বিষয়বস্তুতে চলুন

ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ওয়াইল্‌ড, অস্কার

উইকিসংকলন থেকে
একাধিক লেখক সম্পাদিত
(পৃ. ১০১-১০২)

ওয়াইল্‌ড, অস্কার (১৮৫৪-১৯০০ খ্রী) আইরিশ সাহিত্যিক। সম্পূর্ণ নাম অস্কার ফিঙ্গল্ ও ফ্ল্যাহার্টি উইল্‌স ওয়াইল্‌ড। উনিশ শতকের শেষ ভাগে কলাকৈবল্য (আর্ট ফর আর্টস সেক) -বাদের একজন প্রধান প্রবক্তা। অক্সফোর্ডে ছাত্রাবস্থায় ওয়াল্‌টার পেটারের (১৮৩৯-৯৪ খ্রী) দ্বারা প্রভাবিত হন। ওয়াইল্‌ডের ভঙ্গিপ্রবণতা ও প্রগল্‌ভতার ফলে তাঁহার মতামতগুলি কিঞ্চিৎ লঘু শোনায়, তথাপি তাঁহার প্রতিভার বহুমুখিতা অনস্বীকার্য। একদিকে তিনি উপন্যাস, কাব্য, রূপকথা এবং ইংরেজী ও ফরাসীতে নাটক-প্রহসন রচনা করিয়াছেন, অন্যদিকে তেমনই আলাপচারিতেও তিনি ছিলেন অসামান্য।

 ১৮৯৫ খ্রীষ্টাব্দে সমকামিতার অভিযোগে তিনি দুই বৎসরের জন্য কারারুদ্ধ হন এবং সেখানে ‘দি ব্যালাড অফ রীডিং জেল’ (১৮৯৮ খ্রী) নামক কাব্য এবং ‘দে প্রোফুন্দিস’ (১৯০৫ খ্রী) নামক আত্মচিন্তাবলী রচনা করেন। কারামুক্ত হইবার পর শেষ জীবন তিনি ফ্রান্সে অতিবাহিত করেন। পারী-তে তাঁহার ছদ্মনাম ছিল ‘সেবাস্টিয়ান মেলমথ’।

 রচিত কয়েকটি গ্রন্থ: ‘দি হ্যাপি প্রিন্স অ্যাণ্ড আদার টেল্‌স’ (১৮৮৮ খ্রী), ‘ইন্‌টেনশন্‌স’ (১৮৯১ খ্রী), ‘দি পিকচার অফ ডোরিয়ান গ্রে’ (১৮৯১ খ্রী), ‘লেডি উইণ্ডর্‌মিয়র্স ফ্যান’ (১৮৯৩ খ্রী), ‘এ উওম্যান অফ নো ইম্পর্ট্যান্স’ (১৮৯৪ খ্রী), ‘সালোমে’ (ফরাসী ভাষায় রচিত; ১৮৯৩ খ্রী), ‘অ্যান আইডিয়াল হাজব্যাণ্ড’ (১৮৯৯ খ্রী), ‘দি ইম্‌পর্ট্যান্স অফ বীইং আর্নেস্ট’ (১৮৯৯ খ্রী)।

দ্র বুদ্ধদেব বসু অনূদিত, হাউই, কলিকাতা, ১৯৪৬; F. Harris, Oscar Wilde, His Life and Confessions, vols 1-II, New York, 1918; E. Bendz, Oscar Wilde: A Retrospect, Vienna, 1921.

দেবব্রত মুখোপাধ্যায়