বন-তুলসী/ভক্তিতে মিলয়ে কৃষ্ণ
অবয়ব
< বন-তুলসী
(পৃ. ৪৪-৪৫)
ভক্তিতে মিলয়ে কৃষ্ণ।
বায়ু বিশ্বব্যাপী ইহা জানেনাক যারা,
সমীর সেবন সুখ লভেনা কি তারা?
যে জানে না পৃথিবীর তিনভাগ জল
তৃষ্ণা নিবারণ তার হয় কি না বল?
কি প্রকাণ্ড এ ভূবন জানে না যে জন
আপনার জমি যত্নে করয়ে কর্ষণ,
সে কি গো লভে না গ্রীষ্মে ছায়া সুশীতল,
লভে না কি গাছ ভরা সুরসাল ফল?
তেমনি যে ভক্তি ভরে ব্যাকুল অন্তরে
ঈশ্বরের অতি ক্ষুদ্র মূর্ত্তি পূজা করে,
সেও লভে তাঁর কৃপা লাভে মুক্তি ফল,
চক্ষু বুজি চিন্ময়েরে মিলে না কেবল।