আসিয়া উপস্থিত হইল। তখন তাহার পরিচ্ছদ ছিন্ন, মস্তক অনাবৃত, চরণদ্বয় নগ্ন। প্রভুর জন্য সে যে সকল দ্রব্যাদি ক্রয় করিয়াছিল, সেগুলি পর্য্যন্ত সে গোলমালে হারাইয়া ফেলিয়াছিল। ফিক্স গোয়েন্দা তখন ষ্টেশনের প্লাটফর্ম্মে ফিলিয়াস্ ফগের অনতিদূরে অলক্ষিতে অপেক্ষা করিতেছিলেন। তিনি জিয়েনের অবস্থান্তর দেখিয়া রিস্মিত হইলেন। জিয়েন তাহার দুর্দ্দশার কাহিনী সংক্ষেপে মিঃ ফগের নিকট বর্ণনা করিল। মিঃ ফগ যেমন শান্তভাবে গাড়ীতে উঠিতেছিলেন, তেমনি উঠিতে উঠিতে বলিলেন, “ভরসা করি, এমন কাজ আর কখনো কর্বে না।” টুপীহীন পাদুকাবিহীন হতবুদ্ধি জিয়েন আর দ্বিরুক্তি না করিয়া গাড়ীতে উঠিয়া বসিল।
ফিক্স গোয়েন্দাও দস্যুর পশ্চাদ্ধাবন করিবার জন্য সেই ট্রেণেই যাইবেন স্থির করিয়াছিলেন, কিন্তু জিয়েনের কাহিনী শুনিয়া ক্ষান্ত হইলেন—ভাবিলেন, দেখা যাক্ কি হয়। বাঁশী বাজিল। বোম্বাই মেল কলিকাতা অভিমুখে যাত্রা করিল।