ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ঋষভদেব (২)
অবয়ব
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ৭)
(পৃ. ৭)
ঋষভদেব২ ভাগবতে বর্ণিত কাহিনী অনুসারে (ভাগবত ৫ম স্কন্ধ) ঋষভদেব শ্রীভগবানের অষ্টম অবতার। মুমুক্ষুগণের আচরণীয় পারমহংস্যপথ প্রদর্শনের জন্য অগ্নীধ্রপুত্র নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। ইন্দ্র নাভির রাজ্যে বারিবর্ষণ বন্ধ করিলে ঋষভদেব যোগমায়ার প্রভাবে বর্ষণ সম্ভব করেন। ইনি ইন্দ্রকন্যা জয়ন্তীকে বিবাহ করেন এবং তাঁহার একশত পুত্রের মধ্যে জ্যেষ্ঠ ভরতকে রাজ্যের ভার দিয়া সর্বত্যাগী দিগম্বর সন্ন্যাসীরূপে যোগচর্চায় নিবিষ্ট হন। মৌনব্রতধারী ঋষভদেবকে লোকে নানাভাবে নির্যাতন করিত। স্বভাবসিদ্ধ যাবতীয় পুরুষার্থে নিরন্তর পরিপূর্ণ ঋষভদেব সেই নির্যাতন সহিয়া যোগীদের সহিষ্ণুতা ও মোক্ষসাধনের প্রণালী শিক্ষা দেন। বহু স্থান পর্যটনের পর দেহত্যাগের বাসনা হওয়ায় তিনি কূটকাচলের উপবনে উপস্থিত হন। এই স্থানে দাবানলে তাঁহার দেহ ভস্মীভূত হয়।