বিষয়বস্তুতে চলুন

বিশ্ব-ইতিহাস প্রসঙ্গ/সমাজতন্ত্রবাদের আবির্ভাব

​

১৩২

সমাজতন্ত্রবাদের আবির্ভাব

১৩ই ফেব্রুয়ারি, ১৯৩৩

 গণতন্ত্রবাদের অগ্রগতির কথা তোমাকে বললাম। কিন্তু মনে রেখো, তাকে এগিয়ে চলতে হয়েছে নিদারণ সংগ্রামের মধ্য দিয়ে। বর্তমান ব্যবস্থাটার সঙ্গে যাদের স্বার্থ জড়িয়ে রয়েছে তারা তার পরিবর্তন পছন্দ করে না, সমস্ত শক্তি দিয়ে তাকে বাধা দেয়। অথচ প্রগতি বা উন্নতি লাভ করতে হলে সে পরিবর্তন আনতে হবে, প্রতিষ্ঠান বা শাসনব্যবস্থাকে বদলে তার জায়গায় উন্নততর বস্তুকে এনে বসাতে হবে। যারা প্রগতি কামনা করে তাদের কাজেকাজেই সে প্রাচীন প্রতিষ্ঠান বা প্রাচীন রীতিকে ভেঙে ফেলতে হয়; পায়ে পায়ে সারাক্ষণ বর্তমান সব অবস্থা ব্যবস্থার উচ্ছেদ আর সে বাবস্থায় যাদের লাভ তাদের সঙ্গে সংগ্রাম করে চলতে হয়। পশ্চিম-ইউরোপের শাসকশ্রেণীরা সকলরকম অগ্রগতিকে প্রতি পদে বাধা দিচ্ছিল। ইংলণ্ডে তারা সে অগ্রগতিকে স্বীকার করতে রাজি হল শুধু তখনই যখন দেখল, আর তাকে না মেনে নিলে দেশে ভয়ংকর বিপ্লব ঘটে যাবে। ইংলণ্ডের অগ্রগতির আর-একটু কারণ হচ্ছে, তার নূতন ব্যবসায়ীশ্রেণীদের মনে ধারণা হয়েছিল, খানিকটা গণতন্ত্রের আমদানি হলে তাতে ব্যবসাবাণিজ্যের সমৃদ্ধি ও সুবিধা বাড়বে।

{{ফাঁক}তবুও কিন্তু ঊনবিংশ শতাব্দীর প্রথম অর্ধেক কাল পর্যন্ত এই গণতন্ত্রী মতামত প্রধানত বুদ্ধিজীবী ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শিল্পতন্ত্রের প্রসারের ফলে সাধারণ প্রজার জীবনযাত্রায় তখন প্রচণ্ড পরিবর্তন ঘটছে, জমি ছেড়ে তারা কারখানায় ঢুকতে বাধ্য হচ্ছে। একটি শিল্পাশ্রয়ী শ্রমিকশ্রেণী দেশে গড়ে উঠছে; কারখানার সংলগ্ন কুৎসিত অস্বাস্থ্যকর শহরে তারা গাদাগাদি হয়ে বাস করছে। সাধারণত এই শহরগুলি ছিল সব কয়লাখনির কাছাকাছি অঞ্চলে। তাই শ্রমিকদের মধ্যে তখন দ্রুত পরিবর্তন ঘটে যাচ্ছিল, নূতন একটা মনোভাব গড়ে উঠছিল। অনাহারের তাড়নায় যে কৃষক আর কারুশিল্পীরা কারখানাতে এসে ভিড় করেছিল তাদের থেকে এরা ​সম্পূর্ণ আলাদা ধরনের লোক। কারখানা তৈরির ব্যাপারে যেমন ইংলণ্ড প্রথম পথ দেখিয়েছিল, তেমনি এই শিল্পাশ্রয়ী শ্রমিকশ্রেণীর উৎপত্তিও ইংলণ্ডেই প্রথম হল। কারখানাগুলোর অবস্থা ছিল একেবারে ভয়াবহ; শ্রমিকদের বাসস্থান বা কুটিরগুলোর অবস্থা ছিল আরও খারাপ। দুঃখদুর্দশার তাদের আর অন্ত ছিল না। ছোটো ছোটো শিশু, এবং নারীদেরও এত দীর্ঘ কাল ধরে খাটানো হত যে শুনলেও তা বিশ্বাস হয় না। অথচ আইন করে এইসব কারখানা বা বস্তির অবস্থা ভালো করতে গেলেও মালিকরা তাতে প্রচণ্ড বাধা দিচ্ছিল। সত্যই তো, তাদের মালিকানাস্বত্বের উপরে এই হস্তক্ষেপ, এটা কী একটা অত্যন্ত লজ্জাকর ব্যাপার নয়! লোকের নিজস্ব বাড়িঘরে স্বাস্থ্যব্যবস্থার আবশ্যিক বিধানের যখন চেষ্টা করা হল, তাতেও এরা এই যুক্তি দেখিয়েই আপত্তি প্রকাশ করল। আজকালকার ভারতবর্ষেও অনেকটা এই ধরনের মনোবৃত্তি আমরা দেখতে পাচ্ছি, কেবল কারখানার মালিক আর ভূস্বামীদের মধ্যে নয়, প্রতিক্রিয়াপন্থী সমাজনেতা এবং ধর্মসঙ্গীদের মধ্যেও ধর্ম এবং প্রাচীন প্রথার দোহাই দিয়ে এরা সংস্কারের পথে বাধার সৃষ্টি করছে।

 দীর্ঘকাল ধরে স্বল্পাহার এবং অতিরিক্ত পরিশ্রমের চাপে ইংলণ্ডের হতভাগ্য শ্রমিকরা একেবারে মারা যাচ্ছিল। নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ যখন শেষ হল তখন দেশটা একেবারে নিঃস্ব হয়ে গেছে, ব্যবসার বাজারে মন্দা পড়েছে; এবং তার ফলে সবচেয়ে বেশি দুর্দশা হয়েছে শ্রমিকদের। নিজেদের রক্ষা করবার জন্যে এবং লড়াই করে নিজেদের অবস্থার একটু উন্নতি করে নেবার জন্যে শ্রমিকরা স্বভাবতই সংঘবদ্ধ হতে চাইল। প্রাচীন কালেও কারুশিল্পীদের এবং গুণী কর্মীদের গিল্ড ছিল, কিন্তু সেগুলো ছিল একেবারেই অন্য রকমের জিনিষ। তবুও সম্ভবত সেই গিল্ডের কথা মনে করেই কারখানার শ্রমিকরা তাদের নিজস্ব সংঘ গড়বার জন্যে উৎসাহিত হয়ে উঠল। কিন্তু সংঘ গড়তে তাদের দেওয়া হল না। ফ্রান্সের বিপ্লব দেখে ব্রিটেনের শাসকশ্রেণীদের ভয় ধরে গিয়েছিল; সেই ভয়ে ভীত হয়ে তাঁরা আইন তৈরি করলেন—শ্রমিকরা তাদের দুঃখদুর্দশার কথা আলোচনা করবার জনো একত্র মিলিত পর্যন্ত হতে পারবে না! এই আইনের নাম হল কম্‌বিনেশন অ্যাক্ট। কর্তৃত্ব যাদের হাতে রয়েছে সেই মুষ্টিমেয় ক’জন লোকের অর্থ এবং স্বার্থরক্ষার মহান কার্যটি সাধন করতে চিরদিনই ‘আইন ও শৃংখলা’র অসীম উপকারিতা দেখা গেছে—কী এখনকার ভারতবর্ষে কী তখনকার ইংলণ্ডে।

 কিন্তু সভাসমিতি নিষিদ্ধ করবার জন্যে রচিত এই আইনে শ্রমিকদের অবস্থার উন্নতির কোনো ব্যবস্থা হল না। শ্রমিকরা এতে শুধু আরও ক্ষুব্ধ হল, মরিয়া হয়ে উঠল। তারা গুপ্ত সমিতি স্থাপন করতে লাগল, তার সম্বন্ধে সমস্ত কথা গোপন রাখবার জন্যে কঠিন শপথ গ্রহণ করল, গভীর রাত্রে নিভৃত স্থানে এদের সভা বসতে লাগল। এরা অনেকে ধরাও পড়ল, বা এদের মধ্যেরই কেউ হয়তো বিশ্বাসঘাতকতা করে এদের ধরিয়ে দিল। যারা ধরা পড়ল তাদের বিরুদ্ধে ষড়ষন্ত্রের মামলা করা হল এবং অতি ভয়ানক শাস্তি হল তাদের। অনেক সময় আবার এরাই রাগের বশে কল ভেঙে ফেলল, কারখানা আগুন দিয়ে পড়িয়ে দিল, এমনকি মনিবদেরও দু-চার জনকে মেরে ফেলল। অবশেষে ১৮২৫ সনে শ্রমিকদের সংঘ-সমিতি সম্বন্ধে নিষেধাজ্ঞা কিছুটা হ্রাস করা হল, ট্রেড ইউনিয়ন গঠন হল। এইসব ইউনিয়ন গড়ছিল একট বেশি মাইনের গুণী শ্রমিকরা। সাধারণ অপটু শ্রমিকরাই সংখ্যায় অনেক বেশি, তারা দীর্ঘ কাল যাবৎ অসংঘবদ্ধই থেকে গেল। এইভাবে শ্রমিক আন্দোলন রূপ গ্রহণ করল ট্রেড ইউনিয়নের; তার উদ্দেশ্য—সমস্ত শ্রমিকের পক্ষ থেকে মালিক পক্ষের সঙ্গে দরকষাকষি করে শ্রমিকদের অবস্থার উন্নতিসাধন করা। শ্রমিকদের হাতে একমাত্র সত্যকার অস্ত্র ছিল ধর্মঘট—কাজ বন্ধ করে দিয়ে কারখানা বা যেখানে তারা কাজ করছে তাকেই অচল করে দেওয়া। এটা খুব বড়ো অস্ত্র সন্দেহ নেই, কিন্তু মালিকদের হাতে এর চেয়েও বড়ো একটা অস্ত্র ছিল। মাইনে না দিয়ে নিছক অনাহারের চাপেই এদের বশ্যতা স্বীকার করাবার শক্তি তাঁরা রাখতেন। শ্রমিকশ্রেণী এইভাবে সংগ্রাম করে চলল, শ্রমিকদের বিপুল পরিমাণ আত্মোৎসর্গ করতে হল। ধীরে ধীরে কিছু কিছু জয়ও লাভ করল তারা। পার্লামেণ্টের উপরে তাদের কোনো প্রত্যক্ষ প্রভাব ছিল না, কারণ, তাদের তখন ভোট দেবার অধিকার পর্যন্ত নেই। ১৮০২ সনে বিখ্যাত রিফর্ম-বিল নিয়ে প্রচণ্ড ​চেচামেচি হল, সে বিলেও ভোট দেবার অধিকার দেওয়া হয়েছিল মাত্র অবস্থাপন্ন মধ শ্রেণীকে। শ্রমিকরা শব্দ নয়, নিম্ন-মধ্যবিত্তশ্রোণী পর্যন্ত তখন ভোট দেবার অধিকার পায় নি।

 এরই মধ্যে ম্যাঞ্চেস্টারের কারখানাওয়ালাদের মধ্যে একজন লোকের আবির্ভাব হল। তিনি ছিলেন মানুষের হিতকামী, শ্রমিকদের ভয়ানক দুর্দশা দেখে তাঁর মন ব্যথিত হয়ে উঠল। এঁর নাম ছিল রবার্ট ওয়েন। তাঁর নিজের কারখানাতে তিনি অনেক রকমের সংস্কার প্রবর্তন করলেন, শ্রমিকদের অবস্থা অনেক ভালো করে দিলেন। তাঁর সমশ্রেণীর মালিকদের মধ্যেও তিনি আন্দোলन শ‍ুরু করলেন; যুক্তিতর্কের সাহায্যে তিনি চেষ্টা করতে লাগলেন যাতে তাঁরাও শ্রমিকদের প্রতি সদব্যবহার করেন। কতকটা তাঁরই চেষ্টায় মালিকদের লোভ আর স্বার্থপরতার হাত থেকে শ্রমিকদের বাঁচাবার জন্যে ব্রিটিশ পার্লামেণ্ট প্রথমবার আইন প্রণয়ন করল। এই আইনটি হচ্ছে ১৮১৯ সনের ফ্যাক্টরি-অ্যাক্ট। এই আইনে বলা হল, ন’ বছর বয়সের শিশুদের দিনে বারো ঘণ্টার বেশি খাটানো চলবে না! আইনের এই বিধিটি থেকেই কিছুটা বুঝতে পারবে, কী ভয়ানক অবস্থার মধ্যে শ্রমিকদের কাজ করতে হত।

 শোনা যায়, রবার্ট ওয়েনই নাকি ‘সমাজতন্ত্রবাদ’ শব্দটি প্রথম ব্যবহার করেন, ১৮৩০ সনের কাছাকাছি কোনো সময়ে। ধনী এবং র মধ্যে তফাতটাকে কমিয়ে আনা, এবং ধনসম্প মোটামটি একটা সমানভাবে বণ্টন করা, এ কথাটা অবশ্য মোটেই নূতন ছিল না; এর আগেও বহু লোক এর প্রবর্তনের কথা বলেছেন। প্রথম যুগের মানবসমাজে তো সামাবাদের মতোই একটা বস্তু চলতি ছিল, জমি এবং অন্যান্য ধনসম্পদ একেবারে সমস্ত সমাজ বা গ্রামটিরই সাধারণ সম্পত্তি বলে একে বলা হয়, আদিমযুগের সাম্যবাদ; এখনও বহ, দেশে এর সাক্ষাৎ মেলে, ভারতবর্ষে পর্যন্ত। কিন্তু নতুন যে সমাজতন্ত্রবাদ এল সে শখ, সমস্ত মানুষকে এক সমান করে দেবার একটা অস্পষ্ট কামনা নয়, তার চেয়ে অনেক বেশি কথা তার মধ্যে রয়েছে। এর সংকল্প ও কার্যপদ্ধতি অনেক বেশি স্পষ্ট। প্রথমেই একে মূতন উৎপাদন পদ্ধতি অর্থাৎ কারখানা-প্রথার উপরে খাটানো হবে বলে স্থির হল। অতএব দেখা যাচ্ছে, শিল্পতন্ত্রের রীতি থেকেই এই বস্তুটি জন্মগ্রহণ করেছে। ওয়েনের অভিপ্রায় ছিল শ্রমিকদের নিয়ে সমবায় সমিতি স্থাপন করা, কারখানাতেও শ্রমিকদের অংশীদারি থাকবে। ইংলণ্ডে এবং আমেরিকাতে তিনি কতকগুলি আদর্শ কারখানা ও বসতি স্থাপন করলেন; তাঁর সংকল্প কিছুটা সফলও হল। কিন্তু অন্যান্য মালিকরা এবং শাসনকর্তৃপক্ষ তাঁর মত মেনে নিতে রাজি হলেন না। তব ও যত দিন বেচেছিলেন তত দিন তাঁর প্রচণ্ড প্রভাব ছিল, ‘সমাজতন্ত্রবাদ’ বলে একটি কথাকে তিনিই চালিয়ে দিয়ে গেলেন, তার পর থেকে কোটি কোটি লোককে এই শব্দটি মন্ত্রমুগ্ধ করে রেখেছে।

 ধনিক প্রধান শিল্পতন্ত্র ওদিকে সমানেই বেড়ে চলছিল; তার উত্তরোত্তর সাফল্য লাভের সঙ্গে সঙ্গেই শ্রমিকশ্রেণীর সম্বন্ধে সমস্যাটাও বড়ো হয়ে উঠছিল। ধনিকতন্ত্রের ফলে পণ্য উৎপাদন ক্রমেই বাড়তে লাগল; তার ফলে জনসংখ্যাও অত্যন্ত দ্রুতবেগে বেড়ে চলল, কারণ এখন ক্রমেই আরও বেশিসংখ্যক মানুষের খাদ্যবস্ত্রের সংস্থান করা যাচ্ছে। খুব বড়ো বড়ো ব্যবসা গড়ে তোলা হল, তার বিভিন্ন অংশের মধ্যে অতি সূক্ষ সহযোগিতার ব্যবস্থা; এদের সঙ্গে প্রতিবন্দ্বিতায় হেরে গিয়ে ছোটো ছোটো ব্যবসাগুলো একেবারেই মারা পড়তে লাগল। বাইরে থেকে জলস্রোতের মতো ধনসম্পদ ইংলণ্ডে এসে জমতে লাগল, কিন্তু এর অনেকখানিই ব্যবহৃত হল আরও নূতন নূতন কারখানা রেলওয়ে বা ঐরকমের অন্যান্য ব্যবসা গড়ে তোলবার জন্যে। নিজেদের অবস্থা একটু ভালো করে নেবার আশায় শ্রমিকরা বহু ধর্মঘট করল, সে ধর্মঘট একেবারেই ব্যর্থ হয়ে গেল। তার পর তারা ১৮৪০ সনের পরবর্তী আমলের চার্টিস্ট আন্দোলনে যোগ দিল। বিপ্লব যেবার হয়, অর্থাৎ ১৮৪৮ সনে, এই চার্টিস্ট আন্দোলনটি বন্ধ হয়ে যায়।

 ধনিকতন্ত্রের সমৃদ্ধি দেখে লোকের চোখে ধাঁধা লেগে গেল; কিন্তু তবুও কিছু কিছু লোক ছিলেন যাঁরা প্রগতিকামী, যাঁদের মতামত একটু আধুনিক ধরনের, বা যাঁরা মানবজাতির হিতাকাঙ্ক্ষী—ধনিকতন্ত্রের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার গলা-কাটাকাটি থাকে, বা এতে দেশের ধনসম্পদ বৃদ্ধি সত্ত্বেও ​শ্রমিকদের যে দুর্দশার মধ্যে ডুবিয়ে রাখা হয় সেটা তাঁরা সহ্য করতে পারছিলেন না। ইংলণ্ডে জার্মানিতে ফ্রান্সে এই ধরনের লোকরা ধনিকতন্ত্রের পরিবর্তে অন্য নানাবিধ পদ্ধতির নাম উদ্ভাবন করতে লেগে গেলেন। অনেকে অনেক রকম প্রস্তাব উত্থাপন করলেন; এর সমস্তগুলোকে একত্রে নাম দেওয়া হল সমাজতন্ত্রবাদ বা যৌথস্বত্ত্ববাদ (কোলেক্‌টিভিজ্‌ম্) বা সমাজ-গণতন্ত্রবাদ। এর সব ক’টা নামে প্রায় একই বস্তুকে বোঝাত। একটা বিষয়ে এই সংস্কারকরা সকলেই একমত ছিলেন যে সমস্ত দোষত্রটির মূলে রয়েছে শিল্প-ব্যবসায়ে মালিকের ব্যক্তিগত স্বত্ব আর কর্তৃত্ব। এর বদলে যদি এর মালিকি স্বত্ব এবং কর্তৃত্ব রাষ্ট্রের হাতে থাকত, অন্তত জমি এবং প্রধান প্রধান শিল্প ইত্যাদি, উৎপাদনের প্রধান উপকরণগুলো, তা হলে আর শ্রমিকের উপরে শোষণ চলবার সম্ভাবনা থাকত না। অতএব ঠিক স্পষ্ট ধারণা না নিয়েও লোকেরা ধনতান্ত্রিক ব্যবস্থার একটা পছন্দসই পরিবর্তনের সন্ধান করতে লাগল। কিন্তু ধনিকতন্ত্রের এভাবে মরে যাবার কোনো অভিপ্রায়ই দেখা গেল না দিনের পর দিন তার শক্তি বেড়েই চলছিল।

 সমাজতন্ত্রবাদের এইসব মতামতের প্রথম প্রবর্তন করলেন বুদ্ধিজীবীরা; রবার্ট ওয়েন নিজে ছিলেন একজন কারখানার মালিক। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন আন্দোলন কিছু কাল বিভিন্ন দিক ধরে এগিয়ে চলল; এর তখন উদ্দেশ্য ছিল, শুধু মজুরির হার কিছু বাড়িয়ে নেওয়া আর কাজের শর্তের কিছু সুবিধা করে নেওয়া। কিন্তু সমাজতন্ত্রবাদী মতামতের প্রভাব এরও উপরে স্বভাবতই এসে পড়ল; আবার সমাজতন্ত্রবাদের প্রসারের উপরেও এর প্রভাব পড়ল অনেকখানি। ইংলণ্ড ফ্রান্স জার্মানি, ইউরোপের এই প্রধান তিনটি শিল্পপ্রধান দেশে কিন্তু সমাজতন্ত্রবাদ কিছুটা বিভিন্ন রূপ ধারণ করল প্রত্যেক দেশে শ্রমিকশ্রেণীর প্রকৃতি এবং শক্তির বিভিন্নতা অনুসারে। মোটের উপর বলা যায়, ইংলণ্ডের সমাজতন্ত্রবাদীরা ছিল রক্ষণপন্থী। এদের বিশ্বাস ছিল বিবর্তনের পথে এবং ধীরগতিতে এগিয়ে চলাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ডের সমাজতন্ত্রবাদীরা ছিলেন এদের তুলনায় বেশিমাত্রায় প্রগতি এবং বিপ্লব পন্থী। আমেরিকার অবস্থা ছিল সম্পূর্ণ আলাদা। তার দেশের আয়তন অতি বৃহৎ, শ্রমিকও তার অনেক প্রয়োজন হল; কাজেই সেখানে বহু কাল যাবৎ তেমন কোনো শ্রমিক আন্দোলন বেড়ে উঠল না।

 ঊনবিংশ শতাব্দীর মাঝখান থেকে শুরু করে এক পুরুষ যাবৎ পৃথিবীতে শিল্প-বাণিজ্যের বাজারে ব্রিটেনই আধিপতা বিস্তার করে রইল; বাইরে থেকে অর্থের স্রোতও তার ঘরে আসতে লাগল; ব্যবসাবাণিজ্যের লাভ হিসেবে এবং ভারতবর্ষ ও অন্যান্য অধীন দেশের শোষণের ফলে এই বিপুল পরিমান ধনের খানিকটা গিয়ে শ্রমিকদেরও হাতে পৌঁছল; তাদের জীবনযাত্রার এত উন্নতি ঘটল যা আগে কোনোদিন হয় নি। ধনসমৃদ্ধির সঙ্গে বিপ্লবের সাদৃশ্য কিছুই নাই। ব্রিটেনের শ্রমিকদের মধ্যে যে বিপ্লব-কামনা একদা দেখা গিয়েছিল তা একেবারেই অন্তর্হিত হয়ে গেল, এমনকি সমাজতন্ত্রবাদেও ব্রিটিশ নমুনাটি হল সকলের চেয়ে নরমপন্থী। এর নাম দেওয়া হল ফেবিয়ানিজ্‌ম্। নামটি একজন রোমান সেনাপতির নাম থেকে নেওয়া—ইনি শত্রুর সঙ্গে মুখোমখি যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন এবং দূরে থেকে ধীরে ধীরে তাদের অবসন্ন করে এনেছিলেন। ১৮৬৭ সনে ব্রিটেনে ভোটের অধিকার আরও বাড়িয়ে দেওয়া হল, এবার শহর অঞ্চলের শ্রমিকরাও অনেকে এই অধিকার পেয়ে গেল। ট্রেড ইউনিয়নগুলো এত সভ্যভব্য এবং সমৃদ্ধিশালী হয়ে উঠেছিল যে, শ্রমিকরা সাধারণত ব্রিটেনের উদারনৈতিক দলকেই ভোট দিত। এই সময়কার অবস্থা সম্বন্ধে কার্ল্ মার্ক্‌স বলেছিলেন: “ইংলণ্ডের শ্রমিকনেতা না হওয়াই বরং মর্যাদাসূচক; কারণ, এই নেতাদের অধিকাংশই উদারপন্থীদের ক্রীত অনুচর মাত্র।”

 ব্যবসায়ের সমৃদ্ধির ফলে ইংলণ্ড যখন বেশ হৃষ্ট এবং পুষ্ট হয়ে উঠছে, ঠিক সেই সময়েই ইউরোপের মহাদেশে একটি নূতন মতবাদ নিয়ে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সঞ্চার হয়েছিল। এটি হচ্ছে অ্যানার্কিজ্‌ম্ বা অরাজকবাদ। অনেক লোক আছে যারা এর সম্বন্ধে কিছু‍ই জানে না, অথচ এর নাম শুনেও ভয় পায়। অ্যানার্কিজ্‌ম্ বলতে বোঝাত এমন একটা সমাজকে, যেখানে কেন্দ্রীয় শাসনব্যবস্থা যতদূর সম্ভব বর্জন করে চলা হবে এবং প্রত্যেক ব্যক্তি প্রচুর পরিমাণ ​স্বাধীনতা ভোগ করবে। অ্যানার্কিজ্‌মের আদর্শ হচ্ছে অত্যন্তরকম উচ্চ: “এঁরা একটি আদর্শ সমাজে বিশ্বাস করেন; সে সমাজ আশাবাদ, সংহতি এবং পরস্পরের অধিকার সম্বন্ধে স্বতঃস্ফূর্ত সম্ভ্রমবোধের উপর প্রতিষ্ঠিত।” সেখানে রাষ্ট্র ব্যক্তির উপরে কোনোরকম পীড়ন বা জোরজুলুম চালাবে না। থোরো-নামক একজন আমেরিকান বলেছেন, “সর্বাপেক্ষা ভালো হচ্ছে সেই শাসন যা মোটেই শাসন করে না; মানুষ যখন তাকে পাবার মতো যোগ্যতা অর্জন করবে তখন সেই রকমের শাসনব্যবস্থাই তারা গড়ে নেবে।”

 আদর্শটিকে খুবই চমৎকার বলে মনে হয়—প্রত্যেক বাক্তি সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে, প্রত্যেকে অপরের মর্যাদা রক্ষা করে চলছে, সকলেই স্বার্থপরতা থেকে মুক্ত, সকলে স্বেচ্ছায় সানন্দে পরস্পরের সহযোগিতা করছে। কিন্তু আধুনিক জগৎ সে আদর্শ থেকে এখনও বহু দূরে পড়ে রয়েছে, এখানে আজও স্বার্থপরতা আর হানাহানির রাজত্ব। অ্যানার্কিস্ট্‌রা চায়, কোনোরকম কেন্দ্রীয় শাসনব্যবস্থা থাকবে না, বা থাকলেও তার ক্ষমতা যথাসম্ভব কম হবে; এতকাল ধরে স্বৈরতন্ত্র আর স্বেচ্ছাচারের ফলে প্রজারা যে পীড়ন সহ্য করেছে, এটা নিশ্চয়ই তার প্রতিক্রিয়া থেকে জাত। শাসনকর্তৃপক্ষ তাদের ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, তাদের উপর অকথা অত্যাচার চালিয়েছে। দূর হোক, শাসনকর্তৃপক্ষ থেকেই দরকার নেই আমাদের! অ্যানার্কিস্ট্‌রা এ কথাও ভাবত যে, সমাজতন্ত্রবাদের এমন কতকগুলো রূপ আছে যেগুলোর আমলে রাষ্ট্র সমস্ত উৎপাদন-সম্পত্তির মালিক হয়ে বসবে এবং তার পর হয়তো নিজেই অত্যাচারী হয়ে উঠবে। কাজেই দেখা যাচ্ছে, অ্যানার্কিস্ট্‌রাও ছিল বিশেষ এক ধরনের সমাজতন্ত্রবাদী, প্রত্যেক স্থান এবং বাক্তির স্বাধীনতার উপরে তারা খুব বেশি জোর দিত। ওদিকে আবার সমাজতন্ত্রবাদীদের অনেকে অ্যানার্কিস্ট্‌দের মতটাকে একটা অতিদূরবর্তী আদর্শ বলে স্বীকার করতে রাজি ছিল; কিন্তু তাদের মতে কিছু কালের জন্য অন্তত সমাজতন্ত্রবাদের নীতিতে গঠিত একটা কেন্দ্রায়ত্ত এবং শক্তিশালী শাসনব্যবস্থা রাখার প্রয়োজন আছে। কাজেই দেখা যাচ্ছে, সমাজতন্ত্রবাদ আর অ্যানার্কিকিজ্‌মের মধ্যে তফাত অনেক ছিল বটে, কিন্তু তবুও প্রত্যেকটার মধ্যেই এমন অনেকগুলো উপমত ছিল যারা ক্রমে পরস্পরের কাছাকাছি চলে আসছে এবং পরস্পরের সঙ্গে মিলে যাচ্ছে।

 আধুনিক শিল্পতন্ত্র থেকে জন্ম হল একটা সুসংহত শ্রমিকশ্রেণীর। অ্যানার্কিজ্‌ম্ বিশেষ সুসংহত আন্দোলন হয়ে উঠতে পারে নি, সেটা তার প্রকৃতিরই বিরোধী হত। কাজেই ট্রেড ইউনিয়ন প্রভৃতি সংগঠন যেখানে গড়ে উঠছে এমন-সব শিল্পপ্রধান দেশগুলিতে অ্যানাকিজ্‌ম্ বিশেষ প্রসার লাভ করবে এমন সম্ভাবনা ছিল না। অতএব ইংলণ্ডে অ্যানার্কিস্ট্‌দের সংখ্যা মোটেই বেশি ছিল না, জার্মানিতেও নয়। কিন্তু ইউরোপের দক্ষিণ ও পূর্ব অঞ্চলের দেশগুলোতে শিল্পতন্ত্র ততটা তখনও প্রতিষ্ঠিত হয় নি; এইসব দেশে এদের মতবাদ বেশ বেড়ে উঠল। তার পর দক্ষিণ এবং পূর্ব অঞ্চলেও আবার আধুনিক শিল্পপ্রথা প্রতিষ্ঠিত হল, অ্যানার্কিজ্‌মেরও প্রতিপত্তি ততই কমে যেতে লাগল। এখনকার দিনে এই মতবাদটা বস্তুত মৃত; কিন্তু এখনও স্পেন প্রভৃতি অনুন্নত এবং শিল্পবিমুখ দেশে এর কিছু কিছু সাক্ষাৎ মেলে।

 আদর্শ হিসেবে হয়তো অ্যানার্কিজ্‌ম্ খুবই চমৎকার জিনিষ ছিল। কিন্তু বহু অযোগ্য বাক্তি এর আশ্রয় গ্রহণ করল—সহজে উত্তেজিত এবং নিজের অবস্থাতে অসন্তুষ্ট লোকরার শুধু নয়, এমন বহু স্বার্থপর লোকও, যারা এই আদর্শের দোহাই দিয়ে নিজেদের লাভ গুছিয়ে নিতে চেষ্টা করছিল, এবং তার ফলেই এমন একটা অশুভ হানাহানির সৃষ্টি হল, এখনও অ্যানার্কিজ্‌ম্ বলতে প্রত্যেক লোকে সেই ব্যাপারকেই বোঝে; অ্যানার্কিজ্‌মের নামটাই একটা কুখ্যাতি অর্জন করে বসেছে। সমাজকে তাদের ইচ্ছামতো বদলে গড়ে নেবার মতো বৃহৎ একটা কিছু করে উঠতে না পেরে কতক অ্যানার্কিস্ট্‌ স্থির করল, তারা একটি অভিনব উপায়ে তাদের মতবাদ প্রচার করে যাবে। এই পন্থাটার নাম ছিল ‘কাজ দেখিয়ে প্রচার করা’; এদের পদ্ধতি হল—সাহসের প্রমাণ দেখানো, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে বীরের মতো লড়াই করা, নিজের প্রাণ বিসর্জন দেওয়া। এই প্রেরণার বশবর্তী হয়ে এরা বহু স্থানে বিদ্রোহ ঘোষণা করল। এইসব বিদ্রোহে যারা যোগ দিল তারা সে বিদ্রোহ তখনই সফল হবে এমন ভরসা রাখত না। তাদের আদর্শকে এই অভিনব ​উপায়ে প্রচার করবার জন্যেই শুধু আগ্রহে নিজের জীবন বিপন্ন করছিল। এইসব বিদ্রোহ অবশ্য সঙ্গে সঙ্গেই দমন করা হল। অ্যানার্কিস্ট্‌রা তখন শুরু করল ব্যক্তিগতভাবে বিভীষিকা সৃষ্টি করতে; বোমা ফেলা, রাজা এবং বড়ো বড়ো কত রাজকর্মচারীকে গুলি করে মারা ইত্যাদি। তাদের দুর্বলতা এবং হতাশা বেড়ে যাচ্ছে, এই অর্থহীন নরহত্যা অবশ্য ছিল তারই স্পষ্ট প্রমাণ। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে পৌঁছে, আন্দোলন হিসাবে অ্যানার্কিজ্‌ম্‌ ক্রমে একেবারেই মিলিয়ে নিশ্চিহ্ন হয়ে গেল। অ্যানার্কিস্ট্‌দের মধ্যেও অনেক নেতৃস্থানীয় ব্যক্তি বোমা-ছোঁড়া বা ‘কাজ দেখিয়ে প্রচার করা’ প্রভৃতি অনুমোদন করতেন না, তাঁরা এগুলো বর্জন করে চললেন।

 কয়েকজন খুব প্রসিদ্ধ অ্যানার্কিস্টের নাম তোমাকে বলছি এই অ্যানার্কিস্ট্‌-নেতাদের মধ্যে অনেকেই ব্যক্তি হিসেবে ছিলেন আশ্চর্যরকম নম্রস্বভাব, আদর্শবাদী এবং শ্রদ্ধা-আকর্ষণ করবার মতো লোক—এটা ভাবতে বিস্ময় লাগে। অ্যানার্কিস্ট্‌দের প্রথম নেতা ছিলেন একজন ফরাসি, তাঁর নাম পিয়েরে প্রুধোঁ। এঁর জীবনকাল হচ্ছে ১৮০৯ থেকে ১৮৬৫ সন পর্যন্ত। এঁর চেয়ে বয়সে সামান্য ছোটো ছিলেন মিচেল বাকুনিন, ইনি একজন অভিজাত রাশিয়ান। ইউরোপের ইনি ছিলেন একজন জনপ্রিয় শ্রমিক-নেতা, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের। মার্ক্‌সের সঙ্গে এঁর মতের বিরোধ হয়; মার্ক্‌স তাঁর গঠিত আন্তর্জাতিক সংঘ থেকে এঁকে এবং এঁর অনুচরদের তাড়িয়ে দেন। তৃতীয় যাঁর নাম করব তিনি প্রায় আমাদের সময়কারই লোক, পিটার ক্রোপটকিন—ইনিও ছিলেন রাশিয়ান এবং একজন সামন্তরাজবংশের লোক! অ্যানার্কিজ‍্ম্‌ এবং অন্যান্য কত বিষয় নিয়ে ইনি অনেকগুলো খুব ভালো বই লিখেছেন। চতুর্থ এবং শেষ নামটি আমি যাঁর করব তিনি হচ্ছেন একজন ইতালিয়ান এন্‌রিকো মালাটেস্টা। ইনি আজও বেঁচে আছেন, এখন এঁর বয়স প্রায় আশি বছর। ঊনবিংশ শতাব্দীর মহান অ্যানার্কিস্ট্‌দের মধ্যে একা ইনিই অবশিষ্ট রয়েছেন।

 মালাচেস্টা সম্বন্ধে একটি ভারি চমৎকার গল্প আছে, তোমাকে সেটি বলছি। ইতালির একটি আদালতে তাঁর বিচার হচ্ছিল। সরকারি উকিল তাঁর নামে অভিযোগ করে বললেন, এই অঞ্চলের শ্রমিকদের মধ্যে মালাটেস্টার প্রচণ্ড প্রতিপত্তি; তাঁর প্রভাবে পড়ে তাদের স্বভাব-চরিত্রই একদম বদলে গেছে। তাদের অপরাধপ্রবণতা তিনি কমিয়ে ফেলেছেন: ফলে অপরাধের পরিমাণ একেবারেই কমে গেছে। অথচ সমস্ত অপরাধ করাই যদি বন্ধ হয়ে যায়, তবে আদালতগুলো থাকবে কী করতে? অতএব মালাটেস্টার জেল হওয়া উচিত! বাস্তবিকই মালাটেস্টাকে ছয় মাস কারাদণ্ড দেওয়া হল।

 দুর্ভোগ্যক্রমে অ্যানাকিজ্‌ম্‌ আর নৃশংস হানাহানি, দুটো বস্তুর নাম বড়ো বেশি একত্র জড়িয়ে গেছে। লোকে ভুলেই গেছে যে, এটারও একটা নিজস্ব দর্শন, একটা আদর্শ ছিল; সে আদর্শ একদা বহু জ্ঞানী ব্যক্তিকেও সচকিত করে তুলেছে। আদর্শ হিসেবে এটা এখনও আমাদের এই বর্তমান যুগের অতিমাত্রায়-দোষত্রুটিতে-ভরা জগৎ থেকে বহুদূর উচ্চে অবস্থিত; আমাদের আধুনিক সভ্যতা এখনও এত জটিলতার মধ্যে আবদ্ধ যে, অ্যানার্কিজ্‌মের সহজ প্রতিকারপন্থা তার সম্বন্ধে খাটে না।