বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (তৃতীয় খণ্ড)/গাজর

উইকিসংকলন থেকে
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ১০১)

গাজর ধন্যাক গোত্রের (ফ্যামিলি-উম্‌বেল্লিফেরী, Family-Umbelliferae) অন্তর্গত দ্বিবীজপত্রী বীরুৎ; বিজ্ঞানসম্মত নাম দাউকস কারোতা (Daucus carota)। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে ধনে, মৌরি, জিরা জোয়ান প্রভৃতি মশলার গাছও ঐ একই গোত্রের অন্তর্ভুক্ত।

 আফগানিস্তান ও তৎসন্নিহিত অঞ্চল গাজরের জন্মভূমি। বর্তমানে পৃথিবীর বহু নাতিশীতোষ্ণ অঞ্চলে ইহার চাষ হয়। ভারতবর্ষে শীতকালীন সবজি হিসাবে গাজর উৎপন্ন হয়। গ্রীষ্মপ্রধান দেশে গাজর বর্ষজীবী গাছ, কিন্তু শীতপ্রধান দেশে ইহা দ্বিবর্ষজীবী। বেলে ও দো-আঁশ-মাটিতে গাজর ভাল হয়। হেক্টর প্রতি ফলন প্রায় ১৮ হইতে ৪৫ মেট্রিক টন।

 গাজরের যৌগ (কম্পাউণ্ড) পত্রগুলি ভূমিসংলগ্ন ক্ষুদ্র কাণ্ড হইতে বাহির হয়। দীর্ঘ পুষ্পদণ্ডের প্রান্তে ক্ষুদ্র ক্ষুদ্র শাদা বা গোলাপি ফুল ফোটে। পুষ্পবিন্যাস যৌগ ছত্রবিন্যাস জাতীয়। ফল ক্ষুদ্র ও শ্বেতবর্ণ।

 মাটির নীচে গাজরের প্রধান মূলে প্রচুর খাত সঞ্চিত থাকায় মূলটি স্ফীত ও শাঙ্কব (কোনিক্যাল) হইয়া ওঠে। জল, কার্বোহাইড্রেট, খনিজ লবণ প্রভৃতি ছাড়া এই মূলে যথেষ্ট পরিমাণে ক্যারোটিন নামক পীতবর্ণ রাসায়নিক পদার্থ থাকায় মূলটির বর্ণ হলুদ বা কমলা। এই ক্যারোটিন হইতে প্রাণীদেহে ভিটামিন এ উৎপন্ন হইতে পারে, তাই গাজরের মূল সবজি হিসাবে উৎকৃষ্ট।

দ্র Council of Scientific & Industrial Research, The Wealth of India: Raw Materials, vol. III, New Delhi, 1952.

সুনীলকুমার ভট্টাচার্য