এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
যেদিন ফুটল কমন কিছুই জানি নাই
আমি ছিলাম অন্যমনে।
আমার সাজিয়ে সাজি তারে আনি নাই
সে যে রইল সঙ্গোপনে।
মাঝে মাঝে হিয়া আকুলপ্রায়
স্বপন দেখে চম্কে উঠে চায়,
মন্দমধুর গন্ধ আসে হায়
কোথায় দখিন সমীরণে।
ওগো সেই সুগন্ধে ফিরায় উদাসীয়া
আমার দেশে দেশান্তে,
যেন সন্ধানে তার উঠে নিশ্বাসিয়া
ভুবন নবীন বসন্তে।
কে জানিত দূরে ত নেই সে
আমার সে আমারি সেই যে,
এ মাধুরী ফুটেছে হায় রে
আমার হৃদয় উপবনে।