বিষয়বস্তুতে চলুন

পাতা:‘পার্টিসন’-প্রহেলিকা - চন্দ্রনাথ বসু (১৯০৬).pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
‘পার্টিসন’-প্রহেলিকা।

সেদিন বঙ্গের ব্যবস্থাপক সভায় জে চৌধুরী মহাশয় জিজ্ঞাসা করিতে চাহিয়াছিলেন, বঙ্গের শাসনভার যে একজন ছোট লাটের পক্ষে দুর্ব্বহ গবর্ণমেণ্ট তাহা কত দিন বুঝিয়াছেন। কিন্তু একথা তাঁহাকে জিজ্ঞাসা করিতে দেওয়া হয় নাই। এইরূপ লুকোছাপা ভাব দেখিলে সকলেরই মনে—ইংরাজ বাঙ্গালী প্রভৃতি সকলেরই মনে সকল দেশেই সন্দেহ হয়। সুতরাং পার্টিসন ব্যাপারটা বুঝিতে না পারায় এবং পার্টিসনের অভিপ্রায় সম্বন্ধে সন্দিহান হওয়ায় গরীব বাঙ্গালীর যে কোন অপরাধ হইয়াছে তাহা কি গবর্ণমেণ্ট কি অপর কেহ বলিতে পারেন কি? আর পার্টিসনটা বুঝিতে না পারিয়া এবং তৎসম্বন্ধে সন্দিহান হইবার জন্য বাঙ্গালী যে এখনও তাহার বিরুদ্ধে আন্দোলন করিতেছে এবং ঘোর অসন্তুষ্ট, তাহাতেই বা বাঙ্গালীর কি অপরাধ, গবর্ণমেণ্ট বা অপর কেহ অনুগ্রহ করিয়া তাহা বুঝাইয়া দিবেন কি? ফল কথা, গবর্ণমেণ্টের ভাবভঙ্গি দেখিয়া বাঙ্গালীর দৃঢ় ধারণা হইয়াছে যে তাঁহারা ইচ্ছা করিয়াই পার্টিসনের প্রকৃত কথাগুলা প্রজাকে জানিতে দিলেন না, ইচ্ছা করিয়াই পার্টিসন ব্যাপারটা প্রজার নিকট পূর্ণ প্রহেলিকা বৎ রাখিয়া দিলেন। বাঙ্গালীর এই ধারণা অমূলক অসঙ্গত বা অযৌক্তিক হইয়াছে, কি গবর্ণমেণ্ট কি অপর কেহ এমন কথা বলিতে পারেন কি?

পার্টিসনে ধনবৃদ্ধি।

 শাসনসৌকর্য্যার্থ পার্টিসন আবশ্যক, গবর্ণমেণ্টের এ কথা আমরা ভাল বুঝিলাম না। একটী গবর্ণমেণ্টের পরিবর্ত্তে দুইটী গবর্ণমেণ্ট হইলে কোথাও কোন বিষয়ে কিছু উন্নতি উৎকর্ষ বা সংস্কার হওয়া, বিশেষতঃ প্রথম প্রথম কিছু দিন, অসম্ভব নয়, হইবেও বোধ হয়। কিন্তু দুইটী গবর্ণমেণ্ট করিয়া আমাদের যে ব্যয়াধিক্য ঘটান হইল তদ্বিবেচনায় ঐরূপ একটু আধটু উন্নতি বা উৎকর্ষ গরীব বাঙ্গালীর বড় কষ্টলব্ধ মনে হইবে।