বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/এল্‌ফিন্‌স্টোন, মাউণ্টস্টুয়ার্ট

উইকিসংকলন থেকে

এল্‌ফিন্‌স্টোন, মাউণ্টস্টুয়ার্ট (১৭৭৯-১৮৫৯ খ্রী) ১৭৭৯ খ্রীষ্টাব্দের ৬ অক্টোবর ইংল্যাণ্ডে জন্মগ্রহণ করেন। এডিন্‌বরা ও কেনসিংটনে শিক্ষালাভ করিয়া তিনি ঈস্ট ইণ্ডিয়া কোম্পানির ‘রাইটার’-এর চাকুরি লইয়া ১৭৯৫ খ্রীষ্টাব্দে ভারতে আসেন। বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেটের সহকারী রূপে কার্যকালে ইনি ভারতবর্ষের প্রাচীন ইতিহাসের প্রতি আকৃষ্ট হন ও তৎসংক্রান্ত পুস্তকাদি যত্নসহকারে অধ্যয়ন করিতে থাকেন। ভারতীয় ইতিহাসের প্রতি এল্‌ফিন্‌স্টোনের এই অনুরাগ আজীবন অব্যাহত ছিল। পুনায় পেশোয়া বাজীরাও-এর দরবারে এজেণ্টের সহকারী (১৮০১ খ্রী) ও রেসিডেণ্ট (১৮১১ খ্রী), নাগপুরে ভোঁসলার দরবারে রেসিডেণ্ট (১৮০৪-০৮ খ্রী), কাবুলে ভারত সরকারের প্রতিনিধি (১৮০৯ খ্রী) প্রভৃতি বিভিন্ন পদে কার্য করার পর ভারত সরকার এল্‌ফিন্‌স্টোনকে বোম্বাই প্রদেশের গভর্নর নিযুক্ত করেন (১৮১৯-২৭ খ্রী)। মারাঠা শক্তিকে পর্যুদস্ত করিয়া ঐ অঞ্চলে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত করার ব্যাপারে এল্‌ফিন্‌স্টোন যথেষ্ট দূরদর্শিতা ও রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দেন। বোম্বাই প্রদেশে শিক্ষাবিস্তারকার্যেও তিনি প্রভূত সহায়তা করেন। শিক্ষাবিস্তারে এল্‌ফিন্‌স্টোনের উৎসাহ ও সহায়তাকে স্মরণীয় করার জন্য বোম্বাই শহরে ‘এল্‌ফিন্‌স্টোন কলেজ’ নামে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপিত হইয়াছিল। ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের পথিকৃৎ হইলেও এল্‌ফিন্‌স্টোন উদারহৃদয় ও সুবিবেচক শাসক রূপে খ্যাতিলাভ করেন। ১৮২৭ খ্রীষ্টাব্দে গভর্নরের পদ হইতে অবসর গ্রহণ করিয়া এল্‌ফিন্‌স্টোন স্বদেশে প্রত্যাবর্তন করেন। এল্‌ফিন্‌স্টোনকে দুইবার গভর্নর জেনারেলের পদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। কিন্তু তিনি ঐ পদ প্রত্যাখ্যান করিয়া একান্তভাবে ভারতের ইতিহাস সাধনাতেই আত্মনিয়োগ করেন। এল্‌ফিন্‌স্টোন দীর্ঘকাল লণ্ডনে রয়্যাল এশিয়াটিক সোসাইটির সহ-সভাপতির পদে আসীন ছিলেন।

 ১৮৪১ খ্রীষ্টাব্দে এল্‌ফিন্‌স্টোনের ‘হিস্টরি অফ ইণ্ডিয়া’ (ভারতের ইতিহাস) প্রথম প্রকাশিত হয়। মুসলমানপূর্ব যুগের ভারতবর্ষ সম্বন্ধে এইরূপ তথ্যপূর্ণ ইতিহাস ইতিপূর্বে আর রচিত হয় নাই। ভারতবর্ষের প্রাচীন সাহিত্যের মধ্য হইতে নির্ভরযোগ্য তথ্যগুলি আহরণ করিয়া এল্‌ফিন্‌স্টোন হিন্দুভারতের ইতিহাস সুবিন্যস্ত করেন। ১৮৮৯ খ্রীষ্টাব্দ পর্যন্ত এই পুস্তকটির সাতটি সংস্করণ প্রকাশিত হয়। তাঁহার অপর দুইখানি গ্রন্থ হইল: ‘অ্যান অ্যাকাউণ্ট অফ দি কিংডম অফ কাবুল অ্যাণ্ড ইট্‌স ডিপেন্‌ডেন্‌সিজ ইন্‌ পার্‌সিয়া, টারটারি অ্যাণ্ড ইণ্ডিয়া’ (১৮১৫ খ্রী); ‘দি রাইজ অফ ব্রিটিশ পাওয়ার ইন দি ঈস্ট’ (টি. ই. কোলব্রুকের সম্পাদনায় ১৮৮৭ খ্রীষ্টাব্দে প্রকাশিত)।

 ১৮৫৯ খ্রীষ্টাব্দের ২০ নভেম্বর এল্‌ফিন্‌স্টোনের মৃত্যু হয়।

গৌরাঙ্গগোপাল সেনগুপ্ত