ভারতকোষ (তৃতীয় খণ্ড)/গাছ বেড়া
(পৃ. ১০০)
গাছ বেড়া একটি গাছকে আনুষ্ঠানিকভাবে জুতা দিয়া বেষ্টন করা বীরভূম জেলার সুবর্ণবণিক সমাজের মধ্যে প্রচলিত বিবাহের আনুষঙ্গিক একটি আচার। বিবাহের দিন কিংবা তাহার পূর্বদিন এই আচারটি পালন করা হয়। পাত্র কিংবা পাত্রীর গৃহ হইতে শোভাযাত্রা সহকারে একটি নির্দিষ্ট বৃক্ষের উদ্দেশ্যে যাত্রা করা হয়। শোভাযাত্রার পুরোভাগে মনসামঙ্গলের গায়ক, মধ্য ভাগে এয়োস্ত্রীগণ, তৎপশ্চাৎ দেয়াশীর ক্রোড়ে মনসার ঘট, তারপর দর্পণ কিংবা কাজললতা হস্তে বর কিংবা কনে এবং সকলের পশ্চাতে বাদ্যভাণ্ড অগ্রসর হয়। গ্রামের নির্দিষ্ট স্থানে একটি বৃক্ষের চারিদিকে সুতা দিয়া বেষ্টন করিয়া তাহা প্রদক্ষিণ করা হয়। মনসামঙ্গলের গায়ক কিছুক্ষণ সেখানে দাড়াইয়া চামর-মন্দিরা সহযোগে মনসামঙ্গল গান করে। অতঃপর শোভাযাত্রা গৃহে ফিরিয়া আসে।
দ্র আশুতোষ ভট্টাচার্য, বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস, কলিকাতা, ১৯৬৪।
আশুতোষ ভট্টাচার্য