বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ঐতরেয় ব্রাহ্মণ

উইকিসংকলন থেকে
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ৭৬-৭৭)

ঐতরেয় ব্রাহ্মণ ঋগ্‌বেদের দুইটি ব্রাহ্মণ পাওয়া যায়। একটির নাম ঐতরেয় ব্রাহ্মণ। সম্প্রদায়পরম্পরায় এইরূপ এক কাহিনী প্রচলিত আছে যে, ভূমিদেবতার বরে ইতরার পুত্র ঐতরেয় মহিদাস এই ব্রাহ্মণখানি লাভ করেন। ঐতরেয় ব্রাহ্মণে আটটি পঞ্চিকা বা বিভাগ আছে এবং প্রত্যেক পঞ্চিকায় পাঁচটি করিয়া অধ্যায় আছে। সোমযজ্ঞ এই ব্রাহ্মণের প্রধান প্রতিপাদ্য। প্রথম ষোলটি অধ্যায়ে একাহব্যাপী ‘অগ্নিষ্টোম’ পরবর্তী দুই অধ্যায়ে ‘সংবৎসরসাধ্য’ গবাময়ন সত্র এবং ১৯শ হইতে ২৪শ অধ্যায়ে ‘দ্বাদশাহ’ যজ্ঞের বিবরণ আছে। ২৫শ হইতে ৩২শ অধ্যায়ে ‘অগ্নিহোত্র’ এবং শেষ আটটি অধ্যায়ে রাজ্যাভিষেক প্রণালী সবিস্তর বর্ণিত হইয়াছে।

দুর্গামোহন ভট্টাচার্য