বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/একডালা

উইকিসংকলন থেকে
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ১৯)

একডালা পশ্চিম দিনাজপুর জেলার ঐতিহাসিক স্থান। বর্তমানে অধিকাংশ পণ্ডিতের মতে একডালা পশ্চিম দিনাজপুর জেলায় ছিরামতি ও বালিয়া নদীর সংগমস্থলের নিকট অবস্থিত ছিল। মধ্যযুগে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) পরিখা-বেষ্টিত ভূখণ্ড ব্যাপিয়া ইহার আয়তন বিস্তৃত ছিল। ইহার পরিখা ছিরামতি ও বালিয়া নদীর সঙ্গে সংযুক্ত ছিল। দুইটি নদীর মধ্য ভাগে অবস্থিত বলিয়া একডালা দ্বীপের ন্যায় দেখাইত এবং ঐতিহাসিক অফিফ এইজন্যই ইহাকে দ্বীপ বলিয়া বর্ণনা করিয়াছেন। সুলতান ইলিয়াস শাহ্‌ (১৩৪২-৫৭ খ্রী) এখানে সুদৃঢ় প্রাচীর নির্মাণ করিয়া শত্রুর আক্রমণ হইতে আত্মরক্ষা করিবার সুবন্দোবস্ত করিয়াছিলেন। ইহার আয়তন এত বৃহৎ ছিল যে প্রাচীরাভ্যন্তরেই ইলিয়াস শাহের সমস্ত সেনাবাহিনী এবং আমিরগণ ও তাঁহাদের পরিবারবর্গ বাস করিতে পারিত। ১৩৫৪ খ্রীষ্টাব্দে ইলিয়াস শাহ্‌ এবং ১৩৫৯ খ্রীষ্টাব্দে সিকন্দর শাহ্ (১৩৫৭-৮৯ খ্রী) এই দুর্গে আশ্রয় গ্রহণ করিয়া দিল্লীর সুলতান ফীরুজ তুঘলকের সহিত যুদ্ধ চালাইয়াছিলেন। ফীরূজ দুর্গ অধিকার করিতে সমর্থ হন নাই। পরবর্তী কালে সুলতান হুসেন শাহ্‌ (১৪৯৩-১৫১৯ খ্রী) একডালায় তাঁহার রাজধানী স্থানান্তরিত করিয়াছিলেন কিন্তু তাঁহার পুত্র নসরৎ শাহ্‌ (১৫১৯-৩২ খ্রী) পুনরায় গৌড়ে রাজধানী স্থাপন করেন। মধ্যযুগে একডালা সুরম্য বাসগৃহ, মসজিদ ও প্রাসাদ-শোভিত নগরী ছিল।

দ্র West Macott, ‘Note on the Site of Fort Ekdala, Dt. Dinajpur’, Journal of the Asiatic Society of Bengal, vol. 43, 1874; S. H. Hodivala, Studies from Indo-Muslim History, vol. I, Bombay, 1939; Jadunath Sarkar, ed., History of Bengal, vol. II, Dacca, 1948; West Bengal District Gazetteers: West Dinajpur, Calcutta, 1965.

সুকুমার রায়