ভারতকোষ (দ্বিতীয় খণ্ড)/ওয়াশিংটন, জর্জ
(পৃ. ১০৭-১০৮)
ওয়াশিংটন, জর্জ (১৭৩২-৯৯ খ্রী) ১৭৩২ খ্রীষ্টাব্দের ২২ ফেব্রুয়ারি আমেরিকার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে ‘পোপ ক্রীক’ নামক স্থানে জন্ম। ওয়াশিংটন পরিবারের বাস ছিল অনুন্নত এলাকায়; তাই জর্জ উচ্চশিক্ষা লাভে বঞ্চিত হন। কিন্তু বাল্যকালে তিনি সত্যনিষ্ঠ, সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। যৌবনে জর্জ ওয়াশিংটন ফরাসী ও রেড ইণ্ডিয়ানদের বিরুদ্ধে সৈন্য পরিচালনা করিয়া যথেষ্ট সুনাম অর্জন করেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদ-বিরোধী গণ-আন্দোলনেও তিনি ভার্জিনিয়া রাজ্যে প্রধান ভূমিকা গ্রহণ করিয়াছিলেন। ১৭৭৪-৫ খ্রীষ্টাব্দে তিনি ‘মহাদেশীয় সম্মিলনে’ (কণ্টিনেণ্টাল কংগ্রেস) প্রতিনিধি হিসাবে যোগদান করেন। আমেরিকার স্বাধীনতা সংগ্রাম আরম্ভ হইলে ১৭৭৫ খ্রীষ্টাব্দে তিনি মহাদেশীয় সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন। এই সময়ে সৈন্যবাহিনী ক্ষুদ্র এবং বিশৃঙ্খল ছিল। ওয়াশিংটনের বলিষ্ঠ নেতৃত্বে ইহা দ্রুত সংহত হইয়া ওঠে এবং যুদ্ধে জয়লাভে সমর্থ হয়। প্রধান সেনাপতি রূপে ওয়াশিংটন নিরলস পরিশ্রম, কঠোর কৃচ্ছ্রসাধন এবং সর্বোপরি সাধারণ সৈন্যদের সহিত নিবিড় ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করিয়া সৈন্যবাহিনী তথা সমগ্র জনসাধারণের শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করেন। ১৭৮১ খ্রীষ্টাব্দের ২১ অক্টোবর ব্রিটিশ সেনাপতি কর্নওয়ালিশ ওয়াশিংটনের নিকট আত্মসমর্পণ করিলে আমেরিকার স্বাধীনতা সংগ্রামের এবং ব্যক্তিগতভাবে জর্জ ওয়াশিংটনের চরম বিজয় সূচিত হয়। যুদ্ধশেষে ওয়াশিংটনই হইলেন আমেরিকার অবিসংবাদিত নেতা। ১৭৮৯ খ্রীষ্টাব্দে তিনি সর্বসম্মতিক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং চারি বৎসর পর দ্বিতীয়বার সর্বসম্মতিক্রমে এই পদে পুনর্নির্বাচিত হন। ১৭৯৭ খ্রীষ্টাব্দে তৃতীয়বার নির্বাচনের প্রশ্ন উঠিলে শ্রান্ত, ক্লান্ত ওয়াশিংটন প্রার্থী হইতে অস্বীকার করেন। ১৭৯৯ খ্রীষ্টাব্দের ১৪ ডিসেম্বর তাহার মৃত্যু হয় এবং পৈতৃক বাসভূমিতেই তাহাকে সমাধিস্থ করা হয়।
ইতিহাসে জর্জ ওয়াশিংটন আমেরিকার জনক নামে প্রসিদ্ধ। আমেরিকার যুক্তরাষ্ট্রের রাজধানী, একটি অঙ্গরাজ্য, বহুসংখ্যক কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং শত শত শহর, গ্রাম প্রভৃতি আজও তাঁহার নাম বহন করিয়া চলিয়াছে। তাঁহার রচনাবলী ৩৯ খণ্ডে প্রকাশিত হইয়াছে। ভারতের স্বাধীনতা আন্দোলনে জর্জ ওয়াশিংটনের নাম বিশেষ প্রেরণা জোগাইয়াছে।
দ্র H. C. Lodge, Goerge Washington, vols. I-II, Boston, 1899; G. M, Wrong, Washington and His Comrades in Arms, Chronicles of America series, vol. XII, New Haven, 1921; Max Farrand, The Fathers of the Constitution, Chronicles of America series, vol. XIII, New Haven, 1921.