বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

একাদশ পরিচ্ছেদ

বিনা মেঘে বজ্রাঘাত

ইন্‌স্ টাউন বন্দরে আমেরিকার ডাক নামিত। একখানা অতি দ্রুতগামী ট্রেণে সেই ডাক ডব্‌লিন নগরে প্রেরিত হইত। ডব্‌লিনে ডাক লইবার জন্য লিভারপুলের ষ্টীমার প্রস্তুতই থাকিত। মিঃ ফগ হিসাব করিয়া দেখিলেন, সেই পথে গেলে তিনি নির্দ্দিষ্ট কালের দ্বাদশ ঘণ্টা পূর্ব্বেই লিভারপুলে যাইতে পারিবেন, এবং অনায়াসে আটটা পঁয়তাল্লিশ মিনিটের সময় লণ্ডনে পৌঁছিবেন।

 রাত্রি একটার সময় হেন্‌রিয়েটা কুইন্‌স্‌টাউন বন্দরে নোঙ্গর করিল। মিঃ ফগ কাল বিলম্ব না করিয়া ট্রেণে উঠিলেন এবং পরদিন বেলা এগারটা চল্লিশ মিনিটের সময় লিভারপুলে উপনীত হইলেন।

 লিভারপুল হইতে লণ্ডন ছয় ঘণ্টার পথ। ট্রেণেরও অভাব ছিল না। মিঃ ফগ বুঝিলেন, বিজয় সুনিশ্চিত। জিয়েন আনন্দে নৃত্য করিয়া উঠিল। গোয়েন্দা ফিক্স সেই সময়ে মিঃ ফগের স্কন্ধে হস্ত স্থাপন করিয়া কহিলেন—

 “সত্যই কি আপনার নাম ফিলিয়াস্ ফগ?”

 “হাঁ।”