ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/এলিস, হেনরি হ্যাভলক
(পৃ. ৪৭-৪৮)
এলিস, হেনরি হ্যাভলক (১৮৫৯-১৯৩৯ খ্রী) ইংরেজ মনোবিজ্ঞানী, সমাজতত্ত্ববিদ্ ও সাহিত্যিক। প্রথম জীবনে শিক্ষকতা এবং কিছুদিন চিকিৎসা ব্যবসায় ও করেন। পরে তিনি বৈজ্ঞানিক ও সাহিত্যিক গ্রন্থরচনায় মনোনিবেশ করেন। তাঁহার সর্বাধিক পরিচিত গ্রন্থ ‘স্টাডিজ ইন দি সাইকলজি অফ সেক্স’ ১৮৯৮-১৯২৮ খ্রীষ্টাব্দ ধরিয়া সাত খণ্ডে গ্রন্থটি প্রকাশিত হয়। ইওরোপে তখনও ভিক্টোরীয় মনোভাবের প্রভাবে যৌন বিষয়ে আলোচনা নিষিদ্ধ ও নিন্দিত; ফলে এই গ্রন্থ রচনার জন্য এলিসকে নানা দুর্ভোগ সহ্য করিতে হয়। যৌন মনস্তত্ত্বের আলোচনায় জ়িগ্মুণ্ট ফ্রয়েডের মতই মনোবিকার ও কামবিকারের অজস্র দৃষ্টান্ত পর্যালোচনা করিলেও ফ্রয়েডের সহিত এলিসের প্রাধন পার্থক্য এই যে যৌন মনস্তত্ত্বের ব্যাখ্যাংশে তিনি বিশেষ জৈব ও শারীরিক উপাদানের উপরই গুরুত্ব আরোপ করিয়াছেন।
‘ইম্প্রেশন্স অ্যাণ্ড কমেণ্ট্স’ (১৯১৪-২৪ খ্রী), ‘দি ডান্স অফ লাইফ’ (১৯২৩ খ্রী), ‘এ স্টাডি অফ ব্রিটিশ জিনিয়াস’ (১৯২৭ খ্রী), ‘ম্যারেজ টুডে অ্যাণ্ড টুমরো’ (১৯২৯ খ্রী) প্রভৃতি গ্রন্থে এলিস সমাজতত্ত্ব ও সংস্কৃতির নানা সমস্যা সম্পর্কে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করিয়াছেন। সাহিত্যে তাঁহার প্রধান অবদান ‘সনেট্স উইথ ফোক সঙ্স ফ্রম দি স্প্যানিশ’ (১৯২৫ খ্রী) এবং ফরাসী ভাষা হইতে জ়োলা-রচিত উপন্যাসের ইংরেজী তর্জমা—‘জার্মিনাল’ (১৯২৫ খ্রী)।
দ্র D. Isaac Goldberg, Havelock Ellis: A Biographical and Critical Survey, 1926.