ফণি-মনসা/বাঙ্লায় মহাত্মা
অবয়ব
(পৃ. ২০)
বাঙ্লায় মহাত্মা
(গান)
আজ না-চাওয়া পথ দিয়ে কে এলে,
ঐ কংস-কারার দ্বার ঠেলে।
আজ শব-শ্মশানে শিব নাচে ঐ ফুল ফুটানো পা ফেলে॥
আজ প্রেম-দ্বারকায় ডেকেছে বান
মরুভূমে জাগ্ল তুফান
দিগ্বিদিকে উপ্চে পড়ে প্রাণ রে!
তুমি জীবন-দুলাল সব লালে-লাল করলে প্রাণের রং ঢেলে॥
ঐ শ্রাবস্তি-ঢল আস্ল নেমে
আজ ভারতের জেরুজালেমে
মুক্তি-পাগল এই প্রেমিকের প্রেমে রে!
ওরে আজ নদীয়ার শ্যাম নিকুঞ্জে রক্ষ-অরি রাম খেলে॥
ঐ চরকা-চাকায় ঘর্ঘরঘর্
শুনি কাহার আসার খবর,
ঢেউ-দোলাতে দোলে সপ্ত সাগর রে!
ঐ পথের ধূলা ঢেকেছে আজ সপ্ত কোটী প্রাণ মেলে॥
আজ জাত বিজাতের বিভেদ ঘুচি,
এক হ’ল ভাই বামুন মুচি
প্রেম-গঙ্গায় সবাই হ’ল শুচি রে!
আয় এই যমুনায় ঝাঁপ দিবি কে বন্দেমাতরম্ বলে’—
ওরে সব মায়ায় আগুন জ্বেলে॥
হুগলি |