বিষয়বস্তুতে চলুন

পাতা:৮০ দিনে ভূপ্রদক্ষিণ - রাজেন্দ্রলাল আচার্য.pdf/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চদশ পরিচ্ছেদ—গোয়েন্দার চিন্তা
৮৯

 “মিঃ ফিক্স! আপনিও যে দেখছি এখানে! সেই বোম্বাইতে আপনার সঙ্গে ছাড়াছাড়ি হয়েছিল―না? আপনিও কি পৃথ্বী-পর্য্যটনে বেরিয়েছেন না কি?”

 “না—ও সব খেয়াল আমার নাই। আমি কিছুদিন হংকং এ থাক্‌বো ভাবছি।”

 “ও তাই না কি! আপনাকে ত এতদিন ডেকের উপর দেখতে পাইনি। সেই কবে আমরা কলিকাতা ছেড়েছি—”

 “আমার একটু অসুখ হয়েছিল তাই বাহিরে আসিনি। কি জান, এই বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর এ দু’টো আমার সয় না। তা যাক্। তোমার মনিব কেমন আছেন?”

 “তিনি ভালই আছেন। ঠিক্ ঠাক্ সময় মত তাঁর সব কাজ হয়ে যাচ্ছে। মিঃ ফিক্স, আপনি বোধ হয় জানেন না যে এখন আমাদের সঙ্গে একটী মহিলা আছেন।”

 গোয়েন্দা আত্মগোপন করিয়া কহিলেন, “মহিলা? সুন্দরী যুবতী! কৈ না? অনেকদিন তোমাদের সঙ্গে দেখা নাই, আমি আর কেমন করে’ জান্‌ব বল।”

 জিয়েন তখন গোয়েন্দার নিকট আদ্যোপান্ত সমস্ত বর্ণনা করিতে লাগিল। মালাবার মন্দিরে তাহার দুর্দ্দশা, খোল্‌বিতে হস্তী ক্রয়, পিল্লাজির মন্দিরে সতীদাহ, কলিকাতার বিচারশালায় বিচার ও দণ্ড—এ সমস্তই সে গোয়েন্দা ফিক্সের নিকট একে একে বর্ণনা করিল। ফিক্স গোয়েন্দা ইহার কতক কতক ভালই জানিতেন। তথাপি অজ্ঞতার ভাণ করিয়া বিশেষ মনোযোগের সহিত সমস্ত শুনিলেন এবং মধ্যে মধ্যে সহানুভূতি দেখাইয়া করিলেন,―

 “মিঃ ফগ কি এখন এই মহিলাটীকে ইউরোপে নিয়ে যাবেন না কি?”