘর, অসংখ্য শকট, অগণিত ওম্নিবাস্ এবং নিয়ত ভ্রাম্যমাণ ট্রামগাড়ী প্রভৃতি জিয়েনকে লণ্ডনের কথা স্মরণ করাইয়া দিল। কে এখন বলিবে যে এই স্থানেই একদিন নরশোণিতলোলুপ দস্যু দিগের পধান কেন্দ্র ছিল। কে বলিবে যে গৃহদাহকারী হিতাহিত জ্ঞানশূন্য লুণ্ঠনকারী নরপিশাচের দল এক হস্তে পিস্তল এবং অপর হস্তে সুশাণিত ছুরি লইয়া একদিন এখানে নির্ভয়ে বিচরণ করিত। তাহাদিগকে বাধা দিবার কেহ ছিল না, ধৃত করিবার কেহ ছিল না—তাহাদিগের সম্মুখে পড়িলে মুক্তি লাভেরও উপায় ছিল না!
সান্ফ্রান্সিস্কো এখন বাণিজ্য-কেন্দ্র। আমেরিকা, ইউরোপ, চীন, ভারতবর্ষ প্রভৃতি কত দেশের লোক সান্ফ্রান্সিস্কোতে বাস করিতেছে। রাজপথ সর্ব্বদা কোলাহল-চঞ্চল—নাগরিকগণ সর্ব্বদা কর্ম্মে ব্যস্ত।
মিঃ ফগ যে পান্থশালায় উঠিলেন তাহা বেশ পরিচ্ছন্ন। সেখানে কোনো