বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮০ দিনে ভূ-প্রদক্ষিণ

বলিলেই হয়। তিনি জানিতেন, জীবনে সংঘর্ষের অবধি নাই। সংঘর্ষেই শক্তির ক্ষয়। তিনি তাই কাহারও সহিত সংঘর্ষে আসিতেন না।

 জিয়েন পাসে পার্ত্তুত্ লোকটিও ছিল বেশ। মুখখানি স্নেহ-কোমল, উজ্জ্বল নীল নয়নদ্বয়, স্থূল দেহে সুদৃঢ় মাংসপেশী, সবল শরীর। লক্ষ্যহীন যৌবনকাল নানা স্থানে অতিবাহিত করিয়া সে ক্লান্ত হইয়াছিল। তাই দুই দণ্ডের আরামের জন্য দুই দিন শান্তিতে কাটাবার মানসে সে ফিলিয়াস্ ফগের দ্বারে আসিয়া দণ্ডায়মান হইল। জিয়েন তাহার নবীন প্রভুকে তুষ্ট করিতে পারিবে কি না, কে বলিতে পারে?

 জিয়েন তাহার ঘর-কন্না দেখিয়া লইতে লাগিল। সে দেখিল, যেখানে যেটি থাকা উচিত, এ গৃহে ঠিক তাহাই আছে। গৃহের কোন বিলাসিতার চিহ্নমাত্রও নাই, অথচ কোন অভাবও নাই। জিয়েন মনে মনে বড় প্রীত হইল। সে দেখিল, প্রভুর সজ্জাকক্ষে পরিচ্ছদাদির অভাব নাই। সেগুলি সুচারুরূপে সজ্জিত রহিয়াছে। প্রত্যেক কোট, প্রতি ওয়েষ্টকোট, প্রত্যেক প্যাণ্টালুন, এমন কি, জুতার পর্য্যন্ত এক একটা নম্বর আছে। একখানি খাতায় তাহাদের তালিকা। কবে কোন্‌টি ব্যবহার করা হইল, কতদিন বাহিরে থাকিল, কবে উহা পুনরায় সজ্জাকক্ষে রক্ষিত হইল, তাহা পর্য্যন্ত খাতায় লেখা রহিয়াছে! দেখিতে দেখিতে সে ভৃত্যদিগের থাকিবার কক্ষে যাইয়া উপস্থিত হইল। সে কক্ষটিও বেশ বাসোপযোগী। কক্ষের এক প্রান্তে টেলিফোন এবং বৈদ্যুতিক ঘণ্টা আছে। আগুন জ্বালিবার চিমনীর আলিশায় একটি বৈদ্যুতিক ঘড়ি টক্ টক্ করিয়া চলিতেছে। প্রভুর শয়নকক্ষের ঘড়ি ও এই ঘড়িতে ঠিক একই সময় রাখিতেছে। ঘড়ির শিরোদেশে একখণ্ড কাগজে ভৃত্যের দৈনিক করণীয় কার্য্যগুলির তালিকা রহিয়াছে। জিয়েন সেই তালিকা পাঠ করিতে লাগিল—আট্‌টা বাক্তিরা ২৩ মিনিটের সময়