ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/এরাতোস্থেনেস, এরাটোস্থিনিস
(পৃ. ৩৯)
এরাতোস্থেনেস, এরাটোস্থিনিস (আনুমানিক ২৭৬-১৯৪ খ্রীষ্টপূর্বাব্দ) গ্রীক বিজ্ঞানী। জন্মস্থান সিরিনী; আলেক্সান্দ্রিয়ায় ব্যাকরণ ও আথেন্সে দর্শনশাস্ত্র শিক্ষা করেন। শিক্ষাশেষে আলেক্সান্দ্রিয়াতেই প্রধান গ্রন্থাগারিকের পদে বৃত ছিলেন। ‘গেওগ্রাফিকা’ (ভূগোল) গ্রন্থে তিনি ভূগোলের গাণিতিক বিষয়গুলির আলোচনা প্রবর্তন করেন। তিনিই সর্বপ্রথম পৃথিবীর পরিধি নিরূপণ করেন এবং ইহাই বিজ্ঞানে তাঁহার সর্বশ্রেষ্ঠ দান। তাঁহার দ্বিতীয়বারের ও সর্বশেষ পরিমাপ অনুযায়ী পৃথিবীর পরিধি ২৫২০০০ স্তাদিআ (১ স্তাদিওন=প্রায় ১৮০ মিটার)। গ্রীক জ্যামিতিবিদ্ পাপ্পুস-এর (খ্রীষ্টীয় তৃতীয় শতক) সাক্ষ্য হইতে জানা যায় ‘পেরিমেসোতেতোন’ (মধ্যক সংখ্যা, mean) নামে দুইখানি অধুনালুপ্ত গণিতগ্রন্থ তিনি প্রণয়ন করেন। মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি পদ্ধতি তিনি আবিষ্কার করিয়াছিলেন। ইহা ‘কস্কিনন’ (চালুনি) নামে খ্যাত। পাশ্চাত্ত্যে তাঁহাকে সন-তারিখ নির্ণয়ের বৈজ্ঞানিক পদ্ধতির আবিষ্কারক হিসাবেও গণ্য করা হয়। ট্রয়-বিজয়ের তারিখ হইতে হিসাব করিয়া রাজনৈতিক ও সাহিত্য সংক্রান্ত প্রধান প্রধান ঘটনার কালক্রম নির্ধারণের তিনি চেষ্টা করিয়াছিলেন। গ্রীক কমেডি সম্বন্ধে তাঁহার তথ্যসমৃদ্ধ আলোচনাটি বিশেষ উল্লেখযোগ্য। দর্শন ও ইতিহাস -বিষয়ক কয়েকটি গ্রন্থও তাঁহারই রচনা বলিয়া মনে করা হয়।