বিষয়বস্তুতে চলুন

পাপের শহরে/হাওরে বৈশাখ

উইকিসংকলন থেকে

হাওরে বৈশাখ

চৈতের পরে আসবে সোনা রং ধান-
এই নিয়ম হাওরের কালে আবহমান।
আইল রাজা আইল চায়া দেখে খাড়া
হয়ে আছে সারি সারি হিজার চেহারা।
বৈশাখ আসার পরে শোধ হবে দাদন,
আবুদুবের শরীরে উঠবে নয়া পিরান।
ঘরের ভেতরে স্বপ্ন রাইখা উদাসী জীবন
চুকরায় রাখবে মাছ, পানিতে দিবে ভাসান।
বৈশাখে নয়া পানিতে আল্লোয়ারা হবে
থুড়ি আর কুচের নিশানায় রাত থেমে যাবে—
এই রকম কথা থাকলেও ডাইকা উঠে মরণ,
অসময়ে ঢল আইসা উল্টায়া দেয় প্রথার জীবন।
হাওরে বৈশাখ আসে ফসলহানির সংবাদে
বণিক মাইনষের দল ডাকে সাময়িক প্রতিবাদে।
ঢল আসে ধুইয়া দিতে গিরস্তের যৌথ বিমা,
ঢল আসে ধুইয়া দিতে বাঁধের আমলনামা।
ঢল আসে ধুইয়া দিতে সবুজ ক্ষেতের ধান,
ঢল আসে ধুইয়া দিতে প্রতিশ্রুতির জীবন।
হাওরে জল-বৈশাখ আসে গরুর দুঃসংবাদ হয়ে
হাওরে জল-বৈশাখ আসে ধানের দুঃস্বপ্ন হয়ে;
রাজনীতি বাতাসের সাথে গায় হাহাকার গান,
চোরের কমিটির পাপে কান্দে শূন্য জীবন-প্রাণ।