ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ওজ়োন
অবয়ব
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ৮৬)
(পৃ. ৮৬)
ওজ়োন সংকেত O3, আণবিক ওজন ৪৮। অক্সিজেনের দুইটি পরমাণু মিলিত হইয়া অক্সিজেন অণু ও তিনটি পরমাণু মিলিত হইয়া ওজ়োনের অণু সৃষ্ট হয়। বাতাসের মধ্যে স্বাভাবিকভাবে বিদ্যুতের এবং সূর্যের অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় ওজ়োন উৎপন্ন হয়। কৃত্রিম উপায়ে ওজ়োন প্রস্তুত করাও বেশ সহজ। ইহা বর্ণহীন ও উৎকট গন্ধবিশিষ্ট। ইহার রাসায়নিক ক্রিয়া অত্যন্ত প্রবল। ফসফরাসের দাহকালে ওজ়োন সৃষ্ট হয়। প্রবল ক্রিয়াশীলতার গুণে বাতাসের কিছু কিছু অস্বাস্থ্যকর জৈব বস্তু নষ্ট করে। বায়ুমণ্ডলের অনেক উপরের স্তরে— যেখানে তাপমাত্রা জলীয়বাষ্প ও ধুলির পরিমাণ কম— সেখানে ওজ়োনের পরিমাণ বেশি। জলশোধনের জন্য কৃত্রিম উপায়ে প্রস্তুত ওজ়োনের ব্যবহার বিশেষ সুবিধা-জনক।
সর্বাণীসহায় গুহসরকার