বিলাত ভ্রমণ (প্রথম ভাগ)/উপসংহার
উপসংহার।
এতক্ষণ ধরিয়া বিলাতের পথের বর্ণনা করিলাম। প্রাচ্য হইতে প্রতীচ্য দেশে আসিতে এতগুলি দেশ দিয়া আসিতে হয় যে সে গুলির কথা কিছু কিছু না বলিলে “বিলাত ভ্রমণ” প্রবন্ধ সম্পূর্ণ হয় না।
এই পথ দিয়া আসিতে আসিতে এই কয়টি কথার স্বার্থকতা বিশেষ করিয়া উপলব্ধি হইয়া থাকে।
প্রথম—এই বিশাল পৃথিবীর যে কত অল্প পরিমাণ স্থান মাত্রতে বসতি আছে সে কথা স্পষ্টই বুঝা হয়। পাঁচ দিন ছয় দিন, গিয়া তবে মাঝে মাঝে এক একটি বন্দর পাওয়া যায়। সেগুলি অতিক্রম করিতে এক ঘণ্টা আধঘণ্টা মাত্র সময় লাগে। তার পরই আবার কেবল অনন্ত জলরাশি বা নানা দেশের জনহীন বেলাভূমি।
দ্বিতীয়—ব্রীটেন যে আপনার বিশাল রাজ্য কত সুদৃঢ় ভাবে গড়িয়াছেন—সে কথাও বেশ বুঝা যায়। এত দূরে দূরেও এক একটি এই সকল বন্দর বা পা ফেলিবার ধাপ যেন কেল্লার মত সুরক্ষিত। হাজার দূরত্বেও তাতেই এ বিশাল রাজ্যের শক্তিসামর্থ্যে কিছু আসে যায় না।
তৃতীয়—সুয়েজ খালের এই অপ্রশস্ত ছোট পথটি প্রাচ্য ও প্রতীচ্যের পরস্পরের সহিত সম্বন্ধে যুগান্তর আনিয়া দিয়াছে। ইউরোপের তরুণ জগতের যত শক্তি যত প্রতাপ এই পথেই এখন নির্দ্দেশ করিয়াছে। তাতে মৃত সঞ্জীবনী পাশ্চাত্য নুতন সভ্যতার নূতন আলোক আসার সঙ্গে সঙ্গে পুরাতন ভাবের পরিবর্ত্তনও এত দ্রুত আসিতেছে যে সে পরিবর্ত্তনে অক্ষম অতি বৃদ্ধ অতি দুর্ব্বল প্রাচ্য দেশগুলির তাতে অস্তিত্ব অধুনা বড়ই সঙ্কটাপন্ন হইয়াছে। পৃথিবীর যাবতীয় বলিষ্ঠ জাতির সঙ্ঘাতে আসিয়া তারা বড়ই বিপন্ন।
চতুর্থ—পূর্ব্ব ও পশ্চিম দেশের নিজ নিজ বিশিষ্ট ভাবগুলি ক্রমে ক্রমে পরিবর্ত্তন হইয়াই পরস্পরে মিশিয়াছে। বিভিন্ন দেশ দিয়া পরে পরে যাইবার পথে দেখা যায়—প্রাচ্যভাব ক্রমে ক্রমে প্রতীচ্য হইতেছে। মিশর ও ইউরোপের দক্ষিণ প্রদেশস্থ দেশগুলি গঠন ও ভাবে অনেকটা প্রাচ্যেরই মত।
পঞ্চম—শীতপ্রধান দেশে যেমন লোকের রং ফরসা হয় তেমনি দেহের গঠন ও মনের ভাবেও বিশেষত্ব জন্মায়। তাহারা আরও মাংসল কর্ম্মঠ ও মনের কর্ম্মোন্মুখী ভাববিশিষ্ট। দেশ ঠাণ্ডা বলিয়া শরীরের ও মনের সকল কার্য্যেরই ধীরে ধীরে উন্মেষ হয়; যথা লোকের যৌবন ও জাতির সভ্যতা ও বীরত্ব ও বৈষয়িক ভাব। তাই প্রাচ্য দেশেই প্রথমে সভ্যতার বিকাশ হইয়া এখন নূতন পাশ্চাত্য দেশে তাহার আরও শ্রীবৃদ্ধি। ইতিহাসের এ ঘটনা আকস্মিক নহে। এ আবহাওয়া ও প্রকৃতিরই অনিবার্য্য নিয়ম। শীত প্রধান দেশে সকল জিনিষেরই আরম্ভ কিছু দেরীতে কিন্তু স্থিতিকাল আরও বেশী।
ষষ্ঠ—প্রাচ্য দেশ হইতে পাশ্চাত্য দেশের এই আর একটি বিশেষত্ব যে সেস্থানের সামাজিক ও রাজনৈতিক সকল দ্রব্যেরই “একতার” দিকে গতি। লোকগুলি দেখিতে ও পোষাক পরিচ্ছদে অনেকটা একই রকম। এবং তাদের ভাষায় ও লিখিবার হরফে ও সামাজিক ও রাজনৈতিক রীতিনীতিতে অনেকটা সৌসাদৃশ্য আছে। একদিন রোমের অধীনে সবগুলি একত্রে আসিয়াছিল বলিয়া তাদের ভিতর এমন একতা আসিয়াছে। ধর্ম্মও প্রায় একরূপ। এই সকল একতার কারণেই কি অনেকটা ইউরোপের এমন উন্নতি নয়?
সপ্তম—ইউরোপের শেষ বিশেষত্ব—রমণীজাতির স্বাধীন উন্নত অবস্থা। ইউরোপের সহিত আসিয়া প্রভৃতি অন্যান্য দেশের এইটি একটি অতীব মহান প্রভেদ। সেখানে বাল্যবিবাহ বহুবিবাহ চিরবৈধব্য প্রভৃতি রমণীজাতির উপর অমানুষিক অত্যাচার ও সামাজিক দুর্ব্বলতার কারণ কখনও কোথাও শুনা যায় নাই। রমণীজাতির উন্নতির সঙ্গে সঙ্গে সমাজ ও রাজ্যেরও উন্নতি সমানভাবে চলিয়াছে। জাতীয় উন্নতির অনেক কারণের মধ্যে নিঃসন্দেহ এইটাই সর্ব্বশ্রেষ্ঠ কারণ। অধিকাংশ প্রাচ্য দেশই, বিশেষ ভারতবর্ষ এ বিষয়ে চিরকালই অন্ধ।