ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ওয়ার্ড, উইলিয়াম
(পৃ. ১০৪-১০৫)
ওয়ার্ড, উইলিয়াম (১৭৬৯-১৮২৩ খ্রী) ১৭৬৯ খ্রীষ্টাব্দের ২০ অক্টোবর ইংল্যাণ্ডের ডার্বি শহরে জন্ম। বিদ্যালয়ের শিক্ষাশেষে মুদ্রণশিল্প শিক্ষা করেন। ইংল্যাণ্ডেই উইলিয়াম কেরির সহিত তাঁহার পরিচয় হয়। ভারতে খ্রীষ্টধর্ম প্রচারের জন্য একজন মুদ্রণ-অভিজ্ঞ প্রচারকের প্রয়োজন আছে জানিয়া তিনি জোশুয়া মার্শম্যানের সহিত ভারতের উদ্দেশে যাত্রা করেন (মে ১৭৯৯ খ্রী) এবং শ্রীরামপুরে আসিয়া কেরির সহিত মিলিত হন। অতঃপর কেরি, মার্শম্যান ও ওয়ার্ড এই তিনজনের চেষ্টায় শ্রীরামপুরে খ্রীষ্টীয় মিশন স্থাপিত হয়। এখানে ওয়ার্ডের বিশেষ কাজ ছিল মিশন প্রেস চালানো। উইলিয়াম কেরি-রচিত বাইবেলের নিউ টেস্টামেণ্টের ৮০০ পৃষ্ঠাব্যাপী বাংলা অনুবাদ ১৮০১ খ্রীষ্টাব্দে ওয়ার্ডের অধ্যক্ষতায় শ্রীরামপুর মিশন প্রেস হইতে মুদ্রিত হয়। এই প্রেস হইতে প্রায় কুড়িটি ভাষায় বাইবেলের অনুবাদ ও অন্যান্য খ্রীষ্টীয় গ্রন্থ মুদ্রিত ও প্রচারিত হয়। শ্রীরামপুরে একটি কাগজ প্রস্তুত করিবার কারখানা স্থাপন ও পরিচালনা তাঁহার আর একটি উল্লেখযোগ্য কাজ। শ্রীরামপুর কলেজের জন্য তিনি ইওরোপের বিভিন্ন অঞ্চলে ঘুরিয়া কিছু টাকা (৩০০০ পাউণ্ড) সংগ্রহ করিয়াছিলেন। সুবক্তা ও সুলেখক ওয়ার্ডের রচনাবলীর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য: ‘ভিউ অফ দি হিস্ট্রি, লিটারেচার অ্যাণ্ড মিথলজি অফ দি হিন্দুজ: ইন্ক্লুডিং এ মাইনিউট ডেসক্রিপ্শন অফ দেয়ার ম্যানার্স অ্যাণ্ড কাস্টম্স’ (৪ খণ্ড, ১৮১১ খ্রী); ‘মেমোয়্যার অফ কৃষ্ণ পাল, দি ফার্স্ট হিন্দু কনভার্ট অফ বেঙ্গল’ (১৮২৩ খ্রী)।
১৮০২ খ্রীষ্টাব্দে পাদরি ওয়ার্ড শ্রীরামপুরের একজন মিশনারির বিধবা পত্নীকে বিবাহ করেন। মৃত্যু ১৮২৩ খ্রীষ্টাব্দের ৭ মার্চ।
দ্র সজনীকান্ত দাস, বাংলা গদ্যসাহিত্যের ইতিহাস, কলিকাতা, ১৩৬৯ বঙ্গাব্দ; Samuel Stennett, Memoirs of the Life of William Ward, London, 1825; W. H. Carey, Oriental Christian Biography, vols. I-III, Calcutta, 1850-52; J. C. Marshman, The Life and Times of Carey, Marshman and Ward, embracing the History of Serampore Mission, vols. I-II, London, 1859; S. K. De, Bengali Literature in the Nineteenth Century, Calcutta, 1962.