বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/এলিফ্যাণ্টা

উইকিসংকলন থেকে
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ৪৫)

​এলিফ্যাণ্টা ১৮°৫৭′ উত্তর ৭৩° পূর্ব। বোম্বাই শহর হইতে ১০ কিলোমিটার (৬ মাইল) দূরবর্তী ক্ষুদ্র দ্বীপ। আঞ্চলিক নাম ঘারাপুরী। এখানে একটি পাথরের তৈয়ারি হাতির মূর্তি ছিল বলিয়া পর্তুগীজরা দ্বীপের নামকরণ করে এলিফাণ্টা (হাতি)। মূর্তিটি ভাঙিয়া যাওয়ায় উহা বোম্বাই শহরে আনীত হয়। এলিফ্যাণ্টা গুহামন্দিরের জন্য বিখ্যাত। এখানে ৬টি গুহামন্দির আছে; তন্মধ্যে ৪টি সম্পূর্ণ বা প্রায়সম্পূর্ণ। শিবপুরা নামক গুহামন্দিরটি (আনুমানিক ৮ম শতাব্দী) বিশেষ উল্লেখযোগ্য। ইহার আসনবিন্যাস ও আকৃতি ভারতের অন্যান্য গুহামন্দিরের তুলনায় পৃথক। মন্দিরটির উত্তর, পশ্চিম ও পূর্ব দিকের সম্মুখভাগ উন্মুক্ত হওয়াতে সভামণ্ডপে সূর্যালোকের অভাব ঘটে না। ফলে দিনের আলোয় এখানকার ‘ত্রিমূর্তি’টি উদ্ভাসিত হইয়া ওঠে। এলিফ্যাণ্টায় অনেকগুলি সুন্দর পাথরের মূর্তি আছে; তন্মধ্যে পূর্বোক্ত ‘ত্রিমূর্তি’টি বিশেষ প্রসিদ্ধ। মধ্যের মুখটি মহাদেবের; দক্ষিণের ও বাম দিকের মুখ দুইটি যথাক্রমে অঘোর ও উমার। এলিফ্যাণ্টার শিল্পী শিবদেবতার সৌম্য ও উগ্র এই দুই রূপ—এবং শিবশক্তি উমাকে একাবয়বে নৈপুণ্যের সহিত রূপায়িত করিয়াছেন।

 শিবরাত্রি উপলক্ষে এখানে প্রতি বৎসর মেলা বসে।

দ্র J. Burgess, The Rock Temple Elephanta or Gharapuri, Bombay, 1871; J. Fergusson, History of Indian and Eastern Architecture, London, 1910; J. N. Banerjea, The Development of Hindu Iconography, Calcutta, 1956.

সোমনাথ ভট্টাচার্য