বিষয়বস্তুতে চলুন

বিশ্ব-ইতিহাস প্রসঙ্গ/মিশরের স্বাধীনতা-সমর

​

১৬৩

মিশরের স্বাধীনতা-সমর

২০শে মে, ১৯৩৩

 এবার চলো মিশরে যাওয়া যাক; সেখানেও নবজাগ্রত জাতীয়তাবাদ আর সাম্রাজ্যবাদী প্রভুর মধ্যে সংগ্রাম চলছে, তাকে একটু দেখে আসি। ভারতবর্ষেরই মতো সেখানেও প্রভু হল ব্রিটেন। ভারতবর্ষ আর মিশরের মধ্যে অনেক দিক থেকেই খুব বেশি তফাত আছে, মিশরে ব্রিটেনের রাজত্বও চলেছে অনেক অল্প দিন। তবুও এই দুটি দেশের মধ্যে অনেক সাদৃশ্য এবং মিলও দেখা যায়। ভারতবর্ষ এবং মিশরের জাতীয় আন্দোলন এক পথ ও পন্থা ধরে চলে নি; কিন্তু স্বাধীনতার কামনা বস্তুত দুয়ের পক্ষেই মূলত এক, যে উদ্দেশ্য নিয়ে এদের লড়াই সেও একই। এদের এই জাতীয় আন্দোলনকে দমন করবার জন্য সাম্রাজ্যবাদী ব্রিটেনও দুই দেশে ঠিক একই রকমের কাণ্ড-কারখানা করে চলেছে। অতএব এই দুটি দেশই পরস্পরের অভিজ্ঞতা এবং ইতিহাস থেকে অনেক কিছু শিখে নিতে পারে। আমরা যারা ভারতবর্ষে আছি আমাদের পক্ষে বিশেষ করে শিখবার মতো বস্তু হচ্ছে একটি মিশরকে দেখেই আমরা জানতে পারি, ব্রিটেন যে ‘স্বাধীনতা’ দান করে তার প্রকৃত স্বরূপ কী, এবং তার পরিণতিই বা কোথায়।

 আরব অঞ্চলের দেশগুলির (আরব, ইরাক, সিরিয়া, প্যালেস্টাইন) মধ্যে মিশরই সভ্যতায় সকলের অগ্রণী। প্রাচ্য ও পাশ্চাত্য জগতের মধ্যে মিশরই হচ্ছে যাতায়াতের রাজপথ—সুয়েজ খাল তৈরি হবার পর থেকে সমস্ত জাহাজ এই পথেই যাতায়াত করছে। ঊনবিংশ শতাব্দীতে যে নবীন ইউরোপের জন্ম হল, তার সঙ্গে মিশরের যতখানি ঘনিষ্ঠ সংশ্রব ছিল, পশ্চিম-এশিয়ার কোনো দেশেরই তা ছিল না। জাতিগত দেশ হিসাবেও মিশরের একটি নিজস্ব ব্যক্তিত্ব আছে; আরব অঞ্চলের অন্যান্য দেশ থেকে সে সম্পূর্ণরূপেই পৃথক জীবন যাপন করছে, অথচ তাদের সঙ্গে তার সাংস্কৃতিক বন্ধনও অত্যন্ত নিবিড়—এদের সকলেরই এক ভাষা, এক রীতি-নীতি, ​এক ধর্ম। কায়রোর দৈনিক পত্রিকাগুলি আরব অঞ্চলের প্রত্যেক দেশেই যায়, সেখানে এদের প্রচণ্ড প্রভাব। এই দেশগুলির মধ্যে মিশরেই জাতীয় আন্দোলন প্রথম গড়ে উঠেছিল, সুতরাং মিশরের সেই জাতীয়তাবাদকে আরব অঞ্চলের অন্যান্য দেশগুলো স্বভাবতই তাদের আদর্শস্থানীয় বলে গ্রহণ করেছে।

 ১৮৮১-৮২ সনে আরবী পাশার নেতৃত্বে একটি জাতীয় আন্দোলন দেখা দেয়, ব্রিটিশ-সরকার সে আন্দোলনকে দমন করে—এর কথা আমি মিশর সম্বন্ধে আমার শেষ চিঠিতে তোমাকে বলেছি। প্রথম যুগের সংস্কারকদের কথাও বলেছি—জামালুদ্দিন আফগানির কথা, গোঁড়া ইসলামপন্থীদের সঙ্গে পাশ্চাত্যদেশ থেকে আমদানি নূতন মতামতের সংঘাতের কথা। এই সংস্কারকরা ইসলাম আর আধুনিক জগতের প্রগতির মধ্যে সামঞ্জস্য ঘটাতে চাইলেন; ধর্মমতের একেবারে প্রাচীন মূলনীতিগুলোকেই তাঁরা সত্য বলে স্বীকার করলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে বহু নূতনতর আনুষঙ্গিক বাহুল্য প্রত্যেক ধর্মমতের সঙ্গেই জমে ওঠে, তার অনেক বাহুল্যকে এঁরা বর্জন করে চললেন। প্রগতিবাদী মানুষদের পক্ষে এর ঠিক পরের কাজটিই হচ্ছে ধর্মকে সব সামাজিক অনুষ্ঠান-প্রতিষ্ঠান থেকে আলাদা করে ফেলা। সমস্ত প্রাচীন ধর্মমতেরই একটা বিশেষত্ব আছে, তারা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতোকটি ব্যাপারকেই নিয়ে কথা বলে, তাকে নিয়ন্ত্রিত করতে চায়। হিন্দুধর্ম এবং ইসলামধর্ম, দুয়ের মধ্যেই খাঁটি ধর্মনৈতিক শিক্ষা যেটাকু আছে, তারই সঙ্গে সঙ্গে আছে বহু সামাজিক আইন-কানুন রীতি-নীতি মানুষের বিবাহ, উত্তরাধিকার দেওয়ানি এবং ফৌজদারি আইন, রাজনৈতিক প্রতিষ্ঠান, এককথায় জীবনযাত্রার প্রত্যেকটি ব্যাপার সম্বন্ধেই তার কর্তৃত্ব। তার অর্থ, এই ধর্মশাস্ত্রগুলোতে সমাজজীবনের একটি সম্পূর্ণ কাঠামো গড়ে দেওয়া হয়েছে, সে কাঠামোকে চিরস্থায়ী করে রাখবার জন্য তার সঙ্গে যুক্ত হয়েছে ধর্মের অননুশাসন আর অনুজ্ঞা। এ বিষয়ে সবচেয়ে বেশি অগ্রণী হচ্ছে হিন্দুধর্ম, তার অচলায়তন জাতিভেদ প্রথা হয়েছে তার মস্ত বড়ো সহায়। সমাজ ব্যবস্থাকে যেখানে এইভাবে ধর্মের দ্বারা কায়েমী করে রাখা হচ্ছে, সেখানে কোনো রকম পরিবর্তন ঘটানো স্বভাবতই কঠিন হয়ে ওঠে। তাই অন্যানা দেশের মতো মিশরেরও প্রগতিকামীরা চাইলেন, ধর্ম আর সামাজিক অনুষ্ঠান-প্রতিষ্ঠানকে আলাদা করে ফেলবেন। এঁরা যুক্তি দেখালেন, অতীত কালে ধর্মমত ও প্রচলিত প্রথার মধ্য দিয়ে লোকেরা এই-সব অনুষ্ঠান-প্রতিষ্ঠানে অভ্যস্ত হয়ে গেছে। শাস্ত্রগ্রন্থ যখন রচিত হয়েছিল তখন দেশের এবং সমাজের যে অবস্থা ছিল তার দিক থেকে এইগুলোই ছিল অত্যন্ত সমীচীন এবং যুক্তিযুক্ত ব্যবস্থা, তাতে সন্দেহ নেই। কিন্তু এখন অবস্থা অনেকখানিই বদলে গেছে, এই আধুনিক অবস্থার সঙ্গে সেই প্রাচীন রীতিনীতি ব্যবস্থা আর খাপ খাচ্ছে না। গরুর গাড়ি চলার জন্য যে আইন তৈরি হয়েছিল, মোটর গাড়ি বা রেলগাড়ির পক্ষে সেটা মোটেই প্রযোজ্য নয়, এ তো সহজ কথা!

 এইটাই ছিল এই প্রগতিপন্থী আর সংস্কারকদের যুক্তি। এর ফলে রাষ্ট্র এবং বহু সামাজিক প্রতিষ্ঠান ক্রমেই বেশিমাত্রার ধর্মনিরপেক্ষ হয়ে উঠল, অর্থাৎ ধর্মের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক রইল না। এই ব্যাপারটি সবচেয়ে বেশিদূর এগিয়েছে তুরস্কে—সে কাহিনী আমরা আগেই শুনেছি। তুর্কি-প্রজাতন্ত্রের প্রেসিডেণ্ট এখন পদগ্রহণের শপথটা পর্যন্ত ঈশ্বরের নাম নিয়ে গ্রহণ করেন না, গ্রহণ করেন তাঁর নিজের আত্মমর্যাদার নামে। মিশরে ব্যাপার এতদূর গড়ায় নি, কিন্তু তারও যাবার প্রবৃত্তি এই দিকেই। অন্যান্য ইসলামপন্থী দেশেরও তাই অবস্থা। তুরস্ক মিশর সিরিরা পারশ্য সর্বত্রই এখন লোকে কথা বলছে এক নূতন ভাষায়— সে হচ্ছে জাতীয়তাবাদের ভাষা। ধর্মবাদের প্রাচীন ভাষায় কেউই আর কথা বলতে চায় না। এই জাতীয়করণের গতিকে ভারতের মুসলমানরা যতখানি ঠেকিয়ে চলেছে এত বোধহয় পৃথিবীর আর কোনো বৃহৎ মুসলমান সম্প্রদায়ই করে নি। ইসলামপন্থী দেশগুলিতে এদের যে-সব ধর্মভাইরা রয়েছে তাদের তুলনায় এরা অনেক বেশি রক্ষণপন্থী এবং ধর্মে বিশ্বাসী। এটা একটা অদ্ভুত এবং আশ্চর্য ব্যাপার। সাধারণত সর্বত্রই এই নূতন জাতীয়তাবাদ গড়ে উঠেছে বুর্জোয়া শ্রেণীর জন্ম ও বুদ্ধিকে আশ্রয় করে—বুর্জোয়া অর্থ ধনিকতন্ত্রী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যে মধ্যবিত্ত​শ্রেণীগুলো টিঁকে থাকে। ভারতের মুসলমানদের মধ্যে এই বুর্জোয়াশ্রেণী তেমন গড়ে ওঠে নি; হয়তো এই অভাবটির জন্যই জাতীয়তাবাদের পথেও তাদের অগ্রগতিতে বাধা পড়েছে। আবার এও হতে পারে, ভারতবর্ষে তারা একটি সংখ্যালঘু সম্প্রদায় বলে তাদের মন সর্বদাই ভয়ে আচ্ছন্ন; তাই তারা অন্যদের চেয়ে বেশি রক্ষণপন্থী, প্রাচীন রীতি-নীতির আঁচল ছেড়ে চলতে তাদের অত্যন্ত আপত্তি, নূতনতরো মতবাদ আর রীতি-নীতিকে তারা স্বভাবতই সংশয়ের চোখে দেখে থাকে। প্রায় হাজার বছর আগে ভারতবর্ষে মুসলমানদের প্রথম আবির্ভাব। হিন্দুরা তখন শামুকের মতো নিজের খোলার মধ্যে হাত-পা সর্বাঙ্গ গুটিয়ে নিয়ে জাতিভেদ প্রথা দিয়ে নিজেদের সর্বাঙ্গ বেঁধেছেঁধে একটা অত্যন্ত অনড় অচল জাতিতে পরিণত হয়েছিল—নিশ্চয়ই তারও মূলে ছিল ঠিক এই গোছেরই একটা মনোভাব।

 ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এবং তার পর থেকেই, বিদেশী বাণিজ্যের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মিশরে নূতন মধ্যবিত্তশ্রেণী বেড়ে উঠল। এই শ্রেণীরই একজন লোক ছিলেন সৈয়দ জগলুল—একটি ‘ফেলা’ বা কৃষক পরিবারে তাঁর জন্ম। ১৮৮১-৮২ সনে আরবী পাশা ব্রিটিশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, জগলুল তখন তরুণ যুবা। আরবী পাশার অধীনে তিনিও যুদ্ধে যোগ দিলেন। সেই দিন থেকে শুরু করে ১৯২৭ সন পর্যন্ত, তাঁর একেবারে মৃত্যুর দিন পর্যন্ত, ৪৫ বৎসর ধরে মিশরের স্বাধীনতার জন্য যুদ্ধ করে গেছেন তিনি, মিশরের স্বাধীনতা আন্দোলনের তিনিই ছিলেন নেতা। মিশরে তাঁর নেতৃত্ব একচ্ছত্র; কৃষক বংশে তাঁর জন্ম—দেশের কৃষকরা তাঁকে নিজের জন বলে ভালোবাসত; নিজে তিনি উন্নীত হয়েছিলেন মধ্যবিত্ত শ্রেণীতে, সে শ্রেণীর লোকেরা তাঁকে দেবতার ন্যায় পূজা করত। কিন্তু দেশের তথাকথিত অভিজাত সম্প্রদায়, অর্থাৎ প্রাচীন সামন্তপন্থী ভূস্বামীশ্রেণীর লোকেরা তাঁকে সুনজরে দেখত না। মধ্যবিত্ত শ্রেণী তখন জেগে উঠছে; দেশে এতদিন এঁরাই প্রভুত্ব করে আসছিলেন, সে প্রভুত্বের আসন থেকে এঁদের ঠেলে সরিয়ে দিচ্ছে, কাজেই তার প্রতি এঁরা প্রসন্ন ছিলেন না। তাঁদের চোখে জগলুল ছিলেন ভুঁইফোঁড়; দেশের নেতা এবং তাঁর নিজের শ্রেণীর প্রতিনিধি হিসাবে তাঁকে এদের সঙ্গে দারুন লড়াই করে চলতে হয়েছিল। ভারতবর্ষেরই মতো মিশরেও ব্রিটিশরা এই সামন্তপন্থী ভূস্বামী শ্রেণীকে নিজেদের সহায় বলে অবলম্বন করতে চাইল। বস্তুত এই শ্রেণীর মধ্যে মিশরীয়দের চেয়ে তুর্কিই ছিল বেশি; পুরোনো দিনের অভিজাত শাসক শ্রেণীদের এরা বংশধর।

 চিরকাল ধরে সমস্ত সাম্রাজ্যবাদী প্রভুরা যে নীতিকে সুষ্ঠু বলে জেনেছে, ব্যবহার করে এসেছে, মিশরেও ব্রিটেন সেই নীতিই অনুসরণ করল; দেশের বিশেষ একটা সামাজিক সম্প্রদায় বা রাজনৈতিক দলকে নিজের বন্ধু করে রাখল, এবং দেশের মধ্যে দলে-দলে সম্প্রদায়ে-সম্প্রদায়ে ঝগড়া বাধিয়ে দিয়ে একটি অবিচ্ছিন্ন জাতীয়তাবাদ গড়ে উঠবার পথে বাধা সৃষ্টি করতে লাগল। ভারতবর্ষের মতো মিশরেও তারা একটা সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা জাগিয়ে তুলতে চেষ্টা করল—খৃষ্টান কপ্ট্‌রা ছিল মিশরের একটা সংখ্যালঘু সম্প্রদায়। কিন্তু সে চেষ্টা সফল হল না। আর এই সমস্ত কাণ্ডই তারা করতে লাগল ঠিক রীতিসঙ্গত পদ্ধতিতে; মুখে তাদের বড়ো বড়ো বাণী আর বুলি—যা কিছু আমরা করছি সে-সব তোমাদেরই ভালোর জন্যে; দেশের ‘লক্ষ লক্ষ মূক অধিবাসীর’ স্বার্থের আমরাই হচ্ছি সংরক্ষক এবং অভিভাবক; ‘আন্দোলনকারী’ এবং এই রকমের অন্যান্য লোক যাদের ‘দেশের সঙ্গে কোনো রকম নাড়ীর যোগ নেই’, এরা যদি গোলমাল সৃষ্টি না করে তবে তো সমস্তই একেবারে ঠিক হয়ে যায়! অবশ্য দেশের লোকের এই উপকার করবার জনাই অনেক সময় সেই উপকৃতদের বহু লোককে গুলি চালিয়ে মেরে ফেলতে হত। হয়তো এর ফলে তারা ইহজগতের দুঃখগ্লানির হাত থেকে রেহাই পেয়ে যেত, অনন্ত স্বর্গের অনন্ত সুখলোকে একটু তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারত।

 যুদ্ধের সময়টা আগাগোড়াই, এবং তার পরেও দীর্ঘকাল ধরে মিশরে সামরিক আইন চালু রাখা হয়েছিল। যুদ্ধের সময়ে একটা নিরস্ত্রীকরণ আইন এবং একটা বাধ্যতামূলক সৈনিক বৃত্তির আইনও তৈরি করা হয়েছিল। ব্রিটিশ সৈন্যে দেশটাকে ভরে ফেলা হয়েছিল। যুদ্ধের একেবারে প্রথম দিকেই মিশরকে ব্রিটিনের একটা রক্ষাধীন দেশ বলে ঘোষণা করা হয়েছিল।

​ ১৯১৮ সনে যুদ্ধ শেষ হল। মিশরের জাতীয়তাবাদীরা আবার সক্রিয় হয়ে উঠলেন: মিশর কেন স্বাধীনতা পাবার অধিকারী, তার সমস্ত যুক্তিতর্ক দেখিয়ে নথিপত্র খাড়া করা হল—ব্রিটিশ সরকার এবং প্যারিসের শান্তি সম্মেলনের কাছে সে দাবি তাঁরা পেশ করবেন। মিশরে তখন সত্যকার রাজনৈতিক দল বলে কিছু ছিল না। ‘ওয়াতনিস্ট’ বলে একটি জাতীয়তাবাদী দল শুধু ছিল, তারও সভ্যসংখ্যা অতি অল্প। তখন স্থির হল, বৃহৎ একটি প্রতিনিধিদলকে দেশ থেকে পাঠানো হবে, তার নেতা হবেন জগলুল পাশা। লণ্ডনে এবং প্যারিসে গিয়ে এঁরা মিশরের স্বাধীনতার দাবি পেশ করবেন। এই প্রতিনিধিদলটি যাতে সমস্ত জাতিরই প্রতিনিধি নিয়ে গঠিত হয়, দেশের লোকের পূর্ণ সমর্থন যাতে এর পিছনে থাকে, এই উদ্দেশ্যে দেশ জুড়ে সংগঠন শুরু করল। এই থেকেই মিশরের বিখ্যাত ওয়াফদ্ দলের সৃষ্টি; ওয়াফদ্ কথাটার মানে হচ্ছে প্রতিনিধি দল। ব্রিটিশ সরকার এই প্রতিনিধিদলকে লণ্ডনে যাবার অনুমতি দিলেন না; ১৯১৯ সনের মার্চ মাসে জগলুল এবং অন্যান্য বহু নেতাকে গ্রেপ্তার করা হল।

 এর ফলে দেশে সহিংস বিপ্লব শুরু হয়ে গেল। জনকতক সাহেবকে মেরে ফেলা হল; কায়রো শহর এবং দেশের আরও অনেক কেন্দ্রস্থল বিপ্লবী কমিটির দখলে চলে গেল। বহু স্থানে জনসাধারণের নিরাপত্তা বিধায়ক জাতীয় কমিটি তৈরি করা হল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরা এই বিপ্লবে খুব বড়ো অংশ গ্রহণ করেছিল। প্রথমদিকে এতখানি সাফল্য অর্জন করলেও পরে কিন্তু আবার এই বিপ্লবের অনেকখানিই দমন করা হল, অবশ্য তখনও মাঝে মাঝেই ব্রিটিশ রাজকর্মচারীদের খুন করা হতে লাগল। কিন্তু বাইরের বিদ্রোহী দমন করা হলেও আন্দোলনের মৃত্যু হল না—সে পূর্ণোদ্যমেই বেঁচে রইল। শুধু তার যুদ্ধের নীতিটা বদলে গেল এবার সে শুরু করল আর এক রকমের যুদ্ধ—নিষ্ক্রিয় প্রতিবোধের অভিযান। এই অভিযান এতদূর সফল হল যে, শেষে বাধ্য হয়েই ব্রিটিশ সরকারকে মিশরের দাবি খানিকটা মেটাবার ব্যবস্থা করতে হল। ইংলণ্ড থেকে একটি কমিশন পাঠানো হল, লর্ড মিল্‌নার তার নেতা। মিশরের জাতীয়তাবাদীরা স্থির করলেন তাঁরা এই কমিশনকে বয়কট করবেন। বয়কটের চেষ্টাটি একেবারে অপূর্ব সাফল্য অর্জন করল। মিল্‌নার কমিশনকে বয়কটের ব্যাপারেও ছাত্ররাই ছিলেন খুব বড়ো উদ্যোক্তা। সমস্ত জাতির এই অপূর্ব সংগ্রাম দেখে কমিশন অত্যন্ত মুগ্ধ হলেন, শাসন-সংস্কার সম্বন্ধে অনেকগুলো খুবই দূরপ্রসারী ব্যবস্থা তাঁরা অনুমোদন করে গেলেন। ব্রিটিশ সরকার তাঁদের সে কথা কানে তুললেন না, অতএব আন্দোলনও চলতে থাকল। ১৯১৯ সনের প্রথম থেকে ১৯২২ সনের প্রথম দিক পর্যন্ত তিন বছর ধরে এই সংগ্রাম চলল। মিশরের লোকেরা স্পষ্ট জানিয়ে দিলেন কোনো জোড়াতালির ব্যবস্থা মেনে নিতে তাঁরা রাজি নন, তাঁদের দাবি হচ্ছে পূর্ণ স্বাধীনতা—ইস্তিকলাল এল-তাম।

 ১৯১৯ সনে জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার কিছু দিন পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ১৯২১ সনে তাঁকে আবার গ্রেপ্তার করে নির্বাসনে পাঠানো হল। কিন্তু ব্রিটিশদের দিক থেকে এতে মিশরের অবস্থার কিছুমাত্র উন্নতি হল না; বাধ্য হয়েই তাঁরা মিশরীয়দের শান্ত করবার কিছু ব্যবস্থা করতে বসলেন। আপোষ-মীমাংসার যত চেষ্টা করা হয়েছিল সে চেষ্টা প্রতিবারেই ব্যর্থ হয়েছে; যদিও জগলুল নিজে মোটেই আপোষবিরোধী বা চরমপন্থী ছিলেন না। বস্তুত একবার কয়েকজন লোক জগলুলকে হত্যা করতেই চেষ্টা করেছিল—তাদের অভিযোগ ছিল, তিনি ব্রিটেনের সঙ্গে অত্যন্ত নিরীহরকমের আপোষ-মীমাংসা করতে চেষ্টা করছেন, দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন। ব্রিটিশ সরকার আর মিশরের জাতীয়তাবাদীদের মধ্যে মতের মিল হচ্ছিল না, তার প্রকৃত কারণটি ছিল অনেক বেশি গভীর—এখনও এই জন্যই এদের মতে মিলছে না। ভারতবর্ষে যে কারণে দু’পক্ষের মধ্যে মীমাংসা সম্ভব হচ্ছে না, মিশরেও ঠিক সেই কারণটিই বর্তমান ছিল। মিশরে ব্রিটেনের যতরকম স্বার্থ নিহিত ছিল তার সমস্তখানিকে উপেক্ষা বা বিনষ্ট করবেন এমন কোনো অভিপ্রায়ই মিশরের জাতীয়তাবাদীদের মনে ছিল না। সে স্বার্থ সংরক্ষণের কথা নিয়ে আলোচনা করতে তাঁরা সম্পূর্ণ প্রস্তুত ছিলেন; বাণিজ্য, সেনাচলাচলের পথ প্রভৃতি ব্যাপারে ব্রিটেনের যে-সব ​বিশেষ প্রয়োজন মিশরে ছিল তারও দরুন ব্যবস্থা করতে তাঁরা রাজি ছিলেন। কিন্তু তাঁদের কথা ছিল, আগে তাঁদের পূর্ণ স্বাধীনতাকে স্বীকার করতে হবে; তারপর এবং সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে যতদূর সম্ভব, এই সমস্ত সমস্যার কথা তাঁরা ভেবে দেখবেন। ওদিকে ইংলণ্ডের ধারণা, ঠিক কতটুকু স্বাধীনতা মিশরকে দেওয়া হবে তার পরিমাণ মেপে স্থির করে দেওয়াই হচ্ছে তার কাজ; আর সে স্বাধীনতাও দেওয়া হবে ইংলণ্ডের নিজের স্বার্থকে আগে সামলে রেখে তার পরে—সে স্বার্থকে রক্ষার ব্যবস্থা সকলের আগেই করা চাই।

 অতএব দুপক্ষের মতের মিল হবার কোনো সম্ভাবনা দেখা গেল না। কিন্তু ব্রিটিশ সরকারের তখন ধারণা হয়েছে যা-হোক একটা কিছু তাড়াতাড়িই করে ফেলা দরকার; অতএব দু’য়ের মধ্যে কোনো বোঝাপড়া না করেই তাঁরা ১৯২২ সনের ২৮শে ফেব্রুয়ারি তারিখে একটি ঘোষণা প্রচার করলেন। তাতে বললেন, এখন থেকে মিশরকে একটি ‘স্বাধীন সার্বভৌম রাষ্ট্র’ বলে তাঁরা স্বীকার করবেন, কিন্তু—সে অতি বড়ো ‘কিন্তু’—চারটি বিষয়কে এর বাইরে রাখা হবে, সে নিয়ে পরে আরও বিবেচনা করে তবেই মতপ্রকাশ করা হবে। এই চারিটি বিষয় হচ্ছে:

 ১। মিশরের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের যে-সব যানবাহন এবং সংবাদ চলাচলের পথ আছে, তার নিরাপত্তা রক্ষণ।

 ২। প্রত্যক্ষ বা পরোক্ষ, যে-কোনো প্রকারে, যে কোনো বিদেশী জাতির আক্রমণ বা হস্তক্ষেপ থেকে মিশরকে রক্ষা করা।

 ৩। মিশরে যে-সব বিদেশী লোক এবং বিদেশীদের যে-সব কাজকারবার আছে তার রক্ষা; এবং সংখ্যালঘু সম্প্রদায়দের স্বার্থরক্ষা।

 ৪। সুদানের অবস্থা ভবিষ্যতে কী হবে, সেই প্রশ্নের সমাধান।

 ভারতবর্ষের যে বিষয়গুলি আমাদের আয়ত্তের বাইরে রাখা হয়েছে, মিশরের এই সংরক্ষিত বিষয়গুলি তারই সমগোত্রীয়। এদেশে আমরা এদের নাম দিয়েছি ‘রক্ষাকবচ’; এখানে এদের সংখ্যাও অনেক বেশি। মিশরবাসীরা তখন এই সংরক্ষণগুলোকে স্বীকার করে নেয় নি, কারণ এগুলোকে বাইরে থেকে দেখতে বেশ সহজ সরল এবং নিরীহ বলে মনে হলেও আসলে এদের মানেই হচ্ছে দেশের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনো ব্যাপারেই মিশরের প্রকৃত স্বাধীনতা থাকবে না। ১৯২২ সনের ২৮শে ফেব্রুয়ারি তারিখের এই স্বাধীনতা ঘোষণা, এটা একেবারেই একটা একতরফা ব্যাপার—ব্রিটিশ সরকার এর স্রষ্টা। মিশর একে কোনো দিনই স্বীকার করে নিল না। ব্রিটেনের প্রয়োজনমাফিক গুটিকতক সংরক্ষণ বা রক্ষাকবচ তার মধ্যে থাকলে সে স্বাধীনতার প্রকৃত অর্থ কী দাঁড়ায়, পরবর্তী বছরগুলিতে মিশরে তার চমৎকার পরিচয় পেয়েছি।

 এই ‘স্বাধীনতা’ দিয়ে দেবার পরও কিন্তু পুরো দেড়টি বছর ধরে মিশরে সামরিক আইন-চালু রাখা হল, সে আইন প্রয়োগ করার ভার রইল ব্রিটিশ কর্মচারীদের হাতে। মিশর সরকার একটা দায়-মুক্তির আইন তৈরি করবার পর তবেই শুধু সামরিক আইন তুলে নেওয়া হল। দায়-মুক্তির আইন মানে হচ্ছে, সামরিক আইনের আমলে যত কর্মচারী যতরকমের অন্যায় এবং বেআইনি কাণ্ড-কারখানা করেছেন তার দরুন সমস্ত অপরাধ এবং দায় থেকে তাঁদের নির্বিচারে মুক্তি দেওয়া হল।

 মিশর এবার ‘স্বাধীন’ হয়েছে—তার জন্য একটি অতি চমৎকার প্রগতি-বিরোধী শাসনতন্ত্র তৈরি করে দেওয়া হল, তাতে রাজার হাতে প্রচুর ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। রাজা মানে হচ্ছেন রাজা ফুয়াদ। মিশরের অধিবাসীদের ঘাড়ে জোর করেই তাঁকে চাপিয়ে দেওয়া হল। রাজা ফুয়াদ আর ব্রিটিশ কর্মচারীদের মধ্যে ভারি সদ্‌ভাব ছিল; এঁরা দু’পক্ষই জাতীয়তাবাদীদের অপছন্দ করতেন, প্রজাদের স্বাধীনতা থাকবে একথায় দুপক্ষেরই সমান আপত্তি, এমনকি সত্যকার পার্লামেণ্টী শাসন-ব্যবস্থাতে পর্যন্ত এঁদের আপত্তি। ফুয়াদের ধারণা ছিল তিনিই ​হচ্ছেন দেশের শাসক—তাঁর যা খুশি তাই করতে লাগলেন, পার্লামেণ্ট ভেঙে দিলেন এবং একেবারে স্বৈরতন্ত্রী একাধিনায়কের মতো দেশ শাসন করতে লাগলেন। এইসব ব্যাপারে তাঁর বড়ো নির্ভরের বস্তু ছিল ব্রিটিশ সেনার শক্তি: সে সেনা কখনোই তাঁকে সাহায্য করতে আলস্য প্রকাশ করে নি।

 মিশরের স্বাধীনতা ঘোষণার পরে ব্রিটিশ সরকার প্রথমেই একটি অতি নিঃস্বার্থ পরোপকারের দৃষ্টান্ত দেখালেন: বললেন, নূতন শাসনতন্ত্রের আমলে যে ব্রিটিশ কর্মচারীরা চাকরি ছেড়ে দিয়ে যাচ্ছেন, তাঁদের ক্ষতিপূরণ বাবদ অতি প্রকাণ্ড পরিমাণ টাকা মিশরকে দিতে হবে। মিশর-সরকার অর্থাৎ রাজা ফুয়াদ তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। এদের ক্ষতিপূরণ বলে মোট ৬,৫০০,০০০ পাউণ্ড দেওয়া হল; এর একজন উচ্চপদস্থ কর্মচারীই পেয়েছিলেন ৮,৫০০ পাউণ্ড! তার চেয়েও মজার ব্যাপার হল, চাকরি ছাড়বার দরুন এই বিরাট পরিমাণ ক্ষতিপূরণ যাদের মিটিয়ে দেওয়া হল, সেই কর্মচারীদের অনেককে আবার সঙ্গে সঙ্গেই বিশেষ চুক্তি অনুসারে সরকারি চাকরিতে বহাল করা হল। মনে রেখো মিশর মোটেই বড়ো দেশ নয়, এর মোট লোকসংখ্যা যুক্তপ্রদেশের লোকসংখ্যার এক-তৃতীয়াংশের চেয়েও কম।

 মিশরের শাসনতন্ত্রে জোরগলায় বলা হয়েছে, ‘সমগ্র জাতির সম্মতি থেকেই সরকারের সমস্ত ক্ষমতার উদ্‌ভব হবে।’ কার্যত কিন্তু, নূতন শাসনতন্ত্র চালু হবার পর থেকে আজ পর্যন্ত মিশরের পার্লামেণ্টের কোনোদিনই বিশেষ কিছু কাজ করতে হয় নি। আমি যতদূর জানি, একটি পার্লামেণ্টও তার স্বাভাবিক আয়ুষ্কালের শেষ পর্যন্ত বেঁচে থাকে নি। রাজা ফুয়াদের হাতে বার বার পার্লামেণ্টের হঠাৎ অবসান ঘটেছে; শাসনতন্ত্রকে মূলতুবি করে রেখে তিনি স্বৈরতন্ত্রী রাজার মতোই দেশ শাসন করে চলেছেন।

 নূতন পার্লামেণ্টের প্রথম নির্বাচন হল ১৯২৩ সনে। জগলুল পাশা আর তাঁর দল—তখন তার নাম হয়েছে ওয়াফ্‌দ্ দল—দেশের সর্বত্রই জয়লাভ করলেন। শতকরা নব্বই জন লোক তাঁদের পক্ষে ভোট দিল; পার্লামেণ্টে মোট ২১৪ জন সভ্যের স্থান, তার মধ্যে এঁদেরই লোক নির্বাচিত হলেন ১৭৭ জন। ইংলণ্ডের সঙ্গে একটা নিষ্পত্তি করবার চেষ্টা এঁরা করলেন; কথাবার্তা চালাবার জন্য জগলুল স্বয়ং লণ্ডনে গেলেন। কিন্তু দু’পক্ষের মতামতকে কিছুতেই মেলানো গেল না। অনেকগুলো ব্যাপার নিয়েই আলোচনা ব্যর্থ হল, তার মধ্যে একটি হচ্ছে সুদানের কথা। সুদান মিশরের দক্ষিণদিকে অবস্থিত একটি দেশ। মিশরের সঙ্গে এর অনেক তফাত, এদের লোকদের জাতি এক নয়, ভাষাও এক নয়। নীল নদের গোড়ার দিকটা বয়ে এসেছে এই সুদানের মধ্য দিয়ে। মিশরের যতদিনের ইতিহাস আমরা পাই তার একেবারে গোড়া থেকেই, তার মানে সাত-আট হাজার বছর ধরে, এই নীল নদই মিশরের ধমনীতে রক্তস্বরূপ হয়ে রয়েছে। প্রতিবছর নীল নদের বন্যা হয়, সেই বন্যার জলের সঙ্গে আবিসিনিয়ার পার্বত্য অঞ্চল থেকে ধুয়ে আসে পলি মাটি, মরুভূমির দেশকে উর্বর শস্যশ্যামল করে তোলে; মিশরের কৃষি, মিশরের জীবন সমস্তটাই গড়ে উঠেছে এই নীল নদের বন্যাকে আশ্রয় করে। (সেই বয়কট-করা কমিশনের সভাপতি) লর্ড মিল্‌নার নীল নদের সম্বন্ধে বলেছিলেন:

 “এই বৃহৎ নদটি থেকে যে নিয়মিত জলের যোগান আসে, মিশরের পক্ষে সেটা শুধু সুবিধা আর সমৃদ্ধির ব্যাপার নয়, মিশরের জীবনই নির্ভর করছে তার উপরে। এই নদের উপরদিকটা যতদিন মিশরের আয়ত্তের বাইরে থেকে যাবে, নিয়মিত জল পাবার ব্যাপারেও তাকে ততদিনই খানিকটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে—এই বিপদের কথা ভাবতেও অবস্তি লাগে।”

 নীল নদের সেই উপর-দিকটা হচ্ছে সুদানের এলাকার মধ্যে। এই জন্যই মিশরের দিক থেকে সুদানের সমস্যা একটা অত্যন্ত জরুরি ব্যাপার।

 আগের দিনে লোকে জানত, সুদান দেশটা ইংলণ্ড এবং মিশরের মিলিত কর্তৃত্বের অধীন। এর নামই ছিল ইঙ্গ-মিশরীয় সুদান। ব্রিটেন তখন বস্তুতই মিশরে রাজত্ব করছে, কাজেই মিশরের রাশিকৃত টাকা প্রতি বৎসর সুদানের পিছনে ব্যয় করা হত। ১৯২৪ সনে লর্ড কার্জন ব্রিটিশ পার্লামেণ্টে দাঁড়িয়ে বলেছিলেন, মিশর যে টাকা সুদানের পিছনে ব্যয় করছে তা যদি ​না করত, তবে সুদান কোন কালে দেউলিয়া হয়ে যেত। ব্রিটেনকে এবার মিশর ছেড়ে চলে যাবার কথা বলা হচ্ছে; সুদানকে তারা আঁকড়ে ধরে থাকতে চাইল। ওদিকে মিশরের লোকরাও দেখল, সুদানের মধ্যেই রয়েছে নীল নদের গোড়া; তার জলকে যে নিয়ন্ত্রিত করতে পারবে মিশরের অস্তিত্বও নির্ভর করবে তারই মরজির উপরে। এইটেই হচ্ছে এদের স্বার্থের বিরোধ।

 ১৯২৪ সনে সৈয়দ জগলুল এবং ব্রিটিশ সরকারের মধ্যে সুদানের কথা নিয়ে আলোচনা হচ্ছিল, সুদানের প্রজারা তখন নানাবিধ উপায়ে মিশরের প্রতি তাদের প্রীতি প্রকাশ করেছে। এই অপরাধে ব্রিটিশরাও তাদের উপরে যথেচ্ছ উৎপীড়ন চালিয়েছে; সুদানে তারা যা ইচ্ছা তাই করে বেড়িয়েছে, মিশর সরকারকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করে নি। অথচ সুদানের কর্তৃত্ব ছিল এদের দুজনের হাতে একত্র; সুদানের দরুন মিশরকে টাকাও অনেকই ব্যয় করতে হত।

 মিশরের তথাকথিত স্বাধীনতার ঘোষণাপত্রে যে কটি সংরক্ষিত বিষয়ের নাম ছিল, তার আরেকটি হচ্ছে, বিদেশীদের স্বার্থ রক্ষা। বিদেশীদের এই স্বার্থ বলতে কী বোঝাত? আগের একটি চিঠিতেও এর কথা আমি একটু খানি বলেছি। তুর্কি সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়ল, তখন ইউরোপের বড়ো বড়ো শক্তিমান দেশগুলো তার উপরে নানাবিধ আইন-কানুন চাপিয়ে দিল। এই আইনে বলা হল, তুরস্কে এই-সব দেশের যে-সব প্রজা বাস করছে তাদের সম্বন্ধে বিশেষ ধরনের ব্যবস্থা রাখতে হবে। এই ইউরোপীয় বিদেশীরা যে-কোনো অপরাধই করুক না কেন, তুর্কি আইন বা তুর্কি আদালতে তাদের বিচার হতে পারবে না। এদের বিচার করবেন এদের নিজেদের দেশের কনসাল বা কূটনীতির রাষ্ট্রদূতরা, অথবা হবে কোনো বিশেষ আদালতে, সে আদালত বিদেশীদের নিয়েই তৈরি হবে। আরও অনেকরকম বিশেষ সুবিধা এরা ভোগ করত, যেমন, বেশির ভাগ করই এরা না দিয়ে পারত। বিদেশীদের এই-সব বিশেষ এবং অতি মূল্যবান অধিকারকে এক কথায় বলা হত ‘ক্যাপিচুলেশন’—কথাটার সৃষ্টি হয়েছে ‘ক্যাপিচুলেট’ বা ‘সমর্পণ’ কথা থেকে, কারণ এর মানেই হচ্ছে রাষ্ট্র তার সার্বভৌম অধিকার এক্ষেত্রে খানিকটা খর্ব করল বা বিদেশীদের হাতে সমর্পণ করল। তুরস্ককে এই সমস্ত জুলুম মেনে নিতে হল, কাজেই তুর্কি সাম্রাজ্যের অন্যান্য অঞ্চলগুলি এগুলোকে মেনে নিতে বাধ্য হল। মিশর তখন সম্পূর্ণরূপেই ব্রিটিশ শাসনের অধীন হয়ে গেছে, নামেও তার উপরে তুরস্কের কোনো প্রভুত্ব আর প্রতিষ্ঠিত নেই। তবু এই বিষয়ে তাকেও ঠিক তুর্কি সাম্রাজ্যের অংশ বলেই ধরে নেওয়া হল—তারও উপরে এই ক্যাপিচুলেশনের শর্তগুলো চাপিয়ে দেওয়া হল। এই শর্তের ফলে বিদেশী ব্যবসাদার আর ধনিকদের মস্ত সুবিধা হয়ে গেল, মিশরের সব বড়ো বড়ো শহরে তারা প্রকাণ্ড প্রকাণ্ড কুঠি গড়ে তুলল। এমন অপূর্ব ব্যবস্থা, যাতে তাদের স্বার্থকে সর্বদিক দিয়েই টিঁকিয়ে রাখা হচ্ছে, চতুর্দিক থেকে লাভের টাকা খেয়ে খেয়ে তারা মহা আনন্দে ফেঁপে ফুলে উঠছে, প্রজার দেয় সাধারণ কর এবং রাজস্বের টাকা পর্যন্ত তাদের দিতে হচ্ছে না—এই ব্যবস্থাকে তুলে দেবার চেষ্টাকে তারা প্রাণপণে বাধা দেবে—এ তো অতি সহজ কথা। মিশরে বিদেশীদের কায়েমী স্বার্থ ছিল ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি দিয়েছে সেগুলোকে রক্ষা করবে। অথচ, এটা এমন একটা ব্যবস্থা স্বাধীনতার সঙ্গে যার কোনোখানেই মিল নেই; শুধু তাই নয়, এর ফলে তার রাজত্বেরও নিদারুন লোকসান হচ্ছে—এই ব্যবস্থাকে মিশরেরও স্বীকার করে নেওয়া সম্ভব নয়। দেশের মধ্যে সবচেয়ে যারা ধনী ব্যক্তি তারাই যদি কর দেবার দায় থেকে অব্যাহতি পেয়ে যায়, তবে সামাজিক ব্যবস্থার কোনো বড়ো রকমের সংস্কার ঘটাতে যাবার চেষ্টা করাই অসম্ভব হয়ে ওঠে। ব্রিটিশ প্রভুরা দীর্ঘকাল ধরে দেশে প্রত্যক্ষ শাসন চালিয়ে এসেছে; এই দীর্ঘকালের মধ্যে প্রাথমিক শিক্ষা বিস্তার বা স্বাস্থ্যোন্নতি বা গ্রামের উন্নতি প্রভৃতির প্রায় কোনো ব্যবস্থাই তারা করে নি।

 তার উপরে আবার মজার ব্যাপার, যে তুরস্ককে উপলক্ষ্য করেই এই ক্যাপিচুলেশনের সৃষ্টি করা হয়েছিল, কামাল পাশার জয়ের পরে সেই তুরস্কে এর অবসান ঘটল; অথচ ব্রিটিশের রক্ষাধীন অঞ্চল মিশরে এগুলো আজও টিঁকে রয়েছে। এখানে আরও একটি কথা বলি, চীনেও আজ পর্যন্ত কতকটা এই ধরনেরই কতকগুলো ব্যাপার টিঁকে আছে, চীন তার সঙ্গে আজও লড়াই ​করছে। ঊনবিংশ শতাব্দীতে অল্প কিছুকালের জন্য জাপানেও এর প্রবর্তন হয়েছিল; কিন্তু জাপান শক্তিশালী হয়ে উঠবার সঙ্গে সঙ্গেই সেগুলোকে নাকচ করে দিয়েছে।

 অতএব ব্রিটেন এবং মিশরের মধ্যে বোঝাপড়ার পথে এই বিদেশীদের কায়েমী স্বার্থের সমস্যাটাই হয়ে দাঁড়াল আরেকটা বড়ো বাধা। কায়েমী স্বার্থগুলো চিরদিনই স্বাধীনতার পরিপন্থী।

 মিশরে আরও একটা ব্যাপারে ব্রিটিশ সরকার তাঁদের অভ্যস্ত মহানুভবতা দেখিয়েছিলেন; বলেছিলেন, দেশের মধ্যে যে-সব সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের স্বার্থ তাঁরা রক্ষা করবেন। ১৯২২ সনের ফেব্রুয়ারি মাসের স্বাধীনতা ঘোষণার মধ্যে এই হচ্ছে আরেকটি সংরক্ষিত বিষয়। সংখ্যালঘু সম্প্রদায়দের মধ্যে প্রধান ছিল কপ্ট্‌রা। এরা প্রাচীনকালের মিশরবাসীদের বংশধর বলে পরিচিত, তার মানে এরাই হচ্ছে মিশরের সমস্ত অধিবাসীদের মধ্যে সবচেয়ে প্রাচীন জাতি। এরা খৃষ্টান; খৃষ্ট ধর্মের একেবারে প্রথম যুগেই এরা খৃষ্টান ধর্ম গ্রহণ করেছিল, ইউরোপ তখন পর্যন্ত খৃষ্টান ধর্মকে চিনতও না। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ব্রিটেনের এমন মহৎ মাথাব্যথা, এই অকৃতজ্ঞ কপ্ট্‌রা কিন্তু তার জন্য মোটেই তাকে গদগদকণ্ঠে ধন্যবাদ জ্ঞাপন করল না—সাফ বলে দিল, আমাদের নিয়ে তোমাকে মোটেই মাথা ঘামাতে হবে না। ১৯২২ সনের ফেব্রুয়ারি মাসের ঘোষণা প্রচারের অতি অল্পদিন পরেই কপ্ট্‌রা একটা প্রকাণ্ড সভার অনুষ্ঠান করল; সে সভায় সিদ্ধান্ত স্থির করল, ‘জাতীয় ঐক্যের খাতিরে এবং জাতীয় সংগ্রামের লক্ষ্যকে আয়ত্ত করবার খাতিরে, আমরা সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে পৃথক নির্বাচন বা পৃথক সংরক্ষণের কোনো রকম ব্যবস্থাই মেনে নিতে অস্বীকার করছি।’ কপ্ট্‌দের এই সিদ্ধান্ত শুনে ব্রিটিশরা ক্ষুব্ধ হল, বলল, এটা একটা অত্যন্ত মূর্খের মতো কথা। কিন্তু কথাটা মূর্খের মতোই হোক আর বিজ্ঞের মতোই হোক, এর ফলে ব্রিটেন তাদের রক্ষা করবার যে-সব তোড়জোড় করছিল সেটা একদম ভেস্তে গেল; সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা নিয়ে আর আলাপ-আলোচনারও অবসর রইল না দেশে। বাস্তবিকই স্বাধীনতার সংগ্রামে কপ্ট্‌রা অনেকখানিই অংশ গ্রহণ করেছিল; ওয়াফ্‌দ্ দলে জগলুল পাশার সবচেয়ে বিশ্বাসী সহকর্মী যে কজন ছিলেন তাঁদের মধ্যে কয়েকজন ছিলেন কপ্ট্‌।

 দই পক্ষের মধ্যে মতের তফাত এবং স্বার্থের সংঘাত যেখানে এতখানি তীব্র, সেখানে আপোষ হয় না। ১৯২৪ সনে মিশরের প্রতিনিধি হিসাবে সৈয়দ জগলুল আর তাঁর সহকর্মীদের সঙ্গে ব্রিটিশের আলাপ-আলোচনা বসল; এই তফাতের জনাই সে আলোচনা ভেঙে গেল। ব্রিটিশ সরকার অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। এতদিন তাঁরা মিশরে নিজেদের যা ইচ্ছা তাই করে এসেছেন, খেয়ালমাফিক চলতেই অভ্যস্ত হয়ে গেছেন। এখন কায়রোর নূতন পার্লামেণ্ট, বিশেষ, করে ওয়াফ্‌দ্ নেতারা কিছুতেই বাগ মানছেন না—এতে রাগ হবারই কথা। অতএব তাঁরা স্থির করলেন, এই ওয়াফ্‌দ্ দলকে, মিশরের পার্লামেণ্টকে বেশ একটু শিক্ষা দিয়ে দিতে হবে—অবশ্য শিক্ষাটা দেওয়া হবে তাঁদের অভ্যস্ত সাম্রাজ্যবাদী পদ্ধতিতেই। অল্পদিনের মধ্যেই শিক্ষা সেবার একটা ভালো সুযোগও হাতে এসে পড়ল। কী অপূর্ব উপায়ে তাঁরা সে সুযোগের সদ্‌ব্যবহার করলেন এবং নিজেদের কাজ হাশিল করে নিলেন, সে কাহিনী আমি এর পরের চিঠিতে বলব। ঘটনাটি অপূর্ব; আধুনিক যুগের সাম্রাজ্যবাদ কোন পথে কাজ করে তার স্বরূপ প্রকাশ করে দেখাবার একটি চমৎকার দর্পণ হয়ে রয়েছে সেটি। তাকে নিয়ে একটি আস্ত চিঠি না লিখলে তার প্রতি অবিচার করা হবে।