ধূম্র বিনির্গত হইয়া দিঙ্মণ্ডল আচ্ছন্ন করিতেছিল। মিঃ ফগ একখানি তরণী যোগে জাহাজে যাইয়া উঠিলেন।
কাপ্তান জাহাজেই ছিলেন। মিঃ ফগ তাঁহার সহিত সাক্ষাৎ করিয়া জিজ্ঞাসা করিলেন,—
“আপনি কি কাপ্তান?”
“হাঁ—আমি কাপ্তান।”
“আমার নাম ফিলিয়াস্ ফগ। আমার বাড়ী লণ্ডনে।”
“আমার নাম আন্দ্রু সিপার্ডি। আমার বাড়ী কার্ডিফে।”
“আপনি বুঝি এখনই জাহাজ ছাড়ছেন?”
“এক ঘণ্টার মধ্যেই ছাড়ব।”
“কোথায় যাচ্ছেন?”
“বোর্ভোঁতে।”
“কি বোঝাই নিয়েছেন?”
“জাহাজ খালি।”
“কোন যাত্রী আছে কি?”
“আমি যাত্রী লই না। তারা সর্ব্বদাই বিরক্ত করে!”
“আপনার জাহাজ কি বেশ দ্রুত চলে?”
“ঘণ্টায় ১৩।১৪ মাইল যায়। হেন্রিয়েটা জাহাজের নাম এ অঞ্চলে সকলেই জানে।”
“আপনি কি অনুগ্রহ করে আমাকে আর আমার তিনটী বন্ধুকে লিভারপুল নিয়ে যেতে পারবেন?”
বিদ্রূপের সুরে কাপ্তান কহিলেন—
“লিভারপুল! আমি যে যাচ্ছি বোর্ভোঁ। বলুন না কেন একদম চীন দেশেই নিয়ে যাই!”