বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬২
৮০ দিনে ভূ-প্রদক্ষিণ

করিবেন। কিউনি কি তাঁহার সঙ্গেই যাইবে? না—সম্ভব নয়। হাতীর দাম এবং সঙ্গে লইবার ব্যয় যে অনেক টাকা হইবে। বোধ হয় বিক্রয় করিবেন। কিনিবে কে? আমার ত মনে হয় কিউনির যেরূপ শ্রম হচ্ছে, তাতে একে মুক্তিই দিবেন। আর যদি আমাকেই বখ্‌শিস স্বরূপ দিয়ে ফেলেন? তা হ’লে ত বড় মুস্কিলেই পড়বো দেখছি!”

 তখন প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে। বিন্ধ্যপর্ব্বতের কতকগুলি দুরারোহ উৎরাই অতিক্রম করিয়া হস্তী আসিয়া একটী ভগ্ন জীর্ণ গৃহের সম্মুখে দণ্ডায়মান হইল। তাঁহারা হিসাব করিয়া দেখিলেন, অর্দ্ধেক পথ মাত্র আসিয়াছেন। রজনী অন্ধকার ও অপেক্ষাকৃত শীতল। পার্শী মাহুত যে অগ্নিকুণ্ড প্রজ্বালিত করিয়াছিল, তাহারই চতুর্দ্দিকে বসিয়া সকলে নৈশ ভোজন শেষ করিলেন।

 জিয়েন ব্যতীত সকলেরই বেশ সুনিদ্রা হইয়াছিল। ক্কচিৎ বন্য পশুপক্ষীর চিৎকারধ্বনি রজনীর নিস্তব্ধতা ভঙ্গ করিতে লাগিল, কিন্তু যাত্রীদিগের কোন অসুবিধা করিল না। সমস্ত দিন হস্তিপৃষ্ঠে দুলিয়া দুলিয়া, পড়ি—পড়ি—পড়িলাম করিয়া পথ চলিয়া জিয়েন রাত্রিতেও স্বপ্নঘোরে সেই রূপই করিতে লাগিল—তাহার আদৌ নিদ্রা হইল না। সার ফ্রান্সিস্ যোদ্ধৃপুরুষ। সমর-প্রাঙ্গণে পরিশ্রান্ত সৈনিকের ন্যায়ই বিশ্রাম করিতে লাগিলেন। আর ফিলিয়াস্ ফগ? তিনি নির্ব্বিকার চিত্ত, সর্ব্বসময়ে সকল অবস্থায় অবিচলিত। তিনি নিতান্ত নিশ্চিন্তচিত্তে নিদ্রার ক্রোড়ে আশ্রয় লইলেন—যেন তাঁহার সেভিল্‌রোর গৃহে আপন কক্ষমধ্যেই সুখ-শয্যায় শায়িত রহিয়াছেন!

 প্রভাত ছয়টা বাজিল। পুনরায় তাঁহারা করিপৃষ্ঠে আরোহণ করিলেন। মাহুত কহিল, “সন্ধ্যার মধ্যেই এলাহাবাদ পৌঁছানো যাবে।”