ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ঋত
(পৃ. ৪-৫)
ঋত বহু ব্যবহৃত ও গভীর তাৎপর্যপূর্ণ একটি বৈদিক শব্দ। ‘ঋ’ ধাতুর অর্থ ‘গমন করা’। সৃষ্টির মূলে যে অস্ফুট একটি নিয়মধর্মী সত্য রহিয়াছে তাহারই ছন্দিত ও সক্রিয় রূপ হইল ঋত। ‘জগৎ' অর্থে যেমন গতিশীল, বিবর্তমান, অনাদি, অনন্ত সৃষ্টি, ‘ঋত’ অর্থে তেমনই গতিশীল, নৈসর্গিক, নৈতিক এবং ধর্মীয় তাৎপর্যও রহিয়াছে। বিবর্তমান, অনাদি, অনন্ত, পরিব্যাপ্ত সত্য। নিছক যান্ত্রিক নৈসর্গিক একরূপতা নহে। নিসর্গ, নীতি ও ধর্ম যে মৌলসূত্রে গ্রথিত সেই সূত্রই ঋত। নৈসর্গিক ঘটনা, নৈতিক প্রবণতা ও ধর্মীয় আচরণের মধ্যে যে নিয়মানুগত্য পরিলক্ষিত হয় তাহা ঋতের সর্বব্যাপী ক্রিয়াশীলতার প্রকাশ।
সূর্যকন্যা ঋষি সূর্যার সূক্ত হইতে ঋতের একটি বর্ণনা এখানে উল্লেখযোগ্য: ‘সত্যই পৃথিবীকে উত্তম্ভিত করিয়া রাখিয়াছেন, সূর্য স্বর্গকে উত্তম্ভিত করিয়া রাখিয়াছেন, ঋতপ্রভাবে আদিত্যগণ আকাশে অবস্থিত আছেন, উহারই প্রভাবে সোম সেই স্থান আশ্রয় করিয়া আছেন।’ (ঋগ্বেদ ১০. ৮৫. ১। রমেশচন্দ্র দত্ত-কৃত অনুবাদ)।
নিরুক্তকার যাস্ক (৩.৪; ৪.২৪১) ও বেদভাষ্যপ্রণেতা সায়ণ ‘উদক’ ও ‘যজ্ঞ’ অর্থেও ঋত শব্দটির ব্যাখ্যা করিয়াছেন। আবার অন্য এক স্থলে (ঋ.১০.১০.১) সায়ণ ঋত শব্দের ব্যাখ্যা করিয়াছেন ‘যথার্থ মানস সংকল্প’। মনুসংহিতায় (৪.৫) ‘উঙ্কুশিল’ অর্থে ঋত শব্দটির উল্লেখ আছে।
দ্র অনির্বাণ, বেদমীমাংসা, ২য় খণ্ড, কলিকাতা, ১৯৬৫; দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় দর্শন, ১ম খণ্ড, কলিকাতা, ১৯৬০; S. Radhakrishnan, Indian Philosophy, vol. I, London, 1922; Sri Aurobindo, On the Vedas, Pondicherry, 1956; Sri Aurobindo's Vedic Glossary, compiled by A. B. Purani, Pondicherry, 1962.