পাপের শহরে/নিশানা
অবয়ব
(পৃ. ৩৯)
নিশানা
বন্দের মাঝখানে ছাতিমগাছটা
ঝিলিক দ্বীপের মধ্যে পাহারাদার হয়ে
খাড়াইয়া থাকে, ফসলের জীবন দেখে।
কামলারা দলে দলে এইখানে জিরায়
আর ভোগ করে মরিচের জীবনানন্দ।
গামছা বিছাইয়া গরমের কালে
তবনে জড়ানো ভাত আলস্যে খুলে
গিলতে গিলতে দুপুরবেলা কাটে।
আঁজলা ভরা পানিতে চুমুক দেওয়ার
পরে বিড়িটানা সময়ের সাক্ষী এই গাছ।
বন্দের নিশানা হয় এইসব গাছ,
গাছের নিশানায় থাকে কামলা মানুষ।
আচমকা পানিতে বন্দ ডুইবা যাওয়ার পর
কূলকিনারা নাই জলরাশির শাসনে
এই গাছ নিশানা হয় হাওরের নামে।
জগতের সকল বিষয়,
নিশানা দিয়াই চিনতে হয়।