ত্রয়োদশ পরিচ্ছেদ
“আমি এসেছি”
তেরই ডিসেম্বর যখন এডিনবরা নগরে ইংলণ্ডের ব্যাঙ্কদস্যু ধৃত হইল, তখন পুনরায় একটা হৈ চৈ পড়িয়া গেল। তিন দিন পূর্ব্বেই মিঃ ফগের নাম কলঙ্কমলিন হইয়াছিল। তিনি একজন সাধারণ দস্যু বলিয়া সর্ব্বত্র পরিচিত হইয়াছিলেন। মুহূর্ত্তে সে কলঙ্ক-লেখা বিলুপ্ত হইয়া গেল। তখন আবার ফিলিয়াসের নাম লোকের মুখে মুখে ফিরিতে লাগিল। ফিলিয়াসের পৃথিবী পর্য্যটনের উপর পুনরায় বাজি ধরা আরম্ভ হইল। সকল সংবাদপত্রেই নিয়মিতরূপে তাঁহার সম্বন্ধে আলোচনা হইতে লাগিল।
সংস্কার সমিতির সদস্যগণ বিশেষ উদ্বিগ্ন হইয়া কাল কাটাইতেছিলেন। মিঃ ফগ কি আর প্রত্যাবর্ত্তন করিবেন? কৈ তাঁহার ত কোন সংবাদই পাওয়া যায় না। তাঁহার যাত্রাপথের সকল স্থানেই ত টেলিগ্রাফের বন্দোবস্ত আছে। তিনি ইচ্ছা করিলেই ত তারে সংবাদ দিতে পারিতেন। তবে বুঝি তিনি ৮০ দিনে পৃথিবী-পর্য্যটনের চেষ্টা ত্যাগ করিয়া থাকিবেন! এমন অসম্ভব ব্যাপার কখনও সম্ভব হইবে না বুঝিতে পারিয়া তিনি হয় ত সাধারণ পর্য্যটকের ন্যায় ধীরে ধীরে দেশ ভ্রমণ করিয়া বেড়াইতেছেন!