বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২
৮০ দিনে ভূ-প্রদক্ষিণ

পৃথিবী ছোট হয়েই গেল। এই জন্যই এখন চোরের সন্ধান সকালে সকালে হবে। সে পালাবে কেমন ক’রে?”

 ফগ কহিলেন, “মিঃ ষ্টুয়ার্ট! খেলুন, এবার আপনার পালা।”

 ষ্টুয়ার্টের তখন খেলার দিকে মন ছিল না। তিনি কহিলেন, “মিঃ রাল্‌ফ, এখন তিন মাসে পৃথ্বী ভ্রমণ সম্ভব ব’লেই কি পৃথিবীটা এতই ছোট হয়েছে যে, আপনি নিশ্চিন্ত হ’য়ে বসে আছেন?”

 বাধা দিয়া ফগ বলিলেন, “তিন মাসে নয়—৮০ দিনে!” জন্ সলিভান কহিলেন “এ কথা ঠিক। রোটাস্ থেকে এলাহাবাদ পর্য্যন্ত গ্রেট ইণ্ডিয়ান পেনিন্‌সুলার রেলপথ খুলেছে। এখন ৮০ দিনেই পৃথিবী পর্য্যটন করা যায়। এই দেখুন না, “মর্নিং ক্রণিকেলে” লিখেছে—

 মন্‌ট সেনিস্ এবং ব্রিন্দিসি দিয়া রেল ও ষ্টীমারে

লণ্ডন হইতে সুয়েজ বন্দর ... ... ৭ দিন
ষ্টীমারে সুয়েজ হইতে বোম্বাই ... ... ১৩ দিন
রেলে বোম্বাই হইতে কলিকাতা ... ... ৩ দিন
ষ্টীমারে কলিকাতা হইতে হংকং ... ... ১৩ দিন
ষ্টীমারে হংকং হইতে ইয়োকোহামা ... ... ৬ দিন
ষ্টীমারে ইয়োকোহামা হইতে সান্‌ফ্রান্সিস্‌স্কো ... ... ২২ দিন
রেলে সান্‌ফ্রান্সিস্‌কো হইতে নিউইয়র্ক ... ... ৭ দিন
রেল ও ষ্টিমারে নিউইয়র্ক হইতে লণ্ডন ... ... ৯ দিন

মোট ৮০ দিন

 দিনের হিসাব করিতে করিতে খেলার কথা বিস্মৃত হইয়া মিঃ ষ্টুয়ার্ট একখানি ভুল তাস খেলিয়া বলিলেন, “হাঁ ৮০ দিনই বটে! কিন্তু ঝড়-তুফান, জাহাজডুবি, রেল-সংঘর্ষ, মুখোড় বাতাস এ সব ত আর ও হিসাবে, ধরা নাই।”