বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৮
৮০ দিনে ভূ-প্রদক্ষিণ

জিয়েন তাহার প্রভুকে সকল কথা বলিয়া দেয়! তবেই ত আমার সকল শ্রম পণ্ড হইল! না—নিতান্ত দায়ে না ঠেকিলে কোন কথা প্রকাশ করা হইবে না।’

 ‘মিঃ ফগের সঙ্গিনীটীই বা কে? আগে ত ইহাকে দেখি নাই। বোম্বাই হইতে কলিকাতার পথে ইনি জুটিয়াছেন বলিয়া বোধ হয়। স্ত্রীলোকটী সুন্দরী বটে। বুঝি ইঁহার জন্যই মিঃ ফগ টাকা চুরি করিয়া পলাইতেছেন! এখন ঠিক বুঝিয়াছি। টাকা চুরি করিয়া এই স্ত্রীলোকটীকে লইয়া মিঃ ফগ দেশত্যাগী হইতেছেন।’

 ‘স্ত্রীলোকটী কি বিবাহিতা? তা’ হউক বা না হউক, আমার তাহাতে কিছু আসিয়া যায় না। মিঃ ফগ যে ইঁহাকে হরণ করিয়া লইয়া যাইতেছেন, ইহাতে ত আর সন্দেহ নাই। এই ত বেশ সুযোগ জুটিয়াছে! রমণী-অপহরণের জন্য মিঃ ফগকে আটকাই না কেন!’

 ‘কি বিপদ্! রেঙ্গুন জাহাজ যে আবার একদম হংকং যাইবে। মিঃ ফগ যেমন জাহাজ হইতে জাহাজে, রেল হইতে রেলে, ঝম্পপ্রদান করিতে করিতে চলিয়াছেন, হংকংএ কি তিনি বেশী বিলম্ব করিবেন? ভরসা ত হয় না।’

 ‘এক কাজ করা যাউক। সিঙ্গাপুর হইতে হংকংএর পুলিশকে তারে খবর পাঠাই। তাহারা প্রস্তুত থাকিলেই যেমন জাহাজ হংকংএ যাইবে, অমনি মিঃ ফগ ধৃত হইবেন। কিন্তু আগে জিয়েনকে ‘ধাপ্পা’ দিয়া ভিতরের সংবাদটা নিতেই হইতেছে।’

 এইরূপ চিন্তা করিতে করিতে ফিক্স গোয়েন্দা জাহাজের ডেকের উপর আসিয়া দেখিলেন জিয়েন তথায় পাদচারণ করিতেছে। তাহাকে দেখিবামাত্রই গোয়েন্দা বিশেষ আগ্রহ প্রকাশ করিয়া সম্মুখে যাইয়া কহিলেন, “এ কি, রেঙ্গুন জাহাজে তুমি যে?”