বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/এডিংটন, আর্থার স্ট্যান্‌লি

উইকিসংকলন থেকে

এডিংটন, আর্থার স্ট্যান্‌লি (১৮৮২-১৯৪৪ খ্রী) ইংরেজ জ্যোতিঃপদার্থবিদ। এডিংটন কেম্‌ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র; কর্মজীবনে সেইখানেই জ্যোতির্বিদ্যার অধ্যাপক ও পরে মানমন্দিরের অধ্যক্ষ ছিলেন। তিনি ‘এফ. আর. এস.’ (১৯১৪ খ্রী), ‘নাইট’ (১৯৩০ খ্রী) এবং ‘অর্ডার অফ মেরিট’ (১৯৩৭ খ্রী) উপাধির দ্বারা সম্মানিত হন। ১৯২১-২২ খ্রীষ্টাব্দে এডিংটন রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি ছিলেন; কয়েকটি বিদেশী বিদ্বৎসমিতিও তাঁহাকে নানাভাবে সম্মানিত করেন।

 জ্যোতির্বিদ্যায় এডিংটনের মৌলিক গবেষণাগুলি প্রধানতঃ তারকাদের ঔজ্জ্বল্য, শক্তি, গঠন ও উদ্বর্তন সম্পর্কে। তাঁহার দ্বারা প্রতিষ্ঠিত নক্ষত্রের ‘ভর-ঔজ্জ্বল্যের সম্পর্ক’ (ম্যাস-লুমিনসিটি রিলেশন) জ্যোতিঃপদার্থবিদগণের একটি প্রধান অবলম্বন। আপেক্ষিকবাদের প্রচার ও প্রসারে তাঁহার বিশিষ্ট অবদান আছে। ১৯১৯ খ্রীষ্টাব্দের মে মাসে পূর্ণ সূর্যগ্রহণ উপলক্ষে প্রধানতঃ এডিংটনের পরিচালনায় যে পর্যবেক্ষণমূলক গবেষণা অনুষ্ঠিত হয় তাহার দ্বারাই মহাকর্ষ-ক্ষেত্রে আলোকরশ্মির আপেক্ষিকবাদ-কথিত বিচ্যুতি (‘আপেক্ষিকবাদ’ দ্র) প্রমাণিত হয়; ইহার ফলেই পরীক্ষিত তত্ত্ব হিসাবে আপেক্ষিকবাদ বৈজ্ঞানিক সমাজে প্রতিষ্ঠা পায়। বিজ্ঞানের দুরূহ তত্ত্বের নিপুণ ব্যাখ্যাতারূপেও এডিংটন প্রসিদ্ধ।

রমাতোষ সরকার