বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (তৃতীয় খণ্ড)/চন্দ্রগুপ্ত, ১ম

উইকিসংকলন থেকে

​চন্দ্রগুপ্ত, ১ম খ্রীষ্টীয় চতুর্থ শতকের প্রথমে গুপ্তবংশীয় রাজা ঘটোৎকচের পুত্র চন্দ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করেন। তিনিই এই বংশে সর্বপ্রথম মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন এবং ৩২০ (মতান্তরে ৩১৮) খ্রীষ্টাব্দে তাঁহার রাজ্যারম্ভ কাল হইতে একটি অব্দের গণনা আরম্ভ হয়। ইহা গুপ্তাব্দ নামে পরিচিত এবং উত্তর ভারতের বহু স্থানে পাঁচ শত বৎসরেরও অধিক কাল প্রচলিত ছিল। চন্দ্রগুপ্ত লিচ্ছবিবংশীয়া কুমারদেবীকে বিবাহ করিয়াছিলেন। তাঁহার স্বর্ণমুদ্রায় রানীর মূর্তি ক্ষোদিত হইত। তাঁহার উত্তরাধিকারীগণের বংশাবলীতে তাঁহার লিচ্ছবি রানীর কথা সগর্বে উল্লিখিত হইত। ইহা হইতে এরূপ অনুমান করা অসংগত নহে যে লিচ্ছবিদের সহিত বৈবাহিক সম্বন্ধ তাঁহার উন্নতির মূল অথবা একটি প্রধান কারণ। তাঁহার রাজ্যের সীমানা সঠিকভাবে জানা যায় না, তবে সম্ভবতঃ ইহা পশ্চিমে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। ‘গুপ্তযুগ’ দ্র।

রমেশচন্দ্র মজুমদার