বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/এরিয়ান ক্লাব

উইকিসংকলন থেকে

এরিয়ান ক্লাব ফুটবল ক্রিকেট প্রভৃতি ক্রীড়া চর্চার বাঙালী প্রতিষ্ঠান। ১৮৮৪ খ্রীষ্টাব্দে উত্তর কলিকাতার রামধন মিত্র লেন সংলগ্ন একটি ছোট মাঠকে আশ্রয় করিয়া ইহার সূচনা হইলেও প্রকৃতপক্ষে ১৮৯৪ খ্রীষ্টাব্দে ইহা সুপ্রতিষ্ঠিত হয়। পল্লীর দেবেন্দ্রনাথ মিত্র ইহার গোড়াপত্তন করেন। তাহার ও দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় ইহার শ্রীবৃদ্ধি হইতে থাকে। স্থাপিত হইবার কিছুকাল পরে প্রায় একই সময়ে পরবর্তী কালে ক্রীড়াজগতে স্বনামধন্য দুখীরামবাবু এবং রামদাস ভাদুড়ী ইহাতে যোগদান করেন। ইহারা শুধু কৃতী খেলোয়াড়ই ছিলেন না, ক্রীড়াশিক্ষাবিদ হিসাবে দুইজনেরই বিশেষ খ্যাতি ছিল। ইহাদের দুইজনের শিক্ষাগুণে ক্লাবটি ফুটবল ও ক্রিকেট উভয় খেলাতেই শক্তিশালী দল হিসাবে পরিচিত হইতে আরম্ভ করে। রামদাস ভাদুড়ী ক্লাব ছাড়িয়া যাইবার পর ১৮৯৪ খ্রীষ্টাব্দে ক্রীড়ামোদী অধ্যাপক সারদারঞ্জন রায়ের উপদেশানুসারে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্লাবটি পরিচালিত হইতে আরম্ভ করে; পরবর্তী কালে এলাহাবাদ ক্রিষ্টিয়ান কলেজের গণিতের অধ্যাপক, নলিনী মিত্র ইহার প্রথম সম্পাদক নির্বাচিত হন। দুখীরাম-বাবুর শিক্ষাগুণে অনেক নূতন খেলোয়াড় তৈয়ারি হয়, ফলে দল হিসাবে ক্লাব ক্রমশঃ জনপ্রিয়তা অর্জন করিতে থাকে। বিখ্যাত ফুটবল প্রতিযোগিতাসমূহে বারংবার বিজয়ী হইবার দৃষ্টান্ত স্থাপন করিতে না পারিলেও গুণী খেলোয়াড় সন্ধান করিয়া শিক্ষাদ্বারা তাহাকে কৃতী খেলোয়াড়ে উন্নীত হইতে সাহায্য করিবার জন্যই এরিয়ান ক্লাব সমধিক খ্যাত। ১৯১৫ খ্রীষ্টাব্দে এই ক্লাব ক্যালকাটা ফুটবল লীগ-এর দ্বিতীয় ডিভিসনে খেলিতে আরম্ভ করে ও ১৯১৬ খ্রীষ্টাব্দে উহার প্রথম ডিভিসনে উন্নীত হয়। ১৯৪১ খ্রীষ্টাব্দে আই. এফ. এ. শীল্ড বিজয়ী এবং ১৯৫৬ খ্রীষ্টাব্দে ইহার রানার্‌স-আপ হয়।

 ক্রিকেটের ক্ষেত্রে শক্তিশালী দল হিসাবে ক্লাবটি স্বাধীনতালাভের পূর্বযুগ পর্যন্ত বিশেষ খ্যাতির অধিকারী ছিল। তৎকালীন প্রতিনিধিমূলক অল্প যে কয়েকটি প্রতিযোগিতা ছিল তাহাতে এই ক্লাব হইতে খেলোয়াড় চয়ন অবশ্যকরণীয় ছিল। প্রাদেশিক, সর্বভারতীয় ও বহির্ভারতীয় সফরকারী ক্রিকেট দলে ক্লাবের খেলোয়াড় নির্বাচিত হইয়াছে। হকি খেলায় প্রথম দিকে খুব গুরুত্বপূর্ণ স্থান পায় নাই, তবে উত্তরপর্বে বি. এইচ. এ. পরিচালিত লীগ ও বেটন কাপ প্রতিযোগিতায় ক্লাব অংশ গ্রহণ করিয়াছে। সম্প্রতি ক্লাব কর্তৃক একটি বাৎসরিক অ্যাথলেটিক অনুষ্ঠান পরিচালিত হইতেছে। ১৯১২ খ্রীষ্টাব্দে গড়ের মাঠে বর্তমান টাউন ক্লাব-এর মাঠে ক্লাব প্রথম তাঁবু প্রতিষ্ঠা করিতে সক্ষম হয়। প্রথম দিকে সাধারণতঃ শ্যাম পার্ক ও পরে দেশবন্ধু পার্কে ওভাল মাঠে ক্লাবের আমন্ত্রিত ক্রিকেট ম্যাচগুলি অনুষ্ঠিত হইত। ১৯৬৩ খ্রীষ্টাব্দে ঈস্টবেঙ্গল ক্লাব-এর সহিত মাঠের অংশভোগী হইবার পূর্বে মহামেডান ক্লাবের মাঠের অংশী থাকাকালীন সভ্যগণের জন্য দর্শকমঞ্চ প্রথম স্থাপিত হয়। ক্লাবের বর্তমান (১৯৬৪ খ্রী) সভ্য-সংখ্যা ২৫০০।

কমল ভট্টাচার্য