ফিক্স কর্ণেলের সঙ্গে সর্ব্বাগ্রে যুঝিতে চাহিলেন। জিয়েন কহিল, “আদেশ মাত্রেই আমি গাড়ীর জানালা দিয়া কর্ণেলকে মাঠের মধ্যে ফেলে দিতে পারি।”
কিন্তু মিঃ ফগ কিছুতেই শুনিলেন না—কোন বাধাই মানিলেন না। তিনি গাড়ী হইতে অবতরণ করিলেন। কর্ণেলও তাঁহার অনুসরণ করিলেন। ট্রেণ তখন একটা ষ্টেশনের নিকট দাঁড়াইয়াছিল।
প্ল্যাটফরমের উপর নামিয়া মিঃ ফগ বিনীত ভাবে বলিলেন “দেখুন মহাশয়, তাড়াতাড়ি ইউরোপে ফিরে যাওয়া আমার বিশেষ দরকার। এখানে দেরি হলে আমার অত্যন্ত স্বার্থহানি হ’বার সম্ভাবনা।”
কর্ণেল কহিলেন, “তাতে আমার কি?”
মিঃ ফগ পূর্ব্ববৎ বিনয়নম্র বচনে কহিলেন, “সানফ্রান্সিস্কোতে আপনার সঙ্গে কলহ হ’বার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার ইংলণ্ডের কাজ শেষ হ’লেই আমি আপনার সন্ধানে আবার আমেরিকায় আসবো।”
“বটে? তাই না কি?”
“আজ থেকে ছ’মাস পর আপনার সঙ্গে দেখা হ’বে কি?”
“ছ’মাসে আর কাজ কি! তবে ছ’বছরই বলুন না!”
“আমি ছ’মাসের কথাই বলছি। ছ’মাস পর আমি ঠিক নির্দ্দিষ্ট স্থানে উপস্থিত হ’ব।”
কর্ণেল চীৎকার করিয়া কহিলেন, “এ কি বাতুলতা! হয় এখনই, না হয় বোঝা গেল আর কখনো হবে না।”
“তাই হ’বে। আপনি কি নিউইয়র্কে যাচ্ছেন?”
“না!”
“সিকাগোতে?”
“না।”