ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ওঝা
অবয়ব
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ৮৬)
(পৃ. ৮৬)
ওঝা সর্পবিষ চিকিৎসক বা ভূতপ্রেতের উৎপাত ও ডাইনির নজর হইতে রক্ষা করিতে সমর্থ গুণী ব্যক্তি। ইহাদের মধ্যে কেহ কেহ গুণী বা রোজা নামেও পরিচিত। ভারতের গ্রামাঞ্চলে বা আদিবাসী অধ্যুষিত সমাজে ওঝাদের যথেষ্ট আদর আছে। ওঝারা কানে ও গায়ে ফুঁ দিয়া মন্ত্র উচ্চারণ করিয়া বিপন্ন ব্যক্তিকে নিরাময় করিতে পারে বলিয়া বিশ্বাস। এই বিদ্যায় পারদর্শী হইতে হইলে গুরুর অধীনে শিক্ষানবিশি করিতে হয়। মেদিনীপুরের লোধাদের মধ্যে আশ্বিন মাসের নলসংক্রান্তির দিন মনসা পূজায় ছাগল ও পায়রা বলি দিয়া শিক্ষা শুরু হয় এবং শিক্ষার্থীকে দীর্ঘদিন শাগরেদি করিতে হয়। ভারতবর্ষের বহু স্থানে ব্রাহ্মণদের উপাধি ওঝা দেখিতে পাওয়া যায়। ইহা সম্ভবতঃ ‘উপাধ্যায়’ শব্দের অপভ্রংশ।
প্রবোধকুমার ভৌমিক