বিষয়বস্তুতে চলুন

ফণি-মনসা/সাবধানী ঘণ্টা

উইকিসংকলন থেকে
​

সাবধানী ঘণ্টা

রক্তে আমার লেগেছে আবার সর্ব্বনাশের নেশা।
রুধির-নদীর পার হ’তে ঐ ডাকে বিপ্লব-হ্রেষা!
বন্ধুগো, সখা, আজি এই নব জয়-যাত্রার আগে
দ্বেষ-পঙ্কিল হিয়া হ’তে তব শ্বেত পঙ্কজ মাগে
বন্ধু তোমার; দাও দাদা দাও তব রূপ-মসী ছানি’
অঞ্জলি ভরি শুধু কুৎসিৎ কদর্য্যতার গ্লানি!
তোমার নীচতা, ভীরুতা তোমার, তোমার মনের কালি
উদ্গার সখা বন্ধুর শিরে; তব বুক হোক খালি!
সুদূর বন্ধু, দূষিত দৃষ্টি দূর কর, চাহ ফিরে,
শয়তানে আজ পেয়েছে তোমায়, সে যে পাঁক ঢালে শিরে!
চিরদিন তুমি যাহাদের মুখে মারিয়াছ ঘৃণা-ঢেলা,
যে ভোগানন্দ দাসেদেবে গালি হানিয়াছ দুই বেলা,
আজ তাহাদেরি বিনামার তলে আসিয়াছ তুমি নামি!
বাঁদরেরে তুমি ঘৃণা ক’রে ভালোবাসিয়াছ বাদ্‌রামী!
হে অস্ত্র-গুরু! আজি মম বুকে বাজে শুধু এই ব্যথা,
পাণ্ডবে দিয়া জয়-কেতু, হ’লে কুক্কুর-কুরু-নেতা!
ভোগ-নরকের নারকীর দ্বারে হইয়াছ তুমি দ্বারী,
হারামানন্দে হেরেমে ঢুকেছ হায় হে ব্রহ্মচারী!
তোমার কৃষ্ণ রূপ-সরসীতে ফুটেছে কমল কত,
সে কমল ঘিরি নেচেছে মরাল কত সহস্র শত,—
কোথা সে দীঘির উচ্ছ্বল জল, কোথা সে কমল রাঙা,
হেরি শুধু কাদা, শুকায়েছে জল, সরসীর বাঁধ ভাঙা!

​

সেই কাদা মাখি চোখে মুখে তুমি সাজিয়াছ ছি ছি সং,
বাঁদর নাচের ভালুক হয়েছ, হেসে মরি দেখে ঢং!
অন্ধকারের বিবর ছাড়িয়া বাহিরিয়া এস দাদা,
হের আরশীতে—বাঁদরের বেদে করেছে তোমায় খ্যাঁদা!
মিত্র সাজিয়া শত্রু তোমারে ফেলেছে নরকে টানি,
ঘৃণার তিলক পরাল তোমারে স্তাবকের শয়তানী!
যাহারা তোমারে বাসিয়াছে ভালো করিয়াছে পূজা নিতি,
তাহাদের হানে অতি লজ্জার ব্যথা আজ তব স্মৃতি।
নপুংসক্ ঐ শিখণ্ডী আজ রথের সারথী তব,—
হানো বীর তবু বিদ্রূপ বাণ, সব বুক পেতে লব
ভীষ্মের সম; যদি তাহে শর-শয়নের বর লভি’,
তুমি যত বল আমিই সে রণে জিতিব অস্ত্র-কবি!
তুমি জান, তুমি সম্মুখ রণে পারিবে না পরাজিতে,
আমি তব কাল যশোরাহু সদা শঙ্কা তোমার চিতে, .
রক্ত-অসির কৃষ্ণ মসীর যে কোনো যুদ্ধে, ভাই,
তুমি নিজে জান তুমি অশক্ত, করিয়াছ সুরু তাই
চোরা-বাণ ছোঁড়া বেল্লিকপনা বিনামা আড়ালে থাকি’
ন্যাক্কার-আনা নপুংসকেরে রথ-সম্মুখে রাখি।
হের সখা আজ চারিদিক হ’তে ধিক্কার অবিরত
ছি ছি বিষ ঢালি জ্বালায় তোমার পুরানো প্রদাহ-ক্ষত!
আমারে যে সবে বাসিয়াছে ভালো, মোর অপরাধ নহে!
কালীয়-দমন উদিয়াছে মোর বেদনার কালীদহে—
তাহার দাহ ত তোমারে দহেনি, দহেছে যাদের মুখ
তাহারা নাচুক জ্বলুনীর চোটে। তুমি পাও কোন্ মুখ
দগ্ধ-মুখ সে রাম-সেনাদলে নাচিয়া হে সেনাপতি!
শিব সুন্দর সত্য তোমার লভিল একি এ গতি?
যদিই অসতী হয় বাণী মোর, কালের পরশুরাম
কঠোর কুঠারে নাশিবে তাহারে, তুমি কেন বদ্‌নাম

​

কিনিছ বন্ধু, কেন এত তব হিয়া দগ্‌দগী জ্বালা?—
হোলীর রাজা কে সাজাল তোমারে পরায়ে বিনামা মালা?
তোমার গোপন দুর্ব্বলতারে, ছি ছি, ক’রে মসীময়
প্রকাশিলে, সখা, এইখানে তব অতি বড় পরাজয়!
তুমি ভিড়িওনা গো-ভাগাড়ে-পড়া চিল শকুনের দলে,
শতদল-দলে তুমি যে মরাল শ্বেত-সায়রের জলে।
উঠ সখা, বীর, ঈর্ষ্যা-পঙ্ক-শয়ন ছাড়িয়া পুনঃ,
নিন্দার নহ, নান্দীর তুমি, উঠিতেছে বাণী শুন!
উঠ সখা, উঠ, লহ গো সালাম, বেঁধে দাও হাতে রাখী,
ঐ হের শিরে চক্কর মারে বিপ্লব-বাজপাখী!
অন্ধ হয়ো না, বেত্র ছাড়িয়া নেত্র মেলিয়া চাহ—
ঘনায় আকাশে অসন্তোষের নিদারুণ বারিবাহ।
দোতালায় বসি উতলা হয়োনা শুনি বিদ্রোহ-বাণী,
এ নহে কবির, এ কাঁদন ওঠে নিখিল-মর্ম্ম ছানি!
বিদ্রূপ করি উড়াইবে এই বিদ্রোহ-তেঁতো জ্বালা?
সুরের তোমরা, কি করিবে তবু হবে কান ঝালা পালা
অসুরের ভীম অসি-ঝনঝনে, বড় অশোয়াস্তি-কর!
বন্ধু গো এত ভয় কেন? আছে তোমার আকাশ-ঘর!
অর্গল এঁটে সেথা হ’তে তুমি দাও অনর্গল গালি,
গোপীনাথ ম’ল? সত্য কি? মাঝে মাঝে দেখো তুলি জালি!
বরেন ঘোষের দ্বীপান্তর আর মির্জ্জাপুরের বোমা,
লাল বাংলার হুম্‌কানী,—ছি ছি এত অসত্য ওমা
কেমন ক’রে যে রটায় এ সব ঝুটা বিদ্রোহী দল!
সখী গো আমায় ধর ধর! মাগো কত জানে এরা ছল!
সইলো আমার কাতুকুতু-ভাব হয়েছে যে, ঢ’লে পড়ি!
আঁচলে জড়ায়ে পা চলে না গো, হাত হ’তে পড়ে ছড়ি!
শ্রমিকের গাঁতি, বিপ্লব বোমা, আ ম’লো তোমরা মর!
যত সব বাজে বাজখাই সুর, মেছুনী-বৃত্তি ধর!

​

যারা করে বাজে দুখভোগ ত্যাগ, আর রাজরোষে মরে,
ঐ বোকাদের ইতর, ভাষায় গালি দাও খুব ক’রে!
এই ইত্‌রামী বাঁদ্‌রামি-আর্ট্ আষ্টেপিষ্ঠে বেঁধে
হন্যে কুকুর পেট পাল আর হাউ হাউ মর কেঁদে!
এই নোংরামী ক’রে দিন্‌রাত বল আর্টের জয়!
আর্ট মানে শুধু বাঁদ্‌রামী আর মুখ ভ্যাঙ্চানো কয়!


আপনার নাক কেটে দাদা এই পরের যাত্রা ভাঙা
ইহাই হইল আদর্শ আর্ট্, নাকি সুর, কান রাঙা!
আর্ট্ ও প্রেমের এই সব মেড়ো মাড়োয়ারী দলই জানে,
কোনো বিদ্রোহ অসন্তোষের রেখা নাই কোনো খানে!
সব ভূয়ো দাদা ওসবে দেশের কিছুই হইবে না’ক,
এমনি করিয়া জুতো খাও আর মলমল-মল মাখ!—


জ্ঞান-অঞ্জন-শলাকা তৈরী হতেছে এদের তরে,
দেখিবে এদের আর্টের আঁটুনী একদিনে গেছে ছ’ড়ে!
বন্ধু গো! সখা! আঁখি খোলো, খোলো শ্রবণ হইতে তুলা,
ঐ হের পথে গুর্খা সেপাই উড়াইয়া যায় ধূলা!
ঐ শোনো আজ ঘরে ঘরে কত উঠিতেছে হাহাকার,
ভূধর প্রমাণ উদরে তোমার এবার পড়িবে মার!
তোমার আর্টের বাঁশরীর সুরে মুগ্ধ হবে না এরা,
প্রয়োজন-বাঁশে তোমার আর্টের আটশালা হবে নেড়া!
প্রেমও আছে সখা, যুদ্ধও আছে, বিশ্ব এমনি ঠাঁই,
ভালো নাহি লাগে, ভালো ছেলে হ’য়ে ছেড়ে যাও, মানা নাই!
আমি বলি—সখা জেনে রেখো মনে কোনো বাতায়ন-ফাঁকে
সজিনার ঠ্যাঙ্গা সজনীরই মত হাতছানি দিয়ে ডাকে!

​

যত বিদ্রূপই কর সখা, তুমি জান এ সত্য-বাণী,
কারুর পা চেঁটে মরিব না; কোনো প্রভু পেটে লাথি হানি
ফাটাবেনা পিলে, মরিব যেদিন মরিব বীরের মত,
ধরা-মা’র বুকে আমার রক্ত রবে হয়ে শাশ্বত!
আমার মৃত্যু লিখিবে আমার জীবনের ইতিহাস!
ততদিন সখা সকলের সাথে ক’রে নাও পরিহাস!

কলিকাতা।
কার্ত্তিক, ১৩৩২

  }