বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৪
৮০ দিনে ভূ-প্রদক্ষিণ

জিয়েন গত ২০শে অক্টোবর বোম্বাইয়ের অন্তর্গত মালাবার শৈলস্থিত মন্দিরে প্রবেশ করিয়া উহা অপবিত্র করিয়াছে। সে এই অপরাধ স্বীকারও করিতেছে। দণ্ডস্বরূপ তাহার একমাস কারাবাস ও সাড়ে চারি সহস্র মুদ্রা অর্থদণ্ড হইল।”

 একান্ত বিহ্বল হইয়া জিয়েন বলিয়া উঠিল, “সাড়ে চার হাজার!” চীৎকার করিয়া চাপরাশী কহিল, “চুপ্ চুপ্―।” হাকিম রায় পাঠ করিতে লাগিলেন―

 “যদিও দেখা যাইতেছে যে দণ্ডিত ভৃত্যের প্রভু কোন ক্রমেই এই ধর্ম্মবিগর্হিত কার্য্যের সহিত সংশ্লিষ্ট ছিলেন না, কিন্তু যখন ভৃত্যের অপরাধের জন্য তাহার প্রভুও সম্পূর্ণরূপে দায়ী, তখন তাঁহার প্রতি এক সপ্তাহের কারাবাস ও ১২৫০ টাকা অর্থদণ্ডের আদেশ হইল। ২ নম্বর মোকদ্দমা ডাক।”

 কক্ষ প্রান্তে বসিয়া গোয়েন্দা ফিক্স আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলেন। ফিলিয়াস্ ফগ ত কলিকাতায় অস্ততঃ সপ্তাহকালের জন্য অবরুদ্ধ হইলেন! ইহার মধ্যেই বিলাত হইতে গ্রেপ্তারী পরোয়ানা আসিয়া পৌঁছিবে। জিয়েন নিজের নির্ব্বুদ্ধিতার জন্য অদৃষ্টকে ধিক্কার দিতে দিতে কহিল, “হায় হায় আমি কি করলেম! আমার জন্যই প্রভুর সর্ব্বনাশ হ’লো!” কিন্তু ফিলিয়াস্ ফগ একেবারে অবিচলিত রহিলেন—যেন কিছুই ঘটে নাই! তিনি দৃঢ়স্বরে ম্যাজিষ্ট্রেটকে জানাইলেন, “আমি জামিন চাই।”

 “তা পেতে পারেন। এক একজন ১৫ হাজার টাকা। এখানে কেউ আপনাদের চেনে না। কাজেই বেশী জামিন না হলে চলবে না।”

 ফিক্স গোয়েন্দার বুকের ভিতর ধড়ফড় করিতেছিল। কি হয়,