ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/এলিয়ট, হেনরি মায়ার্স
(পৃ. ৪৭)
এলিয়ট, হেনরি মায়ার্স (১৮০৮-৫৩ খ্রী) ১৮০৮ খ্রীষ্টাব্দের ১ মার্চ ইংল্যাণ্ডে জন্ম। বিদ্যালয়ের পাঠ শেষ করিয়া ১৮ বৎসর বয়সে ইণ্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ১৮২৬ খ্রীষ্টাব্দে ইনি ভারতে আসেন। বর্তমান উত্তর প্রদেশের নানা স্থানে বিভিন্ন পদে কার্য করিয়া ১৮৪৭ খ্রীষ্টাব্দে ইনি ভারত গভর্নমেণ্টের রাজনৈতিক বিভাগের সেক্রেটারি নিযুক্ত হন। দায়িত্বপূর্ণ রাজকার্যের অবসরে এলিয়ট দীর্ঘকাল ধরিয়া ভারতবর্ষের ইতিহাস রচনার জন্য বহু মূল্যবান উপকরণ সংগ্রহ করেন। ভারত ইতিহাস সম্পর্কে তাঁহার প্রথম গ্রন্থ ‘বিবুলিওগ্র্যাফিক্যাল ইন্ডেক্স টু দি হিস্টরিয়ান্স অফ মহামেডান ইণ্ডিয়া’ (১ম খণ্ড, কলিকাতা ও লণ্ডন, ১৮৪৯ খ্রী)-তে আরবী ও ফারসীতে রচিত ২৩১ জন ঐতিহাসিকের রচনার সারসংগ্রহ ও সমালোচনা করা হয়।
স্বাস্থ্যভঙ্গ হওয়ায় এলিয়ট ছুটি লইয়া স্বদেশের উদ্দেশে যাত্রা করেন কিন্তু পথিমধ্যে ১৮৫৩ খ্রীষ্টাব্দের ২০ ডিসেম্বর উত্তমাশা অন্তরীপে মাত্র ৪৫ বৎসর বয়সে তাঁহার মৃত্যু হয়। তাঁহার রচিত ‘দি হিস্টরি অফ ইণ্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইট্স্ ওন্ হিস্টরিয়ান্স্’ পুস্তকখানি মৃত্যুর পর অধ্যাপক জন ডসন্ কর্তৃক সম্পাদিত হইয়া ৮ খণ্ডে প্রকাশিত হয় (১৮৬৬-৭৭ খ্রী)। উপসংহার অংশটুকু ই. সি. বেইলি সম্পাদনা করেন এবং ইহার প্রকাশকাল ১৮৮৬ খ্রীষ্টাব্দ। এলিয়টের অপর একখানি গ্রন্থ ‘মেময়ার্স অফ দি হিস্টরি, ফোকলোর অ্যাণ্ড ডিস্ট্রিবিউশন অফ দি রেসেস্ অফ এন. ডব্লু. পি.’ জন বীম্স কর্তৃক সম্পাদিত হইয়া ১৮৮১ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। এলিয়টের রচনাবলীতেই প্রথম ভারতবর্ষের ইতিহাসের মুসলমান যুগের প্রকৃত তথ্য জানিবার সুযোগ হয়।