বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সপ্তম পরিচ্ছেদ—কর্ত্তব্যপালন
১৬৩

থামিয়া গেল। আহত ড্রাইভারের ইতিমধ্যে জ্ঞানসঞ্চার হইয়াছিল। সে তখন সকল অবস্থা বুঝিতে পারিল। বিপদ্ তুচ্ছজ্ঞান করিয়া সে পুনরায় অগ্নি প্রজ্বালিত করিল এবং বিচ্ছিন্ন ট্রেণখানির সন্ধানলাভের আশায় পুনরায় বিপরীত দিকে আসিতে লাগিল। এত অধিক তুষারপাত হইতেছিল যে, সামান্য কয়েক হস্ত মাত্র দূরেই আর কিছু দেখা যাইতেছিল না। ফোর্ট কিয়ার্ণি ষ্টেশন অতিক্রম করিয়া চলিয়া না যায় ড্রাইভার এইজন্য ঘন ঘন বংশীধ্বনি করিতেছিল।

 এঞ্জিন আসিতে দেখিয়া যাত্রীরা পুলকিত হইল। যখন বিযুক্ত ট্রেণ পুনরায় এঞ্জিনের সহিত সংযুক্ত হইল, তখন আউদা গার্ডকে বলিলেন;—

 “গাড়ী কখন্ ছাড়বে?”

 “এখনই।”

 “কিন্তু বন্দীরা—আমার হতভাগ্য সঙ্গীরা—”

 “তা বলে ত আমি বসে’ থাকতে পারি না। আমি ৩ ঘণ্টা পিছিয়ে পড়েছি।”

 “সান্‌ফ্রান্সিস্‌কো থেকে আবার কখন্ গাড়ী আস্‌বে?”

 “কাল সন্ধ্যার সময়।”

 “তা হলে ত বড় দেরি হবে দেখছি আপনি কি থাকতে পারবেন না?”

 “অসম্ভব! যদি যেতে হয় তবে আসুন, আর বিলম্ব করবেন না।”

 “আমি যাব না!”

 আহত আরোহিগণ সকলেই গাড়ীতে উঠিয়া বসিল। ট্রেন ছাড়িয়া গেল।

 ইতিপূর্ব্বেই যখন ট্রেণ পাইবার কোন সম্ভাবনাই ছিল না, মিঃ ফিক্স তখন দস্যুকে ধরিবার সকল আশা ত্যাগ করিয়া ট্রেণ পাইলেই চলিয়া যাইবেন স্থির করিয়াছিলেন। কিন্তু সত্য সত্যই যখন যাইবার সুযোগ