বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/এস. ওয়াজেদ আলী

উইকিসংকলন থেকে

এস. ওয়াজেদ আলী (১৮৯০-১৯৫১ খ্রী)। ১৮৯০ খ্রীষ্টাব্দের ৪ সেপ্টেম্বর হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার বড়জাতপুর গ্রামে জন্ম। বার-অ্যাট-ল ও কেম্‌ব্রিজ বিশ্ববিদ্যালয়ের বি. এ. শেখ ওয়াজেদ আলী ছিলেন সমকালীন মুসলমান সাহিত্যিকদের মধ্যে সর্বোচ্চ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। তিনি বহুদিন কলিকাতায় তৃতীয় প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ছিলেন। কিছুদিনের জন্য কলিকাতায় বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি পদে অধিষ্ঠিত হন। গল্পকার ও প্রবন্ধলেখক রূপে তিনি বাংলা সাহিত্যে প্রতিষ্ঠালাভ করেন। ভ্রমণকাহিনী, উপন্যাস ও রম্যরচনাও লিখিয়াছেন। তাঁহার ‘মাশুকের দরবার’, ‘প্রেমের মুসাফির’, ‘দরবেশের দোয়া’, ‘ফেরেস্তাদের কলহ’, ‘ভারতবর্ষ’ এবং ‘নবীদর্শন’ প্রভৃতি গল্প সমকালীন সুধীমহলে বিশেষভাবে সমাদর লাভ করিয়াছিল। ‘ভবিষ্যতের বাঙালী’ নামক প্রবন্ধগ্রন্থটিতে হিন্দু ও মুসলমানের মিলনে তিনি এক জাতি গড়িয়া তোলার স্বপ্ন দেখিয়াছিলেন। তাঁহার সাহিত্যে মার্জিত রুচি ও পরিচ্ছন্ন রসবোধের পরিচয় রহিয়াছে। প্রকাশিত গ্রন্থের সংখ্যা কুড়ি।

দ্র মুহম্মদ এনামুল হক, মুসলিম বাঙ্গলা সাহিত্য, ঢাকা, ১৯৫৭; সুকুমার সেন, বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, ৪র্থ খণ্ড, কলিকাতা, ১৯৫৮; মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ঢাকা, ১৯৬৪।

মুহম্মদ আবদুল হাই