বিষয়বস্তুতে চলুন

ফণি-মনসা/সুর-কুমার

উইকিসংকলন থেকে
​

সুর-কুমার
[ দিলিপ কুমারের ইউরোপ যাত্রা উপলক্ষে ]

বন্ধু, তোমায় স্বপ্ন-মাঝে ডাক দিল কি বন্দিনী
সপ্ত সাগর তের নদীর পার হ’তে সুর্-নন্দিনী!

বীণ্-বাদিণী বাজায় হঠাৎ যাত্রা-পথের দুন্দুভি,
অরুণ আঁখি কইল সাকী, ‘আজ্কে শরাব মুলতুবী’!

সাগর তোমার শঙ্খ বাজায়, হাতছানি দেয় সিন্ধু-পার,
গানের ভেলায় চল্‌লে ভেসে রূপ্কথারই রাজকুমার!

যক্ষ-লোকে রূপার মায়ায় রূপ যথা আজ সুপ্ত হায়
ল’য়ে সুরের সোনার কাঠি দিগ্বিজয়ে যাও সেথায়।

বন্দী-দেশের আনন্দ-বীর! আন্‌বে তুমি জয় করি’
ইন্দ্রলোকের উর্ব্বশী নয়—কণ্ঠলোকের কিন্নরী।

শ্বেতদ্বীপের সুর-সভায় আজ্কে তোমার আমন্ত্রণ,
অস্ত্রে যারা রণ জিতেনি বীণায় তারা জিন্‌ল মন।

কণ্ঠে আছে আনন্দ-গান, হস্ত পদে থাক শিকল,
ফুল-বাগিচায় ফুলের মেলা, নাইবা সেথা ফল্‌ল ফল।

বৃত্ত-ব্যাসে বন্দী তবু মোদের রবির অরুণ রাগ
জয় করেছে যন্ত্রাসুরের মানব-মেধের লক্ষ যাগ।

​

ছুট্ছে যশের যজ্ঞ-ঘোড়া স্পর্দ্ধা অধীর বিশ্বময়,
তোমার মাঝে দেখ্‌ব বন্ধু নতুন ক’রে দিগ্বিজয়।

বীণার তারে বিমান-পারের বেতার-বার্ত্তা শুন্‌ছি ঐ,
কণ্ঠে যদি গান থাকে গো পিঞ্জরে কেউ বন্ধ নই।

চলায় তোমার ক্লান্তি ত নাই নিত্য তুমি ভ্রাম্যমান,
তোমার পায়ে নিত্য নূতন দেশান্তরের বাজ্‌বে গান!

বধূর মতন বিধুর হয়ে সুদূব তোমায় দেয় গো ডাক,
তোমার মনের এপার থেকে উঠ্ল কেঁদে চক্রবাক!

ধ্যান ভেঙে যায় নবীন যোগী, ওপার পানে চায় নয়ন,
মনের মাণিক খুঁজে ফের বনের মাঝে সর্ব্বখন।

দূর-বিরহী, পার হয়ে যাও সাত সাগরের অশ্রুজল,
আমরা বলি—যাত্রা তোমার সুন্দর হোক, হোক সফল!

কলিকাতা
৪ ফাল্গুন, ১৩৩৩

  }