বিষয়বস্তুতে চলুন

পাপের শহরে/বাউল জন্মের গান

উইকিসংকলন থেকে

বাউল জন্মের গান

জন্মেছিলাম বাউল হইয়া
তুমি হইলা একতারা,
সুরের পাখি উইড়া গেল
তুমি আমার ঘরছাড়া।
ঘরের মধ্যে ইন্দুর ছিল
গর্তে গর্তে ভিত্তি নাড়া,
মাটির কুটির ছিন্নভিন্ন
অসংসারী দিশাহারা।
কেমন করে মানুষ হব
বাউল জন্মের নাড়ি ছাড়া?
মনের মানুষ উদাস হয়ে
দিব্যি এখন সর্বহারা।