বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ওম্যালি, লিয়ুইস সিড্‌নি স্টিউয়ার্ড

উইকিসংকলন থেকে

ওম্যালি, লিয়ুইস সিড্‌নি স্টিউয়ার্ড (১৮৭৪-১৯৪১ খ্রী) জেলা গেজেটিয়ারের সংকলক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ওম্যালি ১৮৯৮ খ্রীষ্টাব্দে ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলা প্রদেশের গেজেটিয়ার সংকলনের সম্পাদক (১৯০৫-৯ খ্রী), জনগণনার অধীক্ষক (১৯১০-১২ খ্রী), বিভাগীয় সচিব (১৯১৬-২১ খ্রী) ইত্যাদি দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত থাকিয়া ওম্যালি ১৯২৪ খ্রীষ্টাব্দে অবসর গ্রহণ করেন।

 গেজেটিয়ার সংকলন তাঁহার শ্রেষ্ঠ কীর্তি। তিনি ১৯০৬-২৫ খ্রীষ্টাব্দের মধ্যে সাহাবাদ, কটক, হুগলি, যশোহর, চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পাবনা, ফরিদপুর প্রভৃতি ৩৩টি জেলার গেজেটিয়ার সম্পাদন ও সংকলন করেন।

 ভারতীয় সমাজ সম্পর্কে গভীরতম বোধের অভাব, ইতিহাস বর্ণনায় কিংবদন্তির উপর অতিরিক্ত গুরুত্ব প্রদান প্রভৃতি হয়ত তাঁহার রচনার ত্রুটি, কিন্তু ইহা সত্ত্বেও জেলাগুলির সর্বাঙ্গীণ পরিচিতি সংবলিত বৃত্তান্ত হিসাবে ওম্যালির গেজেটিয়ার আজিও বহু ক্ষেত্রে একমাত্র নির্ভরযোগ্য গ্রন্থ। বস্তুতঃ গেজেটিয়ার প্রণয়নের ব্যাপারে তাঁহার অবলম্বিত রীতি এখনও আদর্শ হিসাবে অনুসৃত হইতেছে। বাংলা প্রদেশের জনগণনার (১৯১১ খ্রী) বিবরণ রচনা তাঁহার আর একটি স্মরণীয় কাজ। ওম্যালি প্রণীত অন্যান্য গ্রন্থের মধ্যে ‘ইণ্ডিয়ান সিভিল সার্ভিস ১৬০১-১৯৩০’ (১৯৩১ খ্রী), ‘ইণ্ডিয়ান কাস্ট কাস্টম্‌স’ (১৯৩২ খ্রী), ‘ইণ্ডিয়ান সোশ্যাল হেরিটেজ’ (১৯৩৪ খ্রী), ‘পপুলার হিন্দুইজ্‌ম’ (১৯৩৫ খ্রী) উল্লেখযোগ্য (‘গেজেটিয়ার’ দ্র)।

অমলেন্দু মুখোপাধ্যায়