‘পার্টিসন’-প্রহেলিকা।
পার্টিসন হয় নাই কি?
আমরা বলিতেছি, বঙ্গের পার্টিসন (বিভাগ) হইয়াছে; রাজপুরুষেরা বলিতেছেন, হয় নাই। ঢাকার বক্তৃতায় লর্ড কর্জ্জন বলিয়াছিলেন—‘The subject, however, that is chiefly filling your minds is evidently that of the so called partition of Bengal, although that is not exactly the phrase that I should employ.’। অর্থাৎ বঙ্গ সম্বন্ধে লর্ড কর্জ্জন যাহা করিবার প্রস্তাব করিয়াছিলেন, তাহাকে পার্টিসন বলিলে তাঁহার মতে ঠিক কথা বলা হয় না। কেন ঠিক কথা বলা হয় না, তিনি বুঝাইয়া দেন নাই। বঙ্গবিভাগের পর সে দিন বিলাতের এক সভায় বঙ্গের বিভাগ সম্বন্ধে আলোচনা হইয়াছিল। সেই সভার সভাপতি ভারতের ভূতপূর্ব্ব ইষ্টেট সেক্রেটরী লর্ড জর্জ হামিল্টন বলিয়াছিলেন যে বঙ্গ সম্বন্ধে যাহা করা হইয়াছে তাহাকে পার্টিসন শব্দে অভিহিত করিলে লোককে ভুল বুঝান হয়, কারণ বঙ্গের পার্টিসন করা হয় নাই, বঙ্গে কেবল একপ্রস্ত কর্ম্মচারীর পরিবর্ত্তে দুইপ্রস্ত কর্ম্মচারীর ব্যবস্থা করা হইয়াছে। পার্টিসন শব্দ কেন ঠিক নয়, লর্ড কর্জ্জন তাহা বুঝান নাই, কিন্তু লর্ড জর্জ হামিল্টন বুঝাইয়াছিলেন। তিনি বলিয়াছিলেন যে পোলাণ্ড দেশকে তিন ভাগ করিয়া ঐ তিনটীভাগ যেমন তিনটী ভিন্ন ভিন্ন রাজ্যের সহিত সংযুক্ত করিয়া দেওয়া হইয়াছিল, বঙ্গ সম্বন্ধে যখন তেমন কিছু করা হয় নাই, তখন বঙ্গের নূতন ব্যবস্থাকে বঙ্গের পার্টিসন