বাণী (১৯১০)/যোগ
অবয়ব
(পৃ. ৬১-৬২)
যোগ।
যোগ কর প্রাণ মনে;―
আর কাজ কি ভবের ভাগ-পূরণে?
হয়োনা কাতর বিয়োগে হা’স্বে লোকে,
দে’খে শুনে।
আগে নে’ মনকষা কসি,’
করিস্নে মন-কসাকসি,
সরল কররে জটিল রাশি; থাকিস্নে বসি,
ভবের, মিথ্যা-মিশ্র-সঙ্কলনে।
লঘিষ্ঠ-গরিষ্ঠ-ভেদে,
কেন মিছে মরিস্ কেঁদে,
ম’জে আছ ভগ্নাংশেতে, কোন্ রসেতে?
চল শুভঙ্করীর নিয়ম মে’নে।
কাজ কি রে তোর সের ছটাকে;
বেঁধে নে’ দেহের ছ’টাকে;
শিখে নেরে পরিমিতির নিয়মটাকে;
রাখ, চতুর্ভুজের গুণটি জে’নে।
কর হৃদি-ক্ষেত্র কালী,
সার ভবক্ষেত্রে, কালী;
তোর জ্ঞান-নেত্রে কালী কে দিলরে ঢালি;
তাইতে, ঠিকের ঘরটা ঠিক দেখিনে।
কাস্ত বলে ব্যাপার বিষম,
ভু’লে আদি যোগের নিয়ম,
পৌনঃপুনিক হচ্ছে জনম, ও মন অধম!
এবার, পরীক্ষাতে পাশ পাবিনে।
কালেংড়া—আড়খম্টা!